• সমগ্র বাংলা

অসহায় ছাত্রীর পাশে ইউএনওর মহানুভবতা: বিনা খরচে হলো অপারেশন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

মাদারীপুর প্রতিনিধি : অমানিশার অন্ধকার ঘিরে ধরেছিল পরিবারটির চোখে। মেয়ের তীব্র যন্ত্রণা, দারিদ্র্যের নির্মম বাস্তবতা আর দ্বারে দ্বারে ঘুরে ব্যর্থ হওয়ার হতাশা-সব মিলিয়ে যেন থমকে গিয়েছিল সবকিছু। ঠিক সেই সন্ধিক্ষণে মানবিকতার হাত বাড়িয়ে দিলেন শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম ইবনে মিজান। তার আন্তরিক উদ্যোগ ও স্থানীয় ক্লিনিক কর্তৃপক্ষের সহযোগিতায় বিনা খরচে গলার টনসিলের সফল অস্ত্রোপচার পেয়েছে ১৫ বছর বয়সী অসহায় ছাত্রী জান্নাতুল আক্তার।

জান্নাতুল আক্তার মাদারীপুরের শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়নের চরকাচিকাটা গ্রামের বাসিন্দা। সে স্থানীয় আল-বাইতুল মামুর ফাজিল (সিনিয়র) মাদ্রাসার অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

শুক্রবার ভোরে পাঁচ্চর রয়েল হাসপাতালে তার গলার টনসিলের অস্ত্রোপচার করা হয়। পরে ইউএনও হাসপাতালে গিয়ে শিক্ষার্থীকে দেখে আসেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, আট বছর বয়সে জান্নাতুলের গলায় টনসিলের সমস্যা ধরা পড়ে। শুরুতে তা সহনীয় পর্যায়ে থাকলেও গত পাঁচ-ছয় মাসে যন্ত্রণা অসহনীয় ও তীব্র হয়ে ওঠে, যা কিশোরী জান্নাতুলকে দিশেহারা করে তোলে। মেয়ের কষ্ট সহ্য করতে না পেরে অসহায় বাবা-মা ধারদেনা করে চিকিৎসকের শরণাপন্ন হন। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা দ্রুত অস্ত্রোপচারের পরামর্শ দেন।

কিন্তু ঢাকার একটি রডের দোকানে শ্রমিকের কাজ করা জান্নাতুলের বাবার পক্ষে এ ব্যয় বহন করা ছিল একরকম দুঃস্বপ্নের মতো। পাঁচ সদস্যের সংসারের ভরণপোষণ জোগাতেই যেখানে হিমশিম খেতে হয়, সেখানে অস্ত্রোপচারের বাড়তি খরচ কীভাবে মেটাবেন—তা ভেবে দিশেহারা হয়ে পড়েন তিনি। একপর্যায়ে চিকিৎসার সহায়তা চেয়ে মানুষের দ্বারে দ্বারে ঘুরতে থাকেন জান্নাতুলের মা। কিন্তু কোথাও কোনো আশানুরূপ সাড়া না পেয়ে ভেঙে পড়েন তিনি।

ঠিক তখনই পরিবারের কানে আসে, অসহায় মানুষের বিপদে পাশে দাঁড়াতে শিবচর ইউএনও কখনো পিছপা হন না। সেই ভরসায় ইউএনও এইচ এম ইবনে মিজানের শরণাপন্ন হন জান্নাতুলের মা। অভিযোগ বা অনুরোধ নয়, একজন অসহায় মায়ের আর্তি অত্যন্ত ধৈর্য ও আন্তরিকতার সঙ্গে শোনেন ইউএনও। মুহূর্তেই যেন অসহায় পরিবারটির পাশে দাঁড়ানোর তাগিদে ভেতরে ভেতরে অস্থির হয়ে ওঠেন তিনি।

বিলম্ব না করে বিষয়টি নিয়ে কথা বলেন শিবচর ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিক সমিতির সভাপতির সঙ্গে। ইউএনওর অনুরোধে সাড়া দিয়ে বিনা মূল্যে অস্ত্রোপচার ও প্রয়োজনীয় চিকিৎসা দিতে সম্মতি জানান তিনি। এরপর পুনরায় প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে গত শুক্রবার স্থানীয় একটি ক্লিনিকে জান্নাতুলের টনসিলের সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়। অস্ত্রোপচারের পর ইউএনও নিজে ক্লিনিকে গিয়ে জান্নাতুলের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন।

আশার আলো ফিরে পাওয়ায় আবেগাপ্লুত জান্নাতুলের পরিবার। কৃতজ্ঞতা প্রকাশ করে পরিবারের সদস্যরা বলেন, মেয়ের কষ্ট দেখে আমরা দিশেহারা হয়ে পড়েছিলাম। দ্বারে দ্বারে ঘুরেও যখন কোনো পথ পাচ্ছিলাম না, তখন ইউএনও স্যার আমাদের পাশে দাঁড়ান। আলহামদুলিল্লাহ, এখন আমার মেয়ে সুস্থ আছে। ইউএনও স্যারসহ যারা সহযোগিতা করেছেন, তাদের এই উপকার কোনো দিন ভুলব না। আল্লাহ তাদের সবাইকে ভালো রাখুন

শিবচর বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিক সমিতির সভাপতি আবুল খায়ের খান বলেন, অসহায় মেয়েটির চিকিৎসার বিষয়টি ইউএনও মহোদয় আমাদের জানালে আমরা সহযোগিতায় এগিয়ে আসি। সমিতির পক্ষ থেকে বিনা মূল্যে অস্ত্রোপচার ও প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। অসহায় মানুষের পাশে দাঁড়াতে আমরা ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত রাখতে চাই।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচএম ইবনে মিজান কালের কণ্ঠকে বলেন, মেয়েটির অসহায়ত্বের কথা জানার পর চিকিৎসার ব্যবস্থা করতে উদ্যোগ নিই। ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিক সমিতি সহযোগিতায় এগিয়ে এসেছে। এ জন্য তাদেরকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। সমাজে এ রকম অনেক অসহায় রোগী রয়েছেন, যাদের অর্থের অভাবে চিকিৎসা করানো সম্ভব হয় না। এ ধরনের রোগীদের পাশে দাঁড়াতে ক্লিনিক মালিকদের প্রতি দাবি ও আহ্বান জানাই।

 

মন্তব্য (০)





image

‘তোমাকে বধিবে যে, গোকুলে বাড়িছে সে’—ফরিদপুর বিএনপি নেতার...

১

ফরিদপুর প্রতিনিধি : গত জাতীয় সংসদ নির্বাচনে বিজয় নিশ্চিত ক...

image

প্রধানমন্ত্রীর জন্মদিনে বগুড়ায় যুবদলের খাবার বিতরণ

২

বগুড়া প্রতিনিধি : প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্ম...

image

টাঙ্গাইলসহ চার জেলায় ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী...

৩

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইল জে...

image

সাতকানিয়ায় বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প ও শীতবস্ত্র বিতরণ

৪

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের সাতকানিয়ায় দিনব্যাপী বিনাম...

image

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে ইউএনজিএ সভাপতি ড খলিলুর রহ...

৫

কক্সবাজার প্রতিনিধি : আন্তজার্তিক বিচার আদালতে (আইজিএ) রোহিঙ...

  • company_logo