ছবিঃ সিএনআই
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলার মথুরাপুর পূর্বপাড়া বাজারসংলগ্ন এলাকায় সাবেক ইউপি সদস্য আব্দুল আওয়াল এর বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) রাত আনুমানিক ৩টার দিকে দুর্বৃত্তরা বাড়ির একটি ঘরে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ উঠেছে।
এ সময় ঘরের পাশের কক্ষে ঘুমিয়ে ছিলেন আব্দুল আওয়ালের প্রথম স্ত্রী রেহেনা খাতুন, মেয়ে পাপিয়া সুলতানা আঁখি ও তাঁর ছোট মেয়ে। আগুন ও ধোঁয়া ছড়িয়ে পড়লে তাঁরা দ্রুত ঘর থেকে বেরিয়ে আসায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পান।
স্থানীয় সূত্রে জানা যায়, জমিজমা নিয়ে বিরোধ ও পূর্বশত্রুতার জেরে এর আগেও ওই বাড়ির বিভিন্ন ঘরে চারবার আগুন লাগানোর ঘটনা ঘটেছে। এবার নিয়ে একই বাড়িতে পাঁচবার অগ্নিসংযোগের ঘটনা ঘটল বলে দাবি এলাকাবাসীর। তবে সর্বশেষ আগুন লাগানোর ঘটনায় কারা জড়িত, তা নিশ্চিত হওয়া যায়নি।
পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, আব্দুল আওয়াল প্রায় ৩০ বছর আগে দ্বিতীয় বিয়ে করে মথুরাপুর স্কুলপাড়া এলাকায় বসবাস শুরু করেন। এরপর থেকে প্রথম স্ত্রী রেহেনা খাতুন এক ছেলে ও এক মেয়েকে নিয়ে কষ্টে দিন কাটাচ্ছেন বলে অভিযোগ রয়েছে।
ঘটনার রাতে আগুন ও ধোঁয়া দেখতে পেয়ে ঘুম থেকে জেগে ওঠেন রেহেনা খাতুন ও তাঁর মেয়ে। পরে তাঁরা ঘর থেকে বেরিয়ে চিৎকার শুরু করলে প্রতিবেশীরা ছুটে এসে আগুন নেভাতে সহায়তা করেন। খবর পেয়ে প্রায় আধা ঘণ্টা পর চাটমোহর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। তবে এর আগেই স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
এ বিষয়ে সাবেক ইউপি সদস্য মুক্তার হোসেন বলেন, “এর আগেও কয়েকবার এই বাড়িতে আগুন দেওয়া হয়েছে। জমিজমা নিয়ে একাধিকবার সালিশ হলেও কোনো সমাধান হয়নি। পূর্বশত্রুতার জের ধরেই এমন ঘটনা ঘটছে বলে মনে হচ্ছে।”
মথুরাপুর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন বলেন, “যাঁরা ঘরের ভেতরে ঘুমিয়ে ছিলেন, তাঁদের প্রাণহানিও ঘটতে পারত। বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টি আকর্ষণ করছি।”
একই বাড়িতে বারবার অগ্নিসংযোগের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের শনাক্ত এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
এ বিষয়ে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমান বলেন, “বর্তমানে পূজা নিয়ে অনেক ব্যস্ত আছি। থানায় কোনো অভিযোগ দেওয়া হয়ে থাকলে তদন্ত সাপেক্ষে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
নড়াইল প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলার ৪ নং নোয়াগ্রাম ইউন...
বগুড়া প্রতিনিধি : বগুড়ায় বুড়িমারী এক্সপ্রেস ট্রেনে কাটা...
মানিকগঞ্জ প্রতিনিধি : খাদ্যমন্ত্রী আফরোজা খানম এমপি আজ...
নড়াইল প্রতিনিধি : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নড়াইলের নড়াগাতী...
সাতকানিয়া ( চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সাত...

মন্তব্য (০)