• লিড নিউজ
  • সমগ্র বাংলা

বিএনপিকে ফ্যাসিবাদী বলার জ্ঞান নেই: রংপুরে মির্জা ফখরুল

  • Lead News
  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

রংপুর ব্যুরো : বিএনপিকে ফ্যাসিবাদের দল বলে যারা মন্তব্য করেন, তাদের জ্ঞানের অভাব রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি জামায়াতে ইসলামীর আমিরকে বিএনপির গঠনতন্ত্র পড়ে দেখার আহ্বান জানিয়ে প্রশ্ন তোলেন, জামায়াত নিজেই কতটা গণতান্ত্রিক দল।

সোমবার (২৭ জুলাই) সকালে রংপুর নগরীর টার্মিনাল রোডে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর রংপুর বিভাগীয় কার্যালয়ের উদ্বোধন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন,“যারা বিএনপিকে ফ্যাসিবাদের দল বলে, তারা বিএনপির ইতিহাস ও গঠনতন্ত্র সম্পর্কে জানেন না। বিএনপি গণতন্ত্র, বহুদলীয় রাজনীতি এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য দীর্ঘদিন ধরে সংগ্রাম করেছে। তাই এ ধরনের মন্তব্য বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।”

জামায়াতের আমিরের সাম্প্রতিক বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “আমি তাকে বলব, আগে বিএনপির গঠনতন্ত্র ভালোভাবে পড়ে দেখুন।এরপর মন্তব্য করুন। একই সঙ্গে নিজেদের দল কতটা গণতান্ত্রিক, সেটিও জনগণের সামনে স্পষ্ট করা প্রয়োজন।”

রাষ্ট্রপতি পদে দলের অবস্থান সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, “রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে দলের স্থায়ী কমিটি যে সিদ্ধান্ত নেবে,সেটিই হবে চূড়ান্ত সিদ্ধান্ত।দলীয় নীতিনির্ধারণী ফোরামের সিদ্ধান্তের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই।”

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে তিনি বলেন, “স্থানীয় সরকার নির্বাচন কবে হবে, প্রার্থীদের যোগ্যতা কী হবে কিংবা নির্বাচনী বিধিমালা কীভাবে কার্যকর হবে—এসব বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সাংবিধানিক দায়িত্ব নির্বাচন কমিশনের। সরকার এ বিষয়ে কমিশনকে প্রয়োজনীয় সহযোগিতা করবে।”

তিনি আরও জানান,চলতি বছরের শেষ দিকে অথবা আগামী বছরের শুরুতেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

কৃষি খাত নিয়ে সরকারের পরিকল্পনা তুলে ধরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী বলেন, “আমরা কৃষিকে আরও উৎপাদনমুখী ও লাভজনক খাতে পরিণত করতে চাই। সুদমুক্ত ঋণ, সহজ বিনিয়োগ এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে একটি শক্তিশালী বাণিজ্যিক কৃষি অর্থনীতি গড়ে তোলার পরিকল্পনা সরকারের রয়েছে। এতে কৃষকের আয় বাড়বে এবং গ্রামীণ অর্থনীতি আরও শক্তিশালী হবে।”

এর আগে সকালে তিনি বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর রংপুর বিভাগীয় কার্যালয়ের উদ্বোধনী ফলক উন্মোচন করেন।পরে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে পল্লী মেলা-২০২৬-এর উদ্বোধন করেন এবং বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

এ ছাড়া বিআরডিবির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সুফলভোগীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ এবং শিল্পকলা একাডেমির হলরুমে ক্ষুদ্র ঋণ কর্মসূচির আওতায় উপকারভোগীদের হাতে ঋণের চেক তুলে দেন। অনুষ্ঠানে তিনি গ্রামীণ উন্নয়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং সমবায়ভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণে সরকারের পরিকল্পনা তুলে ধরে বক্তব্য রাখেন।

তিনি বলেন, “গ্রাম হবে উৎপাদনের কেন্দ্র। সমবায়ের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, ক্ষুদ্র উদ্যোক্তা গড়ে তোলা এবং কৃষিকে শিল্পের সঙ্গে সংযুক্ত করার দিকেই সরকার গুরুত্ব দিচ্ছে।বিআরডিবির কার্যক্রমকে আরও আধুনিক ও ফলপ্রসূ করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক ও রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান শামসুজ্জামান সামু, মহানগর বিএনপির সদস্য সচিব ও রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী ডন, জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলামসহ মহানগর ও জেলা বিএনপির নেতৃবৃন্দ।

এ ছাড়া রংপুর বিভাগীয় কমিশনার,রংপুর রেঞ্জের ডিআইজি,রংপুর জেলা পরিষদের প্রতিনিধিসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মির্জা ফখরুল পুনর্ব্যক্ত করেন,“গণতন্ত্রকে শক্তিশালী করতে সব রাজনৈতিক দলকে দায়িত্বশীল আচরণ করতে হবে।মতভিন্নতা থাকতে পারে, তবে রাজনৈতিক শিষ্টাচার ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি সবার শ্রদ্ধাশীল থাকা প্রয়োজন।”

 

মন্তব্য (০)





image

শ্রীপুরে পূবালী ব্যাংকের উদ্যোগে ক্যাশলেস বাংলাদেশ কার্যক...

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে  ক্যাশলেস বাংলাদেশ কার্...

image

ফরিদপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা: স্বামীর আমৃত্যু কারাদণ...

ফরিদপুর প্রতিনিধি : যৌতুকের টাকা না পেয়ে স্ত্রী রমা বিশ্বাসকে (২৫) শ্বাসরোধে ...

image

স্থানীয় ভাইরাস ব্যবহার করে হাঁসের প্লেগের টিকা উদ্ভাবন বা...

বাকৃবি প্রতিনিধি : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) এক...

image

গরুর হাটে যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা: নড়াইলে স্বজনদের...

নড়াইল প্রতিনিধি : নড়াইলে সড়ক দুর্ঘটনায় মনির কাজী (৪৫) নামে ...

image

কালীগঞ্জ মডেল মসজিদে দুই দফা চুরি: নিরাপত্তা নিয়ে প্রশ্ন

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জ উপজেলা মডেল মসজিদ ও ই...

  • company_logo