বগুড়া প্রতিনিধি : বগুড়ায় প্রতিবন্ধী নারীদের আইনী অধিকার বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ডাব্লিউডিডিএফ এর আয়োজনে মঙ্গলবার সকাল থেকে দিনব্যাপী শহরের পর্যটন মোটেলের অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই সম্মেলনে অংশ নেন জেলা পর্যায়ে সরকারের দায়িত্বশীল দপ্তর প্রধানগণ, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও প্রতিবন্ধী জনগোষ্ঠীদের প্রতিনিধিরা।
প্রতিবন্ধী জনগোষ্ঠীদের নিয়ে কাজ করা জাতীয় পর্যায়ের সংগঠন ডাব্লিউডিডিএফ এর নির্বাহী পরিচালক আশরাফুন নাহার মিষ্টির সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা প্রশাসকের প্রতিনিধি সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আজাদ হোসেন।
ডাব্লিউডিডিএফ এর মনিটরিং এন্ড এভ্যুলেশন অফিসার আব্দুল্লাহ আল ফয়সালের সঞ্চালনায় সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. এসএম নূর ই সাদীদ, জেলা শিক্ষা অফিসার মো: রমজান আলী আকন্দ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রেজোয়ান হোসেন, মহিলা বিষয়ক অধিদপ্তর বগুড়ার উপ-পরিচালক তানজিমা আখতার, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারি পরিচালক মো: আতাউর রহমান, জেলা তথ্য অফিসের সহকারি পরিচালক মো: সোহেল মিয়া, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র’র সমাজ সেবা অফিসার মরজিনা আখতার, কৈগাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবু সুফিয়ান প্রমুখ।
বক্তারা বলেন, রাষ্ট্র প্রতিবন্ধী জনগোষ্ঠীর জন্য আইন প্রণয়নের মাধ্যমে অধিকার নিশ্চিতের কথা বললেও তৃণমূলে অনেকক্ষেত্রে তা আজও বাস্তবায়িত হয়নি। সরকারি দপ্তরগুলোতে র্যাম্প স্থাপন, প্রতিবন্ধী জনগোষ্ঠীবান্ধব যানবাহন সুবিধা নিশ্চিত করা, তাদের অধিকার বিষয়ে সচেতন করাসহ সমাজের দৃষ্টিভঙ্গি পরিবর্তন আনয়নে আজও ইতিবাচক সুফল আসেনি। যা সকল মহলের আন্তরিক প্রচেষ্টায় নিশ্চিত করতে হবে। তারা বলেন, দীর্ঘ ১৩ বছর আগে প্রতিবন্ধী ব্যক্তিদের সুবর্ণ নাগরিকের মর্যাদা প্রদান করে আইন পাশ হলেও তা কার্যকর হয়নি। সরকার সুবর্ণ নাগরিকদের সমাজের মূল ধারায় যুক্ত করতে যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। আগে তাদেরকে সমাজের বোঝা মনে করা হলেও অনেক ক্ষেত্রে তারা তাদের মেধার স্বাক্ষর রেখে চলেছেন।
এসব সুবিধাবঞ্চিত নাগরিকদের উন্নয়নে উইমেন উইথ ডিজএ্যাবিলিটিজ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (ডাব্লিউডিডিএফ) নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বেসরকারি এ উন্নয়ন সংস্থাটি ঢাকা, বগুড়া ও কুমিল্লা এই তিনটি জেলা নিয়ে কাজ করছে । এরমধ্যে বগুড়ার ৩টি উপজেলার ১০টি ইউনিয়নের ১২শ’ প্রতিবন্ধী নারীর উন্নয়নে কাজ করছে। ইতিমধ্যে তারা ৩৮০ জন প্রতিবন্ধী নারীকে কর্মসংস্থানের সাথে যুক্ত করেছেন। এসব প্রতিবন্ধী নারীরা বর্তমানে উদ্যোক্তা হয়ে তাদের সংসারের হাল ধরেছেন। এছাড়াও ৩শ’ প্রতিবন্ধী শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি প্রদান করে চলেছে সংস্থাটি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ডাব্লিউডিডিএফ’র প্রজেক্ট কো অর্ডিনেটর শিখা খাতুন এবং পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেন সংস্থার প্রজেক্ট কো-অর্ডিনেটর শারমিন আক্তার দোলন।
সভা শেষে বগুড়া সদর, কাহালু ও সোনাতলা উপজেলার ১৪ জন প্রতিবন্ধী নারীকে স্বাবলম্বী করার লক্ষ্যে ২ লক্ষ ৯০ হাজার টাকার ভাউচার প্রদান করা হয়। যা দিয়ে তারা তাদের দক্ষতা অনুযায়ী কেউ মুদি দোকান, কেউ কাপড়ের ব্যবসা আবার কেউবা ঝালমুড়ি বিক্রির মত ক্ষুদ্র ব্যবসায়ী হিসেবে নিজেদের গড়ে তুলবেন।
মন্তব্য (০)