• সমগ্র বাংলা

ময়মনসিংহ জেলা প্রশাসনের উদ্যোগে জুলাই শহিদ দিবস-২০২৬ পালিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ময়মনসিংহ প্রতিনিধি : যথাযোগ্য মর্যাদায় ময়মনসিংহে জুলাই শহিদ দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (১৬ জুলাই) ময়মনসিংহ জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে সকালে নগরীর ঢাকা বাইপাস মোড়ে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জুলাই শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার এস. এম. হুমায়ুন কবির সরকার। বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এনরান সালেহ প্রিন্স। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. সাইফুর রহমান।

অনুষ্ঠানের শুরুতে জুলাই আন্দোলনের শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেন, জুলাই কোনো ব্যক্তি, দল বা গোষ্ঠীর একক সম্পদ নয়; এটি সমগ্র দেশের মানুষের আন্দোলনের ফসল। বৈষম্য দূর করতে হলে ব্যক্তিগত জীবনে ন্যায়পরায়ণতা, সততা ও দায়িত্ববোধের চর্চা করতে হবে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, গণতান্ত্রিক অধিকার আদায়ে আন্দোলন হতে হবে শান্তিপূর্ণ ও যৌক্তিক। অন্যের অধিকার ক্ষুণ্ন না করে দেশপ্রেম, নৈতিকতা ও দায়িত্ববোধে উদ্বুদ্ধ হয়ে দেশের উন্নয়নে নিজেদের প্রস্তুত করতে হবে।

তিনি আরও বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে জনগণের সহযোগিতা, গঠনমূলক সমালোচনা ও ইতিবাচক পরামর্শ গুরুত্বপূর্ণ। অন্যায়, বৈষম্য, দুর্নীতি ও সুবিধাবাদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলে ন্যায়, সমতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে ভূমিকা রাখতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে জেলা পরিষদ প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, জুলাই কেবল বিজয়ের ইতিহাস নয়; এটি ত্যাগ, সাহস, প্রতিরোধ ও গণজাগরণের ইতিহাস। ভাষা আন্দোলন, শিক্ষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ, নব্বইয়ের গণঅভ্যুত্থান এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থান—প্রতিটি আন্দোলনই জনগণের ঐক্যবদ্ধ শক্তির বহিঃপ্রকাশ। তিনি বলেন, জুলাইয়ের চেতনাকে কেবল স্লোগান বা আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না রেখে রাষ্ট্রের প্রতিটি স্তরে বাস্তবায়ন করতে হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার রাশিদা বেগম, জুলাই শহিদ মাহিনের বাবা, সাগরের বাবা, জুলাই যোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধারা।

এ সময় বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা, জুলাই শহিদ পরিবারের সদস্য, জুলাই যোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সকালের পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানে ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মো. রুকুনুজ্জামান রোকন, বিভাগীয় কমিশনার এস. এম. হুমায়ুন কবির সরকার, জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, জেলা প্রশাসক মো. সাইফুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা এবং জুলাই শহিদ পরিবারের সদস্যরা অংশ নেন।

মন্তব্য (০)





  • company_logo