• সমগ্র বাংলা

চাটমোহরে বিদ্যালয় থেকে চুরি হওয়া ১৭টি ল্যাপটপ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর উপজেলার শরৎগঞ্জ তফিজ উদ্দিন আহমেদ উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার ল্যাব থেকে চুরি হওয়া ১৭টি ল্যাপটপ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৫ অক্টোবর) সকালে উপজেলার ইদিলপুর কালীমন্দিরের পাশের ঝোপঝাড় থেকে চারটি ব্যাগের ভেতর রাখা ল্যাপটপগুলো উদ্ধার করা হয়।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ অলিউর রহমান জানান, সোমবার সকালে স্থানীয়রা ইদিলপুর কালীমন্দিরের পাশে ঝোপঝাড়ের মধ্যে কয়েকটি ব্যাগ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যাগগুলো উদ্ধার করে। ব্যাগ তল্লাশি করে ১৭টি ল্যাপটপ পাওয়া যায়।

তিনি আরও জানান, উদ্ধার হওয়া ল্যাপটপগুলো যাচাই-বাছাই করে নিশ্চিত করা হবে এগুলো শরৎগঞ্জ তফিজ উদ্দিন আহমেদ উচ্চ বিদ্যালয় থেকে চুরি যাওয়া ল্যাপটপ কি না। নিশ্চিত হওয়ার পর আদালতের মাধ্যমে ল্যাপটপগুলো বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

উল্লেখ্য, গত ১৩ সেপ্টেম্বর রাতে দুর্বৃত্তরা বিদ্যালয়ের কম্পিউটার ল্যাবের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। এ সময় তারা ল্যাব থেকে ১৭টি ল্যাপটপ ও অ্যাডাপ্টর চুরি করে নিয়ে যায়। ঘটনার পর বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

মন্তব্য (০)





  • company_logo