ছবিঃ সিএনআই
সাতকানিয়া প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়নের কেরানিহাট গরুর বাজার থেকে কার্তিকের দোকান পর্যন্ত চার ইউনিয়নের মানুষের অন্যতম গুরুত্বপূর্ণ সংযোগ সড়কটি সাম্প্রতিক ভয়াবহ বন্যায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সড়কের বিভিন্ন স্থানে ভাঙন ও বড় বড় গর্ত সৃষ্টি হওয়ায় যান চলাচল কার্যত বন্ধ হয়ে পড়েছে। এতে ঢেমশা, নলুয়া,পশ্চিম ঢেমশা এওচিয়া, আমিলাইশ, আলীনগর ও ইছামতি ইউনিয়নের হাজারো মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।
রোববার (১৯ জুলাই) ক্ষতিগ্রস্ত সড়কটি সরেজমিন পরিদর্শন করেন প্রবাসী সমাজসেবক আলহাজ মোজাফফর হোসেন। এ সময় উপজেলা প্রশাসনের একটি প্রতিনিধিদলও উপস্থিত থেকে ক্ষয়ক্ষতির চিত্র পর্যালোচনা করেন এবং স্থানীয়দের অভিযোগ ও দুর্ভোগের কথা শোনেন।
পরিদর্শন শেষে আলহাজ মোজাফফর হোসেন সাংবাদিকদের বলেন, “এটি শুধু একটি সড়ক নয়, প্রায় ৫/৬ ইউনিয়নের মানুষের জীবনরেখা। প্রতিদিন শিক্ষার্থী, রোগী, ব্যবসায়ী ও সাধারণ মানুষ এই পথ দিয়ে কেরানিহাটে যাতায়াত করেন। সড়কটি ভেঙে যাওয়ায় মানুষের স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।”
তিনি আরও বলেন, “প্রশাসনের সঙ্গে আমাদের বিস্তারিত আলোচনা হয়েছে। তারা আগামী এক মাসের মধ্যে সংস্কার কাজ শুরু করার আশ্বাস দিয়েছেন। আমরা চাই সরকার দ্রুত কাজটি বাস্তবায়ন করুক, কারণ এটি জনস্বার্থের একটি গুরুত্বপূর্ণ বিষয়।”
তবে নির্ধারিত সময়ের মধ্যে সংস্কারকাজ শুরু না হলে নিজস্ব অর্থায়নে সড়কটি সংস্কারের উদ্যোগ নেওয়ার ঘোষণাও দেন তিনি। তিনি বলেন, “মানুষের দুর্ভোগ দীর্ঘায়িত হোক, তা আমরা চাই না। প্রয়োজন হলে এলাকাবাসীর স্বার্থে নিজস্ব অর্থায়নেই সড়কটি সংস্কারের চেষ্টা করব, ইনশাআল্লাহ।”
স্থানীয় বাসিন্দারা জানান, বন্যার তীব্র স্রোতে সড়কের একাধিক অংশ ধসে গেছে। কোথাও কোথাও গভীর গর্ত সৃষ্টি হওয়ায় সিএনজি, মোটরসাইকেল এমনকি জরুরি সেবার যানবাহনও চলাচল করতে পারছে না। অনেক রোগীকে ভাঙা রাস্তা পায়ে হেঁটে বা কোলে করে পার করে পরে গাড়িতে তোলা হচ্ছে। এতে দুর্ভোগের পাশাপাশি ঝুঁকিও বাড়ছে। একইভাবে স্কুল-কলেজগামী শিক্ষার্থীরাও প্রতিদিন চরম ভোগান্তির শিকার হচ্ছে।
পরিদর্শনকালে প্রশাসনের কর্মকর্তারা স্থানীয়দের অভিযোগ গুরুত্বসহকারে নথিভুক্ত করেন। তবে সংস্কারকাজ শুরুর নির্দিষ্ট তারিখ এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।
এদিকে আলহাজ মোজাফফর হোসেনের মানবিক উদ্যোগ ও ঘোষণাকে ইতিবাচকভাবে দেখছেন স্থানীয়রা। তাদের প্রত্যাশা, প্রশাসনের দ্রুত পদক্ষেপের পাশাপাশি সমাজের বিত্তবান ও প্রবাসীদের সহযোগিতায় দ্রুত সড়কটি সংস্কার হলে চার ইউনিয়নের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটবে।
পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বেগম খালেদা জি...
নড়াইল প্রতিনিধি : নড়াইলে ব্যাটারিচালিত ইজিভ্যানের চাপায় স...
পঞ্চগড় প্রতিনিধি: সীমান্ত সুরক্ষা জোরদার, চোরাচালান ও অবৈধ অ...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের মধুখালীতে ছয় বছর বয়সী এক শিশুকে যৌন নির্যাতনের ...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগে...

মন্তব্য (০)