ছবিঃ সিএনআই
গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় জ্বালানি তেলের সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এটিএম কামরুল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, জরুরি সেবা সচল রাখতে কিছু নির্দিষ্ট পেশার মানুষকে অগ্রাধিকার ভিত্তিতে তেল সরবরাহ করা হবে।
প্রশাসনের এই সিদ্ধান্ত অনুযায়ী, চিকিৎসক, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, সরকারি-বেসরকারি চাকরিজীবী, শিক্ষক এবং গণমাধ্যমকর্মীরা ফিলিং স্টেশনগুলো থেকে অগ্রাধিকার পেয়ে জ্বালানি তেল নিতে পারবেন। এজন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের বৈধ পরিচয়পত্র প্রদর্শন করতে হবে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে তেল সরবরাহে ঘাটতি এবং চাহিদা বেড়ে যাওয়ায় উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন ও ভোগান্তি সৃষ্টি হয়েছে। এতে কর্মস্থলে যাতায়াতসহ দৈনন্দিন কাজ ব্যাহত হচ্ছিল বহু মানুষের।
বিজ্ঞপ্তিতে ফিলিং স্টেশন মালিক ও ব্যবস্থাপকদের উদ্দেশে বলা হয়েছে, মজুত থাকা সাপেক্ষে এসব পেশাজীবীদের জন্য আলাদা লাইন বা বিশেষ ব্যবস্থার মাধ্যমে দ্রুত তেল সরবরাহ নিশ্চিত করতে হবে। পাশাপাশি নির্দেশনাটি স্টেশনের দৃশ্যমান স্থানে টানিয়ে রাখার কথাও উল্লেখ করা হয়েছে।
এতে আরও বলা হয়, বৈশ্বিক পরিস্থিতির প্রভাবেই জ্বালানি সরবরাহে এই সংকট তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতেও সেবা অব্যাহত রাখায় সংশ্লিষ্ট পাম্প মালিক ও কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে উপজেলা প্রশাসন।
ইউএনও এটিএম কামরুল ইসলাম জানান, জরুরি সেবায় নিয়োজিত ব্যক্তিদের কার্যক্রম নির্বিঘ্ন রাখতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে তিনি তেল অপচয় রোধ, অপ্রয়োজনীয় মজুত বন্ধ রাখা এবং নির্ধারিত দামে বিক্রি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন।
প্রশাসনের এই উদ্যোগে ভোগান্তি কিছুটা কমবে বলে আশা করছেন স্থানীয় বাসিন্দারা।
ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সদরপুরে নিখোঁজের তিন দিন পর আড়ি...
পাবনা প্রতিনিধিঃ পাবনার ঈশ্বরদীতে বাসের ধাক্কায় শাহীন শ...
ফেনী প্রতিনিধি: ফেনীর ফুলগাজীতে গৃহবধূ বিবি কুলসুম কাজল (৩৭)...
নিউজ ডেস্কঃ সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের নামে দেশের...
কক্সবাজার প্রতিনিধি: টেকনাফ সংলগ্ন বঙ্গোপসাগর থেকে ...

মন্তব্য (০)