• সমগ্র বাংলা

নদী দখলমুক্ত করতে দলীয় পরিচয় বিবেচনা করা হবে না: পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পঞ্চগড় প্রতিনিধি: দেশের নদী, খাল ও জলাশয় দখলমুক্ত এবং পুনরুদ্ধারের ক্ষেত্রে কোনো ধরনের দলীয় পরিচয় বা রাজনৈতিক বিবেচনা করা হবে না বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তিনি বলেছেন, একবার খনন ও পুনরুদ্ধার করা নদী-খাল কিংবা জলাশয় যাতে আবার দখল হয়ে না যায়, সে বিষয়ে সরকার কঠোর অবস্থানে রয়েছে।

শনিবার (৩ অক্টোবর) সকালে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার সীমান্তবর্তী মহানন্দা নদী এলাকা পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি। নদী ও পরিবেশ নিয়ে কাজ করা সংগঠন নোঙর বাংলাদেশের আয়োজনে নোঙর রিভার ক্যাম্প- এর কার্যক্রম উদ্বোধন করেন প্রতিমন্ত্রী। পরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় অংশ নেন তিনি।

আন্তঃসীমান্ত নদীর পানির ন্যায্য হিস্যা প্রসঙ্গে ফরহাদ হোসেন আজাদ বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের ৫৪টি এবং মিয়ানমারের তিনটি আন্তঃসীমান্ত নদী রয়েছে। এসব নদীর পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে সরকার কাজ করছে।

ফারাক্কা চুক্তির প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, ৩০ বছর মেয়াদি এ চুক্তির মেয়াদ শেষ হওয়ার প্রেক্ষাপটে তা নবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। চুক্তি নবায়নের বিষয়ে একটি কারিগরি কমিটি কাজ করছে বলেও জানান তিনি।

এর আগে মহানন্দা নদীর সীমান্তবর্তী এলাকা ঘুরে দেখেন প্রতিমন্ত্রী। পরে নোঙর রিভার ক্যাম্পের পতাকা আয়োজকদের হাতে তুলে দিয়ে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

আয়োজকরা জানান, নোঙর বাংলাদেশের উদ্যোগে দেশের বিভিন্ন জেলায় পর্যায়ক্রমে রিভার ক্যাম্পের কার্যক্রম পরিচালিত হবে। বিভিন্ন জেলা ঘুরে এ কর্মসূচি শেষ হবে টেকনাফে গিয়ে।

অনুষ্ঠানে পঞ্চগড় জেলা পরিষদের প্রশাসক এম.এ মজিদ, তেঁতুলিয়ার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম আঁকাশ, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, নোঙর বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সভাপতি সুমন সামস, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সদস্য দিন মোহাম্মদ খান, সালাউদ্দীন প্রধান ও নাসির খান মিন্টুসহ জেলা-উপজেলা বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং পরিবেশকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





  • company_logo