• জাতীয়

দেশে ফিরলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে, সরকারের ঘোষণা

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ ভারত থেকে বাংলাদেশে ফিরলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। আগামী ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা ও রাজপথে নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে এ মন্তব্য করেছেন তিনি।

ঢাকা শেখ হাসিনাকে সরাসরি দেশে ফিরিয়ে আনার পরিবর্তে ভারত থেকে প্রত্যর্পণের চেষ্টা করছে। বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী নয়াদিল্লি শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে ফিরিয়ে দেবে বলে আশা করছে সরকার। রোববার (২২ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

এ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। গত এপ্রিলে মন্ত্রণালয় জানিয়েছিল, শেখ হাসিনাকে প্রত্যর্পণে বাংলাদেশের করা অনুরোধ পর্যালোচনা করছে তারা।

২০২৪ সালের গণ-অভ্যুত্থানে দীর্ঘদিনের ক্ষমতার অবসান ঘটার পর শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশে মৃত্যুদণ্ডের রায় হয়েছে। একই সঙ্গে তার দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। জাতিসংঘের হিসাব অনুযায়ী, ওই সময়ের সহিংসতায় সর্বোচ্চ ১ হাজার ৪০০ মানুষ নিহত হয়েছেন।

২০২৪ সালের আগস্টে পদত্যাগের দাবিতে দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়লে ঢাকা ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। এরপর থেকে তিনি সেখানেই অবস্থান করছেন। আগামী ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনার অংশ হিসেবে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেছেন তিনি। তবে সরকার তার আবেদন প্রত্যাখ্যান করেছে।

রয়টার্সকে শামা ওবায়েদ বলেন, ‘তিনি বাংলাদেশে প্রবেশের চেষ্টা করা মাত্রই গ্রেফতার হবেন। তাকে কারাগারে নেওয়া হবে এবং আইন তার নিজস্ব গতিতে চলবে।’

তিনি আরও বলেন, ‘আমরা চাই ভারত প্রত্যর্পণ চুক্তির প্রতি সম্মান দেখিয়ে একজন দণ্ডিত আসামিকে বাংলাদেশের কাছে ফিরিয়ে দিক। এরপর আইন তার নিজস্ব গতিতে চলবে। শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি হতে হবে।’

শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি ঘিরে আওয়ামী লীগের সমর্থকেরা রাজপথে নেমেছেন। চলতি মাসে দলটি শেখ হাসিনার প্রত্যাবর্তনের সমর্থনে এক সপ্তাহের বিক্ষোভ ও সমাবেশের কর্মসূচি ঘোষণা করে। এর অংশ হিসেবে ১৯ নভেম্বর দেশব্যাপী লকডাউনের ডাক দেওয়া হয়।

স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, গত ১০ দিনে অন্তত ২৮ জেলায় কয়েক ডজন ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় কয়েকজন পুলিশ সদস্য ও বেসামরিক নাগরিক আহত হয়েছেন।

শামা ওবায়েদ এসব সহিংসতাকে শেখ হাসিনার ‘রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে পড়া দলের’ টিকে থাকার কৌশল বলে মন্তব্য করেছেন। অন্যদিকে আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, বর্তমান রাজনৈতিক ব্যবস্থার সঙ্গে যুক্ত ব্যক্তিরাই এসব সহিংসতার জন্য দায়ী।

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে বিমান পাঠানোর বিষয়ে ভারতের সঙ্গে এখনো কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশের মর্যাদা, আত্মসম্মান ও স্বার্থ ক্ষুণ্ন না করে নয়াদিল্লির সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক চায় ঢাকা।

শামা ওবায়েদ বলেন, ‘বাংলাদেশের জন্য কী ধরনের পররাষ্ট্রনীতি গ্রহণ করা প্রয়োজন, তা ভারতকে সিদ্ধান্ত নিতে হবে।’

রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন কূটনৈতিক তৎপরতা

এদিকে রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসনে প্রতিবেশী মিয়ানমারের ওপর কূটনৈতিক চাপ বাড়াচ্ছে বাংলাদেশ। ২০১৭ সালে দেশটির নিরাপত্তা বাহিনীর হাতে মুসলিম সংখ্যালঘু রোহিঙ্গাদের ওপর ব্যাপক হত্যাকাণ্ড ও যৌন সহিংসতার ঘটনাকে রাষ্ট্রীয় মদদে গণহত্যা হিসেবে স্বীকৃতি দিয়েছেন জাতিসংঘের সর্বোচ্চ আদালত।

আন্তর্জাতিক বিচার আদালতের এ রায়ের সমালোচনা করেছে মিয়ানমার। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, পরিস্থিতি অনুকূলে এলেই কেবল রোহিঙ্গাদের প্রত্যাবর্তন সম্ভব হবে।

এ রায়কে রোহিঙ্গাদের অধিকার আদায়ের লড়াইয়ে বাংলাদেশের জন্য শক্তি হিসেবে উল্লেখ করেছেন শামা ওবায়েদ। তিনি বলেন, ‘এখন এই রায় বাংলাদেশকে এবং রোহিঙ্গা সম্প্রদায়কে লড়াই করার শক্তি দিয়েছে।’ রোহিঙ্গাদের মর্যাদা ও নিরাপত্তার সঙ্গে নিজ দেশে ফেরার অধিকার রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

বিভিন্ন দফায় প্রত্যাবাসনের উদ্যোগ ব্যর্থ হওয়ায় বর্তমানে প্রায় ১২ লাখ রোহিঙ্গা বাংলাদেশে অবস্থান করছেন। মিয়ানমারের গৃহযুদ্ধ এবং রোহিঙ্গাদের আবাসভূমি রাখাইন রাজ্যের প্রায় পুরোটাই আরাকান আর্মির নিয়ন্ত্রণে থাকায় প্রত্যাবাসন প্রক্রিয়া জটিল হয়ে পড়েছে।

মিয়ানমার ও আরাকান আর্মির ওপর আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘এই সংকট বাংলাদেশ তৈরি করেনি। মিয়ানমার এই সংকট তৈরি করেছে, তাই এর সমাধানও মিয়ানমারকেই করতে হবে।’

 

মন্তব্য (০)





image

ঐকমত্যে পৌঁছাতে পারেনি মালিক-শ্রমিকপক্ষ

১

নিউজ ডেস্ক : মজুরি বোর্ডের তৃতীয় সভায় মালিকপক্ষ ন্যূনতম মজুর...

image

আশুলিয়ায় ২৮ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ, ২১টিতে ছুটি

২

নিউজ ডেস্কঃ তৈরি পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার...

image

গ্রামীণ ব্যাংক রক্ষায় সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান ড. ইউনূসের

৩

নিউজ ডেস্ক : গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় ধারাবাহিক অগ্নিস...

image

প্যারিস হয়ে নিউ ইয়র্ক যাচ্ছেন খলিলুর রহমান

৪

নিউজ ডেস্কঃ ঢাকায় স্বল্প সময়ের জন্য অবস্থান করে কূটনৈতি...

image

কে কোন ধর্মের তা বিবেচ্য নয়, আমরা সবাই বাংলাদেশি : ডেপুটি...

৫

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুরে গারো-হাজংসহ ক্ষুদ্র নৃগোষ্ঠীর নেতৃবৃন...

  • company_logo