ছবিঃ সিএনআই
নিজস্ব প্রতিবেদক : শিক্ষাপ্রতিষ্ঠানে দলীয়করণ ও রাজনৈতিক প্রভাব বিস্তারের মাধ্যমে শিক্ষার্থীদের ভবিষ্যৎ নষ্ট না করার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল।
তিনি বলেছেন, শিক্ষকদের ব্যক্তিগত রাজনৈতিক মতাদর্শ থাকতেই পারে। তবে শিক্ষাপ্রতিষ্ঠানে দায়িত্ব পালনের সময় তারা কেবলই শিক্ষক। রাজনৈতিক মতাদর্শ প্রকাশের জন্য নির্বাচনের দিন ব্যালটের পথ খোলা রয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ধরনের রাজনৈতিক বিভাজন কাম্য নয়।
রোববার (২২ নভেম্বর) বিকাল ৪টার দিকে নেত্রকোনার কলমাকান্দা উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার কায়সার কামাল এসব কথা বলেন।
উপজেলা প্রশাসনের আয়োজনে নজরুলবর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, এইচএসসি পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের ক্রেস্ট ও সনদ প্রদান এবং অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত চারজনের মধ্যে চেক ও সেলাইমেশিন বিতরণ উপলক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কায়সার কামাল বলেন, অতীতে বিভিন্ন নিয়োগে দলীয় দৃষ্টিভঙ্গির প্রভাব ছিল। তবে যারা এখন রাষ্ট্রের দায়িত্বে রয়েছেন, তাদের বিবেক দিয়ে কাজ করতে হবে। রাষ্ট্রের অর্থে যারা বেতন-ভাতা পান, তাদের দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে জনগণের সেবা নিশ্চিত করতে হবে। রাজনৈতিক বিভাজনের কারণে শিক্ষার্থীদের ভবিষ্যৎ নষ্ট করা যাবে না।
শিক্ষার্থীদের উদ্দেশে ডেপুটি স্পিকার বলেন, শুধু উচ্চশিক্ষিত হলেই প্রকৃত মানুষ হওয়া যায় না। মানুষের মধ্যে দেশপ্রেম, ইমান, মানবিকতা ও অন্যের প্রতি মমত্ববোধ থাকতে হবে। মা-বাবা নিজেদের অনেক চাওয়া-পাওয়া বিসর্জন দিয়ে সন্তানদের সুন্দর ভবিষ্যতের জন্য চেষ্টা করেন। তাদের এই ত্যাগ তখনই সার্থক হবে, যখন সন্তানরা প্রকৃত মানুষ হিসেবে গড়ে উঠবে।
তিনি বলেন, কারও বড় অট্টালিকা ও দামি গাড়ি থাকতে পারে। তার সন্তান বিলাসী জীবনযাপন করছে, অথচ পাশের বাড়ির কেউ না খেয়ে আছে। রাস্তার পাশে কোনো শিশু অর্ধাহারে-অনাহারে দিন কাটাচ্ছে। সামর্থ্য থাকা সত্ত্বেও তাদের সহযোগিতায় এগিয়ে না আসা মানবিকতার পরিচয় নয়। সমাজে এ মানসিকতার পরিবর্তন প্রয়োজন।
অভিভাবক ও শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়ে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন শিশুদের দেখাতে হবে। তাদের মধ্যে দেশপ্রেম, ভালোবাসা ও মমত্ববোধ জাগিয়ে তুলতে হবে।
জুলাই-আগস্টের আন্দোলনে শিশুদের হতাহতের ঘটনা উল্লেখ করে তিনি বলেন, অনেক শিশু ঘরে ঘুমিয়ে থাকা অবস্থায় গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারিয়েছে। মানুষের মধ্যে দেশপ্রেম ও মানবিকতা না থাকলে নাগরিক হিসেবে সুযোগ-সুবিধা ভোগ করলেও দেশের জন্য কিছু করা সম্ভব হবে না।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এনএম আবদুল্লাহ আল মামুন।
এ সময় উপস্থিত ছিলেন- কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাসুল তালুকদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ নূরে আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী মাহমুদুল হাসান প্রমুখ।
নিউজ ডেস্ক : ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও...
নিউজ ডেস্কঃ রাজনৈতিক বিবেচনায় বিশ্ববিদ্যালয়গুলোতে নতুন ...
জামালপুর প্রতিনিধি : বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে জামালপুরের সরকারি জাহে...
নিউজ ডেস্ক : চলমান বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার পুনঃনিরীক্...
নিউজ ডেস্কঃ ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএস...

মন্তব্য (০)