ছবিঃ সিএনআই
জামালপুর প্রতিনিধি : বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে জামালপুরের সরকারি জাহেদা সফির মহিলা কলেজে একাদশ শ্রেণি ও অনার্স প্রথম বর্ষের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে নতুন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন নবীন শিক্ষার্থীদের সঙ্গে দাঁড়িয়ে জাতীয় সংগীত পরিবেশন করেন। পরে অতিথিরা মঞ্চে আসন গ্রহণ করলে তাঁদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এরপর নবীন শিক্ষার্থীদের হাতে ফুল তুলে দিয়ে বরণ করে নেওয়া হয়। এ সময় হাজারো শিক্ষার্থীর বর্ণিল উপস্থিতি এবং সবার হাতে রজনীগন্ধা ফুলের সমাহার কলেজ প্রাঙ্গণে এক মনোমুগ্ধকর পরিবেশের সৃষ্টি করে।
নবীন শিক্ষার্থীদের উদ্দেশে প্রধান অতিথি অ্যাডভোকেট শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন বলেন, লেখাপড়ার গুণগত মানোন্নয়নে শিক্ষার্থীদের মনোযোগী হতে হবে। পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে নিজেদের সুনাগরিক হিসেবে গড়ে তুলে দেশ গঠনে ভূমিকা রাখতে হবে।

কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুল হাই আলহাদীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুল বার্সেদ, দেওয়ানগঞ্জ এ কে মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ খায়রুজ্জামান, উপাধ্যক্ষ প্রফেসর মোঃ শাহ আলম, সাবেক উপাধ্যক্ষ বিলকিস রাবেয়া, প্রফেসর জাহিদ আনোয়ার (অব.), প্রফেসর মোঃ গোলাম মোস্তফা (অব.), প্রফেসর জয়শ্রী ঘোষ, আবু বকর সিদ্দিকী (অব.), অনুষ্ঠানের আহ্বায়ক প্রফেসর মোঃ আতিকুর রহমান এবং শিক্ষক পরিষদের সম্পাদক মোঃ আনোয়ার হোসেনসহ কলেজের অন্যান্য শিক্ষকবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনায় সহযোগিতা করেন সহকারী অধ্যাপক ইফতিয়ারা।
আলোচনা সভা শেষে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গান ও দেশাত্মবোধক সংগীত পরিবেশনার মধ্য দিয়ে সাংস্কৃতিক পর্ব শুরু হয়। পরে শিক্ষার্থীদের পরিবেশনায় গান, নৃত্য, কোরাস, অভিনয়, নাটিকা ও ফ্যাশন শো উপস্থিত অতিথি ও দর্শকদের মুগ্ধ করে।
এ ছাড়া শিক্ষার্থীদের জন্য নাশতা ও দুপুরের খাবার পরিবেশনে সুশৃঙ্খলভাবে পৃথক স্টলের ব্যবস্থা করা হয়। দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে নবীন শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠানটি হয়ে ওঠে আনন্দমুখর ও স্মরণীয়।
নিউজ ডেস্ক : চলমান বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার পুনঃনিরীক্...
নিউজ ডেস্কঃ ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএস...
নিউজ ডেস্কঃ দেশের সাধারণ স্কুল, কলেজ ও মাদ্রাসায় ষষ্ঠ থ...
নিউজ ডেস্কঃ দেশের সাধারণ স্কুল, কলেজ ও মাদ্রাসায় ষষ্ঠ থেকে দ...
নিউজ ডেস্ক : শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন জানিয়েছে...

মন্তব্য (০)