জামালপুর প্রতিনিধি : পরীক্ষাগারে কোনো ধরনের নমুনা পরীক্ষা ছাড়াই কারখানার কাঁচামালকে ভেজাল ঘোষণা করে দুই লাখ টাকা জরিমানা এবং প্রায় এক কোটি টাকার কাঁচামাল ধ্বংসের অভিযোগ উঠেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জামালপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শরীফুল ইসলামের বিরুদ্ধে। এ ছাড়া ভয়ভীতি দেখিয়ে ফাঁকা ফরমে স্বাক্ষর আদায় এবং অভিযান নিয়ে গণমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য দেওয়ার অভিযোগও করেছে ভুক্তভোগী প্রতিষ্ঠান গ্রিন বায়োটেকনোলজি।
ঘটনাটি ঘটেছে জামালপুরের মেলান্দহ উপজেলার সুন্সি নাংলা এলাকায় অবস্থিত গ্রিন বায়োটেকনোলজির উৎপাদন কারখানায়।
এ ঘটনায় নিরপেক্ষ তদন্ত, প্রশাসনিক প্রতিকার, বিভাগীয় ব্যবস্থা গ্রহণ, আদায় করা জরিমানার অর্থ ফেরত এবং ধ্বংস করা কাঁচামালের ক্ষতিপূরণ চেয়ে রোববার (২২ নভেম্বর) সকালে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের কাছে লিখিত অভিযোগ দিয়েছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ।
অভিযান ও জরিমানার অভিযোগ
প্রতিষ্ঠানটির লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, গত বুধবার দুপুরে সহকারী পরিচালক মো. শরীফুল ইসলাম কারখানাটি পরিদর্শনে যান। এ সময় প্রতিষ্ঠানের কর্মকর্তারা তাঁকে স্বাগত জানান এবং উৎপাদন কার্যক্রম ও সংরক্ষণাগার পরিদর্শনে সহযোগিতা করেন। পরিদর্শনকালে কারখানায় সংরক্ষিত কিছু কাঁচামাল তাঁর নজরে আসে। প্রতিষ্ঠানটির দাবি, এসব কাঁচামাল নিজস্ব মান নিয়ন্ত্রণ পরীক্ষাগারে পুনঃপরীক্ষার আওতায় ছিল এবং প্রতিটি পাত্রে ‘পুনঃপরীক্ষিত’ লেবেল লাগানো ছিল। সেগুলোর নির্ধারিত মেয়াদও তখনো শেষ হয়নি।
তবে বিষয়টি আমলে না নিয়ে কোনো ধরনের নমুনা পরীক্ষা বা পরীক্ষাগারভিত্তিক প্রমাণ ছাড়াই কাঁচামালগুলোকে ভেজাল ঘোষণা করেন ওই কর্মকর্তা। পরে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪১ ধারায় প্রতিষ্ঠানটিকে দুই লাখ টাকা জরিমানা করেন। একই সঙ্গে কারখানায় থাকা বিভিন্ন পণ্যের প্রায় এক কোটি টাকার কাঁচামাল ধ্বংস করেন বলে অভিযোগ করেছে প্রতিষ্ঠানটি।
ফাঁকা ফরমে স্বাক্ষর ও ভয়ভীতি দেখানোর অভিযোগ
গ্রিন বায়োটেকনোলজির তত্ত্বাবধায়ক (ইনচার্জ) মো. নজরুল ইসলাম অভিযোগ করে বলেন, ‘আমরা তাঁকে কাঁচামালগুলো সরকারি কিংবা অন্য যেকোনো পরীক্ষাগারে পরীক্ষা করে আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছিলাম। কিন্তু তিনি সেই সুযোগ দেননি। আইনগত প্রক্রিয়া অনুসরণ না করে তাৎক্ষণিকভাবে দুই লাখ টাকা পরিশোধে বাধ্য করেন। এমনকি জরিমানার সুনির্দিষ্ট আইনগত ভিত্তি ও পূর্ণাঙ্গ লিখিত আদেশও আমাদের দেওয়া হয়নি। কারখানায় থাকা প্রায় এক কোটি টাকার কাঁচামালও ধ্বংস করা হয়েছে। ওই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে যাওয়ার প্রক্রিয়া চলছে।’
তিনি আরও দাবি করেন, অভিযানের সময় তাঁকে একটি ফাঁকা ও অসম্পূর্ণ ফরমে স্বাক্ষর করতে বলা হয়। কারখানা সিলগালা, গ্রেপ্তার ও এক বছরের কারাদণ্ডের হুমকি দেওয়া হলে ভয়ে তিনি স্বাক্ষর করতে বাধ্য হন। তাৎক্ষণিকভাবে টাকা পরিশোধ না করলে কারখানা বন্ধ করে দেওয়ার ভয়ও দেখানো হয় বলে অভিযোগ করেন তিনি।
প্রতিষ্ঠানটির দাবি, পুরো অভিযানে কর্মকর্তার আচরণ ছিল অশোভন ও উদ্দেশ্যপ্রণোদিত। গ্রিন বায়োটেকনোলজি কর্তৃপক্ষের দাবি, তাদের প্রতিটি পণ্যের বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) বৈধ লাইসেন্স রয়েছে এবং পণ্যগুলো প্রযোজ্য মানদণ্ড অনুযায়ী পরীক্ষাগারে পরীক্ষিত। এ ছাড়া অধিকাংশ পণ্য বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) কর্তৃক ডার্মাটোলজিক্যালি টেস্টেড ও নিরাপদ।
অন্যান্য ব্যবসায়ীরও একই ধরনের অভিযোগ
স্থানীয় ব্যবসায়ী ও সংশ্লিষ্ট সূত্রের দাবি, মো. শরীফুল ইসলাম ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে জামালপুরে সহকারী পরিচালক হিসেবে যোগ দেন। এর পর থেকে জেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনার সময় পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই পণ্য সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া, জরিমানা, পণ্য ধ্বংস এবং ব্যবসায়ীদের ভয়ভীতি দেখানোর অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।
নাম প্রকাশ না করার শর্তে জামালপুর শহরের এক ব্যবসায়ী বলেন, ‘সম্প্রতি আমার প্রতিষ্ঠানেও অভিযান চালিয়ে তিনি একই ধরনের আচরণ করেন। আমি পণ্য পরীক্ষা করে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছিলাম, কিন্তু তিনি শোনেননি। আমাকে ৫০ হাজার টাকা জরিমানা করেন এবং প্রায় পাঁচ থেকে ছয় লাখ টাকার পণ্যের ক্ষতি করেন। নিরপেক্ষ তদন্ত হলেই প্রকৃত সত্য বেরিয়ে আসবে।’
ভিন্ন প্রতিষ্ঠানকে জড়িয়ে বিভ্রান্তিকর বক্তব্যের অভিযোগ
লিখিত অভিযোগে আরও উল্লেখ করা হয়, ওই কর্মকর্তা নিজ উদ্যোগে কয়েকজন গণমাধ্যমকর্মীকে কারখানার ভেতরে নিয়ে যান। এ সময় প্রকৃত ঘটনার সঙ্গে সম্পর্কহীন পৃথক প্রতিষ্ঠান ‘বায়োজিন কসমেসিউটিক্যালস’-এর প্রসঙ্গ টেনে গণমাধ্যমে বক্তব্য দেন বলে অভিযোগ করেছে গ্রিন বায়োটেকনোলজি কর্তৃপক্ষ।
এ বিষয়ে বায়োজিন কসমেসিউটিক্যালসের সিনিয়র ম্যানেজার (প্রশাসন) সাইফুল ইসলাম বলেন, ‘বায়োজিন কসমেসিউটিক্যালস ও গ্রিন বায়োটেকনোলজি সম্পূর্ণ পৃথক ও স্বতন্ত্র দুটি প্রতিষ্ঠান। অথচ একটি কারখানার কাঁচামাল পরীক্ষাগারে পরীক্ষা ছাড়াই ভেজাল ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে গণমাধ্যমকর্মীদের ডেকে বায়োজিনের বিষয়ে উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর তথ্য দেওয়া হয়েছে। একটি গোষ্ঠীকে দিয়ে বায়োজিনের বিরুদ্ধে অপপ্রচার চালাতেও তিনি সহায়তা করেছেন।’
তিনি আরও জানান, এসব ঘটনায় বায়োজিনের ব্যবসায়িক সুনাম, গ্রাহকদের আস্থা, বাণিজ্যিক সম্পর্ক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সামাজিক মর্যাদা ক্ষুণ্ন হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
অভিযোগ অস্বীকার কর্মকর্তার
অভিযোগের বিষয়ে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জামালপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শরীফুল ইসলাম বলেন, ‘আমি ওই কারখানায় গিয়ে কাঁচামালগুলোর মেয়াদোত্তীর্ণ পেয়েছি। মেয়াদোত্তীর্ণ কাঁচামাল ব্যবহারের সুযোগ নেই। ফলে কাঁচামালগুলোর পরীক্ষা করা হয়নি। আমি কোনো জব্দ তালিকাও করিনি। তবে কাঁচামালগুলো ধ্বংস করেছি। আমি কোনো ফাঁকা ফরমে স্বাক্ষর আদায় করিনি। সেখানে কাউকে গ্রেপ্তারের হুমকিও দিইনি।’
চোখের দেখায় কীভাবে কাঁচামাল ভেজাল বা ব্যবহারের অনুপযোগী বলে নিশ্চিত হলেন—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কিছু জিনিস আছে, যা চোখের দেখেই বোঝা যায় সমস্যা রয়েছে। আবার কিছু জিনিস আছে, যেগুলো পরীক্ষা করার প্রয়োজন হয়। কোনো প্রতিষ্ঠান যদি বলে মেয়াদ আছে, আর আমি বলি মেয়াদ নেই, তখন এ ধরনের বিরোধ নিষ্পত্তির জন্য পরীক্ষা করতে হবে।’
এদিকে, একটি সরকারি সংস্থার কর্মকর্তার বিরুদ্ধে ওঠা এসব অভিযোগের বিষয়ে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।
মন্তব্য (০)