ছবিঃ সংগৃহীত
নিজস্ব ডেস্ক : গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের পর বন্ধ হয়ে গেছে সব ধরনের দাপ্তরিক সেবা। নিখোঁজের সাধারণ ডায়েরি কিংবা হুমকির অভিযোগ জানাতে এসেও ফিরে যাচ্ছেন মানুষ। ক্ষতিগ্রস্ত থানা দুটির পুলিশ সদস্যরা বর্তমানে জেলা পুলিশ লাইন্সে অবস্থান করছেন। জেলা পুলিশ জানিয়েছে, অন্তত সাধারণ ডায়েরি গ্রহণের কার্যক্রম দ্রুত চালুর চেষ্টা চলছে।
শনিবার (২১ নভেম্বর) থানা দুটি ঘুরে দেখা যায়, বাইরে পড়ে রয়েছে পোড়া গাড়ি ও মোটরসাইকেল। ভেতরে কর্মকর্তাদের কক্ষ, ডিউটি অফিসারের কক্ষ ও পুলিশ সদস্যদের ব্যারাকে ভাঙচুর এবং অগ্নিসংযোগের চিহ্ন। আগুনে নষ্ট হয়েছে নথিপত্র ও কম্পিউটারসহ প্রয়োজনীয় সরঞ্জাম।
টুঙ্গিপাড়ার বাঁশবাড়িয়া থেকে নিখোঁজ নাতির সন্ধান চেয়ে ডায়েরি করতে এসেছিলেন আসিয়া বেগম। তিনি জানান, দুই দিন ধরে নাতিকে পাওয়া যাচ্ছে না। কিন্তু থানায় এসে কোনো পুলিশ সদস্য না পেয়ে ফিরে যেতে হচ্ছে তাঁকে। পুলিশের সহায়তা ছাড়া নাতিকে কীভাবে খুঁজে পাবেন, তা নিয়ে উদ্বেগ জানান তিনি।
মুকসুদপুরের মোচনা ইউনিয়নের বাসিন্দা রহিজ মোল্লা এসেছিলেন জমি দখল ও হত্যার হুমকির অভিযোগ নিয়ে। তাঁর ভাষ্য, প্রতিবেশীরা জোর করে তাঁর জমিতে পাকা ঘর নির্মাণ করছেন। বাধা দেওয়ায় হুমকিও দেওয়া হচ্ছে। আইনি সহায়তার আশায় থানায় এসে দেখেন, ভবন পুড়ে গেছে এবং সেখানে পুলিশ নেই।
ঘটনার সূত্রপাত গত ১০ নভেম্বর। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচিকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ায় পুলিশের ওপর হামলা ও গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের জড়িত থাকার অভিযোগ ওঠে।
ওই ঘটনায় ১৭ নভেম্বর বিকেলে উপজেলা চত্বর থেকে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁদের ছাড়িয়ে নিতে সন্ধ্যায় মাইকিং করে স্থানীয় ছাত্রলীগের নেতাকর্মীরা থানা ঘেরাও করেন বলে অভিযোগ রয়েছে। এরপর পুলিশের সঙ্গে ধাওয়া ও সংঘর্ষ হয়। পুলিশ সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল ছোড়ে।
একপর্যায়ে পুলিশ সদস্যরা পিছু হটলে থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। অস্ত্রাগার থেকে অস্ত্র লুট এবং হাজতখানা ভেঙে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনাও ঘটে। তবে কত অস্ত্র লুট হয়েছে, সে বিষয়ে পুলিশ নির্দিষ্ট তথ্য জানায়নি। পুলিশের গাড়ির পাশাপাশি বিভিন্ন মামলায় জব্দ যানবাহনও পুড়িয়ে দেওয়া হয়।
এর দুই দিন পর, ১৯ নভেম্বর আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে মুকসুদপুর থানাতেও হামলা ও অগ্নিসংযোগ হয়। সেখানেও গাড়ি পোড়ানো এবং অস্ত্র লুটের কথা জানিয়েছে পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার সুবীর কুমার সাহা জানান, মুকসুদপুর থানায় পুলিশের চারটি গাড়ি ও দুটি মোটরসাইকেলসহ মামলায় জব্দ বেশ কিছু যানবাহন পুড়ে গেছে। কয়েকটি মোটরসাইকেল লুটও হয়েছে। নথি ও রেজিস্টার পুড়ে যাওয়ায় ক্ষয়ক্ষতি এবং অস্ত্রের হিসাব মেলাতে সমস্যা হচ্ছে। সালথা থানা থেকে আসা পুলিশ সদস্যরা কিছু অস্ত্র উদ্ধার করেছেন বলেও জানান তিনি।
পূর্ণাঙ্গ সেবা ফিরিয়ে আনতে সময় লাগবে উল্লেখ করে সুবীর কুমার সাহা বলেন, দ্রুত সাধারণ ডায়েরি গ্রহণের ব্যবস্থা করতে জেলা পুলিশ কাজ করছে।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার হুমায়ুন কবিরও জানিয়েছেন, ধ্বংসস্তূপের মধ্য থেকেই যতটা সম্ভব সেবা চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। অগ্রাধিকার দেওয়া হচ্ছে সাধারণ ডায়েরি গ্রহণের কার্যক্রম শুরু করাকে।
মন্তব্য (0)
নিউজ ডেস্কঃ বেতন বাড়ানোর দাবিতে গাজীপুরের শ্রীপুরে ঢাকা...
জামালপুর প্রতিনিধি : বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি...
বেনাপোল প্রতিনিধি: নিষিদ্ধ ঘোষিত সংগঠন, সন্ত্রাসবাদ ও যেকো...
নওগাঁ প্রতিনিধি: উত্তরের খাদ্যভান্ডার নওগাঁর মাঠজুড়ে এখন সোন...
নিজস্ব ডেস্ক : গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কয়েকটি স্থানে আবারও বেতন বৃদ্ধ...

মন্তব্য (০)