নিউজ ডেস্ক : বলিউড ভাইজান সালমান খানের ‘মাতৃভূমি’ সিনেমার গান ‘তেরি সেক্সি বিউটি’ প্রকাশ্যে আসতেই সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে শুরু হয়েছে নতুন করে বিতর্ক। এ গানটি নিজেই গেয়েছেন ভাইজান। আর তা শুনেই আবার সালমানকে নিশানা করলেন সংগীতশিল্পী, সুরকার, গীতিকার ও প্রযোজক সোনা মহাপাত্র। এর আগে ২০১৬ সালে অভিনেতার সঙ্গে তার পুরোনো বিবাদ, সেই সময় পাওয়া ধর্ষণের হুমকি থেকে শুরু করে ক্যারিয়ার নিয়ে ট্রলারদের কটাক্ষ— সব কিছু নিয়েই মুখ খুললেন এ সংগীতশিল্পী।
সালমান খানের সিনেমা ‘মাতৃভূমি’ খুব শিগগির প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে। দীর্ঘ অপেক্ষার পর এ সিনেমাটি মুক্তি পাচ্ছে। সিনেমার বেশ কয়েকটি গানও ইতোমধ্যে প্রকাশ্যে এসেছে। তেমনই একটি গান হলো— ‘তেরি সেক্সি বিউটি’। এ গানটি গেয়েছেন স্বয়ং ভাইজান সালমান খান।
এবার অভিনেতার সেই গানটিকে নিশানা করলেন সংগীতশিল্পী সোনা মহাপাত্র। তিনি আরও একবার সালমান খানের বিরুদ্ধে নিজের ক্ষোভ উগরে দিলেন। এই প্রথম নয় যে, সোনা মহাপাত্র সালমান খানকে নিশানা করলেন। তিনি যে ভিডিওটি পোস্ট করেছেন, তাতে সেই সময়ের কথা বলেছেন, যখন সালমান খানের সঙ্গে তার বিবাদ শুরু হয়েছিল।
সোনা মহাপাত্র জানান, সেই সময় লোকজন তাকে বলতেন যে, সালমানের সঙ্গে ঝামেলায় না জড়ালে তার ক্যারিয়ার দারুণ হতে পারত। এ ধরনের ট্রলারদের জবাব দিয়ে সোনা মহাপাত্র বলেন, তাকে নিয়ে তাদের চিন্তা করার কোনো প্রয়োজন নেই। তিনি নিজের শর্তে কাজ করছেন এবং ক্যারিয়ারে অনেক কিছু অর্জন করেছেন।
'তেরি সেক্সি বিউটি' গানটিকে কটাক্ষ করে সোনা মহাপাত্র বলেন, ‘আমি কি এই শৈল্পিক জগতটাকেই (আর্টিস্টিক ইউনিভার্স) মিস করছিলাম?’
সামাজিক মাধ্যমে পোস্ট করা ভিডিওতে সোনা মহাপাত্র বলেন, ২০২৬ সালের শেষে একজন পেশাদার শিল্পী হিসেবে তার ক্যারিয়ারের ২০ বছর পূর্ণ হতে চলেছে। এই দীর্ঘ পথচলায় ২০১৬ সাল তার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়। সেই সময় সালমান খানের একটি মন্তব্যের বিরোধিতা করেছিলেন তিনি। ছবির শুটিংয়ের ক্লান্তিকে ধর্ষণের শিকার কোনো নারীর সঙ্গে তুলনা করেছিলেন অভিনেতা। সোনার দাবি, সেই মন্তব্যের প্রতিবাদ করার পর থেকেই তাকে নানাভাবে হেনস্তার শিকার হতে হয়।
গায়িকা বলেন, এরপর তাকে গণধর্ষণের হুমকি পর্যন্ত দেওয়া হয়েছিল। এমনকি তার অশ্লীল বিকৃত ছবিও ছড়িয়ে দেওয়া হয়েছিল। তার পরিবারের সদস্য এবং মাকেও কুরুচিকর ভাষায় আক্রমণ ও হুমকি দেওয়া হয়েছিল। পরিস্থিতি এতটাই গুরুতর হয়ে ওঠে যে, শেষ পর্যন্ত পুলিশের কাছে অভিযোগ জানাতে বাধ্য হন তিনি।
‘তেরি সেক্সি বিউটি’ গানটি প্রসঙ্গে সোনা মহাপাত্র বলেন, ‘আমি আমার ইনস্টাগ্রাম খুললাম আর অ্যালগরিদম আমাকে মিস্টার খানের মাস্টারপিস দেখাল, যা এমন একটি ছবির গান, যা নাকি আমাদের সৈনিকদের আত্মত্যাগ থেকে অনুপ্রাণিত, আর সেখানে আমাদের সুপারস্টার দু’পেগ মদ খাওয়া এবং উড়োজাহাজ হয়ে যাওয়া নিয়ে গান গাইছেন।’
সোনা জানান, এ গানটি শুনে হঠাৎ করেই তার সেসব সহানুভূতির কথা মনে পড়ে যায়, যা তাকে দেওয়া হয়েছিল। তিনি বলেন, ‘আর হঠাৎ করেই আমার সেই সহানুভূতির কথাগুলো মনে পড়ে গেল। এটাই কি সেই সৃজনশীল দুনিয়া, যা আমি হারিয়েছিলাম?
সোনা মহাপাত্র বলেন, ‘আমি যদি এ ধরনের আরও দশটা গান গাইতাম, তবে কি আমার জীবন সার্থক হয়ে যেত? গত ১০ বছরের দিকে তাকালে আমি নিশ্চিত নই যে, আসলে কার ক্যারিয়ারের সেই সহানুভূতির প্রয়োজন।' এ ভিডিওর শেষে সোনা নিজের সাফল্যের খতিয়ানও তুলে ধরেছেন।
এর আগে অভিনেত্রী প্রিয়াংকা চোপড়াকে নিয়েও সালমান খানের মন্তব্যেরও প্রতিবাদ করেন সোনা মহাপাত্র। ২০১৯ সালেও একবার ভাইজানের বিরুদ্ধে সরব হয়েছিলেন সোনা মহাপাত্র। এ সংগীতশিল্পী বলেন, ২০১৯ সালে আবার যখন তিনি প্রিয়াংকা চোপড়ার মতো একজন সফল নারীর তার ছবি ছেড়ে বিয়ে করার সিদ্ধান্ত নিয়ে মজা করেছিলেন, তখনো আমি তার বিরুদ্ধে কথা বলেছিলাম।
হ্যাঁ হ্যাঁ, নিজের জামা খুলে নিজেকে 'মসিহা' প্রমাণ করার চেষ্টা আমাকে একদমই প্রভাবিত করে না। সেই সময় আরও বেশি হুমকি পেয়েছিলাম এবং বছরের পর বছর ধরে মানুষ আমাকে সহানুভূতি দেখিয়ে বলেছেন যে, সোনা আপনি এত প্রতিভাবান, সালমান খানের সঙ্গে ঝামেলা না করলে ভাবুন তো আপনার ক্যারিয়ার আজ কোথায় থাকত?’
মন্তব্য (০)