ছবিঃ সংগৃহীত
বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান মানেই নতুন কোনো চমক বা আলোচনার ঝড়। এবার তিনি পাকিস্তানের সঙ্গে যৌথভাবে সিনেমা নির্মাণের আগ্রহ প্রকাশ করে এক নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছেন। এমনকি কোনো পাকিস্তানি নায়িকার সঙ্গে স্ক্রিন শেয়ার করার ইচ্ছাও পোষণ করেছেন এই মেগাস্টার। তবে এতসব সম্ভাবনার কথার চেয়েও বড় হয়ে সামনে এসেছে এক অদ্ভুত তথ্যবিভ্রাট।
পাকিস্তানের সচল সিনেমা হলের সংখ্যা নিয়ে সম্প্রতি এই অভিনেতা এমন এক তথ্য দিয়েছেন, যা নিয়ে এখন চারদিকে চলছে জোর আলোচনা।
সম্প্রতি এক জমকালো অনুষ্ঠানে পাকিস্তানের চলচ্চিত্রবাজার নিয়ে কথা বলতে গিয়ে শাকিব জানান, দেশটির বর্তমান বাজার সম্পর্কে খোঁজ নিতে গিয়ে তিনি জানতে পেরেছেন সেখানে ১২০০টিরও বেশি সচল সিনেমা হল রয়েছে, যার বেশিরভাগই মাল্টিপ্লেক্স। তার দাবি, পাকিস্তানের কোনো ছবি হিট হলে অনায়াসে ২০০ থেকে ৩০০ কোটি রুপি পর্যন্ত ব্যবসা করতে পারে। আর এই বিশাল সম্ভাবনার কথা চিন্তা করেই তিনি পাকিস্তানের সঙ্গে যৌথ প্রযোজনায় কাজ করতে আগ্রহী।
তবে সুপারস্টারের এই দাবির সঙ্গে বাস্তবতার মিল খুঁজে পাচ্ছে না কেউ।
পাকিস্তানের শীর্ষস্থানীয় গণমাধ্যম ‘ডন’ ও ‘দ্য এক্সপ্রেস ট্রিবিউন’-এর এ বিষয়ে সর্বশেষ প্রতিবেদন বলছে ভিন্ন কথা। জানা যায়, গত কয়েক বছরে পাকিস্তানজুড়ে বন্ধ হয়ে গেছে বেশ কিছু সিনেমা হল। বর্তমানে দেশটিতে সচল পর্দার সংখ্যা কোনোভাবেই এক থেকে দেড়শোর বেশি নয়।
অর্থাৎ, শাকিব খানের দাবি করা ১২০০ সিনেমা হলের সঙ্গে বর্তমান বাস্তবতার আকাশ-পাতাল ব্যবধান রয়েছে।
তাহলে কি পুরোনো কোনো পরিসংখ্যানের সঙ্গে বর্তমান সময়কে গুলিয়ে ফেলেছেন এই তারকা? ২০২১ সালে প্রকাশিত ‘পাকিস্তান: হিয়ার অ্যান্ড নাউ’ বইয়ের একটি প্রবন্ধে উল্লেখ করা হয়েছে, ১৯৮০-র দশকে পাকিস্তানে ১২০০টির মতো সিনেমা হল ছিল। কিন্তু নানা সংকটে তাদের সেই সোনালি দিন বহু আগেই হারিয়ে গেছে। তা সত্ত্বেও শাকিব ঠিক কার বা কোন সূত্রের ওপর ভরসা করে এমন তথ্য দিলেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন নেটিজেনরা।
অনেকেই বলছেন, আন্তর্জাতিক অঙ্গনে পা বাড়ানোর আগে বা যৌথ প্রযোজনার বড় ঘোষণার আগে সংশ্লিষ্ট দেশের বাজার নিয়ে একটু ভালোভাবে খোঁজ নেওয়া উচিত ছিল তার।
তবে পরিসংখ্যানের এই ভুলটিকে ছাপিয়েও অনেকেই শাকিব খানের আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি ও উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন। দুই দেশের সংস্কৃতির মেলবন্ধন এবং নতুন বাজারের পথ তৈরি হলে তা ঢাকাই সিনেমার জন্যই বড় প্রাপ্তি হতে পারে বলে মনে করছেন তারা।
বিনোদন ডেস্ক : নায়করাজ রাজ্জাকের হাত ধরেই ঢালিউড অভিনেতা বাপ...
বিনোদন ডেস্ক : ছোটপর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া দে...
নিউজ ডেস্ক : সংগীতপ্রেমীদের কাছে কনসার্ট মানেই এক অন্যরকম উন...
বিনোদন ডেস্ক : বিভিন্ন বিতর্ক ও আইনি জটিলতার কারণে বেশ কিছুদ...

মন্তব্য (০)