• বিনোদন

জেমস বন্ড চরিত্রে প্যাটিনসনকে বেছে নেওয়ার প্রক্রিয়ায় সরাসরি যুক্ত ছিলাম: জেফ বেজোস

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্ক: হলিউডের জনপ্রিয় গুপ্তচর চরিত্র জেমস বন্ডের নতুন মুখ হিসেবে অভিনেতা রবার্ট প্যাটিনসনকে বেছে নেওয়ার প্রক্রিয়ায় সরাসরি যুক্ত ছিলেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জেফ বেজোস। ‘ব্যাটম্যান’খ্যাত এই অভিনেতাকে পরবর্তী '০০৭ এজেন্ট' হিসেবে নির্বাচনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলে জানিয়েছেন বেজোস।

‎মঙ্গলবার (১৭ নভেম্বর), সেমাফোর আয়োজিত ‘সিলিকন ভ্যালি অ্যান্ড দ্য ওয়ার্ল্ড’ সম্মেলনে এ কথা বলেন তিনি। এর আগের দিনই জেমস বন্ড সিরিজের পরবর্তী ছবিতে প্যাটিনসনকে নতুন ০০৭ হিসেবে ঘোষণা করে অ্যামাজন।
‎
‎বেজোস জানান, প্রথমে বড় একটি তালিকা থেকে কয়েকজন অভিনেতাকে বাছাই করা হয়। পরে পাঁচজনকে নিয়ে চূড়ান্ত পর্যায়ের স্ক্রিন টেস্ট অনুষ্ঠিত হয়। সেখানে পূর্ণাঙ্গ পোশাকে ও সিনেমার সেটের আদলে তৈরি পরিবেশে তিনটি করে দৃশ্যে অভিনয় করতে বলা হয় তাদের।
‎
‎নির্বাচনপ্রক্রিয়ায় নিজের সম্পৃক্ততার কথা জানিয়ে বেজোস বলেন, ‘আমি এই প্রক্রিয়ায় বেশ ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলাম। শুক্রবার আমরা একসঙ্গে বসেছিলাম। কয়েক ঘণ্টা ধরে সবার স্ক্রিন টেস্ট দেখেছি এবং সেগুলো পর্যালোচনা করেছি।’
‎
‎জেমস বন্ড চরিত্রটি হলিউডের দীর্ঘদিনের এবং সর্বোচ্চ আয় করা চলচ্চিত্র ফ্র্যাঞ্চাইজিগুলোর একটি।
‎
‎প্যাটিনসনকে বেছে নেওয়ার বিষয়ে বেজোস বলেন, স্ক্রিন টেস্ট দেখার পর তার মধ্যে বিশেষ কিছু গুন থাকার বিষয়টি স্পষ্ট হয়ে যায়।
‎
‎তবে শুরুতে প্যাটিনসনকে নিয়ে নির্বাচকদের মধ্যে কিছুটা দ্বিধা ছিল বলেও জানান তিনি। কারণ, অভিনেতা হিসেবে তিনি আগে থেকেই বেশ পরিচিত ও জনপ্রিয়।
‎
‎এ প্রসঙ্গে বেজোস বলেন, ‘শুরুতে বলতে গেলে, তিনি আগে থেকেই এতটা বিখ্যাত হওয়ায় আমরা কিছুটা তার বিপক্ষে ছিলাম। আমাদের মনে হয়েছিল, হয়তো এমন কাউকে নেওয়া উচিত, যিনি তুলনামূলকভাবে কম পরিচিত। কিন্তু স্ক্রিন টেস্টে বিষয়টি এতটাই স্পষ্ট হয়ে যায়, তিনিই জেমস বন্ড।’
‎
‎৪০ বছর বয়সী রবার্ট প্যাটিনসনের বড় পর্দায় অভিষেক হয় ২০০৫ সালে ‘হ্যারি পটার অ্যান্ড দ্য গবলেট অব ফায়ার’ সিনেমার মাধ্যমে।
‎
‎পরে ‘দ্য টোয়াইলাইট সাগা’, ‘দ্য লস্ট সিটি অব জেড’ এবং ‘টেনেট’-এর মতো সিনেমায় অভিনয় করে পরিচিতি পান তিনি। ২০২২ সালে ‘দ্য ব্যাটম্যান’ সিনেমায় নামভূমিকায় অভিনয় করেও প্রশংসিত হন।
‎
‎এ পর্যন্ত জেমস বন্ডকে কেন্দ্র করে দুই ডজনের বেশি সিনেমা মুক্তি পেয়েছে। তবে অ্যামাজন এমজিএম স্টুডিওর অধীনে নির্মিতব্য নতুন সিনেমাটি হবে ফ্র্যাঞ্চাইজিটির প্রথম চলচ্চিত্র। ২০২৫ সালে দীর্ঘদিনের স্বত্বাধিকারী মাইকেল জি উইলসন ও বারবারা ব্রকোলির সঙ্গে নতুন যৌথ উদ্যোগের মাধ্যমে বন্ড সিরিজের সৃজনশীল নিয়ন্ত্রণ নেয় অ্যামাজন এমজিএম স্টুডিওস।
‎
‎নতুন এই সিনেমার মধ্য দিয়ে জেমস বন্ড ফ্র্যাঞ্চাইজিতে শুরু হতে যাচ্ছে নতুন অধ্যায়। আর সেই অধ্যায়ের কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে রবার্ট প্যাটিনসনকে।

মন্তব্য (০)





  • company_logo