• লিড নিউজ
  • জাতীয়

‎দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিতে শিক্ষার্থীদের প্রতি রাষ্ট্রপতির আহ্বান

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ রাষ্ট্রপ্রতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন।
‎
‎আজ রাঙ্গামাটি লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী এবং শিক্ষকদের একটি দল রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ ও বঙ্গভবন পরিদর্শন করতে এলে তিনি এ আহ্বান জানান।
‎
‎রাষ্ট্রপতি বলেন, ‘সবাইকে মনোযোগ দিয়ে পড়াশোনা ও জ্ঞান অর্জন করতে হবে। ভবিষ্যতে নিজ কর্মস্থলে পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণের কথা সবার আগে চিন্তা করতে হবে।’
‎
‎উল্লেখ্য, সম্প্রতি জারি হওয়া ‘শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের বঙ্গভবন ভ্রমণ সংক্রান্ত নীতিমালা, ২০২৬’-এর আওতায় ২য় প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠানটির শিক্ষার্থী ও শিক্ষকরা বঙ্গভবন পরিদর্শন করেন।
‎
‎লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মেজর মোঃ শরীফুল ইসলামের নেতৃত্বে ৩২ জন শিক্ষার্থী ও চারজন শিক্ষক এ পরিদর্শনে অংশ নেন। এ দলে ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের শিক্ষার্থীসহ অন্যান্য শিক্ষার্থীও ছিলেন। এ সময় রাষ্ট্রপতি তাদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করেন এবং বিভিন্ন বিষয়ে কথা বলেন।
‎
‎রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম বাসসকে এ তথ্য জানান।
‎
‎সুদূর রাঙ্গামাটি থেকে বঙ্গভবন পরিদর্শন করতে আসায় রাষ্ট্রপতি শিক্ষার্থী এবং শিক্ষক প্রতিনিধি দলকে ধন্যবাদ জানান।
‎
‎রাষ্ট্রপতি বলেন, শিক্ষার্থীদের দেশের ইতিহাস, ঐতিহ্য ও রাষ্ট্র পরিচালনার পদ্ধতি সম্পর্কে জানতে হবে। শিক্ষার্থীদের দেশ, দেশের ইতিহাস এবং রাষ্ট্র কীভাবে পরিচালিত হয়, সে সম্পর্কে ধারণা দেওয়ার উদ্দেশ্যেই এ কর্মসূচি চালু করা হয়েছে।
‎
‎এর মাধ্যমে শিক্ষার্থীরা ইতিহাস থেকে অনুপ্রেরণা নিতে পারবে এবং দেশের ঐতিহ্য সম্পর্কে জানতে পারবে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, এর থেকে অনুপ্রেরণা নিয়ে নিজেদেরকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে হবে।
‎
‎এ সময়ে রাষ্ট্রপতি বঙ্গভবনের বিভিন্ন স্থাপনা ও ঐতিহাসিক নিদর্শন সম্পর্কে শিক্ষার্থীদের আগ্রহের বিষয়ে তাদের কাছে জানতে চান। একইসঙ্গে বঙ্গভবনে সংরক্ষিত বিভিন্ন গুণী ও বিশিষ্ট ব্যক্তির ছবি, ঐতিহাসিক স্মারক ইত্যাদি সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
‎
‎পরিদর্শনকালে শিক্ষার্থীরা বঙ্গভবনের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন এবং রাষ্ট্রপতির সঙ্গে কুশল বিনিময় ও আলাপচারিতায় অংশ নেন। পরে রাষ্ট্রপতি তাদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন।
‎
‎রাষ্ট্রপতি এ সময় রাঙ্গামাটি সফরের আগ্রহ প্রকাশ করে বলেন, ‘রাঙ্গামাটি যাওয়ার আমার ইচ্ছা ছিল। সময়-সুযোগ হলে আমি রাঙ্গামাটি সফর করব।’
‎
‎পরিদর্শনকালে লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক মো. শাহ জালাল, তাসলিমাতুন নাহার এবং সিনিয়র সহকারী শিক্ষক নেত্রী রায় উপস্থিত ছিলেন।
‎
‎এ সময় আরও উপস্থিত ছিলেন রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিবসহ বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

মন্তব্য (০)





image

‎পরিবেশ রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী ‎

১

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পৃথিবীর পরিবেশ...

image

‎এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ ...

২

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশ সরকার...

image

‎বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবিলায় ৫ জরুরি পদক্ষেপের আহ্বান প...

৩

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্বব্যাপী জলবায়ু পরি...

image

‎প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখবে...

৪

‎নিউজ ডেস্কঃ বাংলাদেশের প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়ন...

image

অনলাইন গণমাধ্যমকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ভূমিকা রাখার আহ্বা...

৫

নিউজ ডেস্কঃ অনলাইন গণমাধ্যমকে সন্ত্রাস, সাম্প্রদায়িকতা ও ফ্য...

  • company_logo