• সমগ্র বাংলা

পাবনায় গাছ চাপায় প্রাণ গেল মাদ্রাসা প্রতিষ্ঠার স্বপ্ন দেখা আলেমের

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

পাবনা প্রতিনিধিঃ নিজ এলাকায় একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করে দ্বীনি শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার স্বপ্ন দেখেছিলেন মাওলানা মুফতী নজরুল ইসলাম। সেই স্বপ্ন বাস্তবায়নে ঢাকায় কর্মস্থল ছেড়ে প্রায় দুই মাস আগে ফিরেছিলেন গ্রামের বাড়িতে। কিন্তু মাদ্রাসা প্রতিষ্ঠার স্বপ্ন পূরণের আগেই গাছ কাটতে গিয়ে প্রাণ হারালেন তিনি।

শনিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে পাবনার ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের রহিমপুর গ্রামে নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত মুফতী নজরুল ইসলাম রহিমপুর গ্রামের মৃত আব্দুল হামিদ সরদারের ছেলে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিজ বাড়িতে একটি মাদ্রাসা প্রতিষ্ঠার পরিকল্পনা নিয়ে কাজ করছিলেন মুফতী নজরুল ইসলাম। শনিবার সকালে বাড়ির একটি বিটুলি গাছ কাটতে গেলে গাছটি তাঁর ওপর পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। পরে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে দ্রুত পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

মুফতী নজরুল ইসলাম দীর্ঘদিন ঢাকায় পল্লী বিদ্যুৎ সমিতির জামে মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব পালন করেছেন। প্রায় দুই মাস আগে তিনি চাকরি ছেড়ে গ্রামের বাড়িতে ফিরে আসেন। নিজ এলাকায় একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করে স্থায়ীভাবে ঈশ্বরদীতে বসবাসের পরিকল্পনা ছিল তাঁর। মৃত্যুর আগ পর্যন্ত তিনি রহিমপুর পশ্চিমপাড়া জামে মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

তাঁর আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। দ্বীনি শিক্ষার প্রসারে মাদ্রাসা প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে গ্রামে ফেরা এই আলেমের মৃত্যুতে স্থানীয়রা গভীর শোক প্রকাশ করেছেন।

মন্তব্য (০)





  • company_logo