নিজস্ব প্রতিবেদক : ঢাকাস্থ অফিসার্স ক্লাবে 'বৃহত্তর রাজশাহী সমিতি, ঢাকা'-এর উদ্যোগে রাজশাহী বিভাগের পদোন্নতিপ্রাপ্ত কৃতি সচিবগণের সম্মানে এক সংবর্ধনা ও স্মারক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহত্তর রাজশাহী সমিতি, ঢাকা-এর সভাপতি এবং সাবেক অতিরিক্ত সচিব জনাব মোঃ আবদুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু, এমপি।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু বলেন, রাজশাহী বিভাগের কৃতি কর্মকর্তাদের এই পদোন্নতি কেবল তাঁদের ব্যক্তিগত সাফল্য নয়, এটি বৃহত্তর রাজশাহীবাসীর জন্য অত্যন্ত গর্বের বিষয়। দেশের সুশাসন প্রতিষ্ঠা এবং প্রশাসনিক গতিশীলতা নিশ্চিত করতে সচিবগণের ভূমিকা অপরিসীম। তিনি সংবর্ধিত সচিবদের দেশের কল্যাণে সততা, নিষ্ঠা ও কর্মদক্ষতার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান এবং বৃহত্তর রাজশাহী অঞ্চলের উন্নয়ন ও জনকল্যাণে বিশেষ অবদান রাখার পরামর্শ দেন।
ভূমিমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে বর্তমান সরকার এগিয়ে চলেছে। একটি আধুনিক, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তোলাই সরকারের মূল লক্ষ্য। ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর থেকে প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় ডিজিটাল ভূমি সেবা নিশ্চিতকরণ এবং সাধারণ মানুষের ভোগান্তি কমানোর লক্ষ্যে নিরলসভাবে আমরা কাজ করে যাচ্ছি। প্রশাসনের স্তরে সৎ, দক্ষ ও কর্মঠ কর্মকর্তাদের উপস্থিতি এই উন্নয়ন যাত্রাকে আরও বেগবান করবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।
মন্ত্রী মিজানুর রহমান মিনু, এমপি উল্লেখ করেন, বৃহত্তর রাজশাহী অঞ্চল সবসময়ই মেধা ও মননের এক উর্বর ভূমি। শিক্ষা, সংস্কৃতি কিংবা প্রশাসন—সব ক্ষেত্রেই রাজশাহী দেশের অগ্রগতিতে অসামান্য অবদান রেখে আসছে। তিনি আশা প্রকাশ করেন, সংবর্ধিত সচিবগণ স্ব-স্ব পদে থেকে দেশের সার্বিক স্বার্থ রক্ষার পাশাপাশি রাজশাহী অঞ্চলের সার্বিক উন্নয়ন ও অগ্রগতিতে ইতিবাচক ভূমিকা রাখবেন। রাজশাহী শহরের সৌন্দর্য বর্ধন, সবুজায়ন নগরী অব্যাহত রাখতে বিভিন্ন মেয়াদে মাস্টার পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। তিনি বলেন, আধুনিক প্রযুক্তির প্রয়োগে ৬টি আপ-ডাউন ট্রেন লাইন, ফোর লেইন রাস্তা, ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল, ডেন্টাল কলেজ হাসপাতালের কার্যক্রম দ্রুত শুরু হতে যাচ্ছে।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে রাজশাহী বিভাগের পদোন্নতিপ্রাপ্ত সচিবগণকে সম্মাননা ও সংবর্ধনা স্মারক প্রদান করা হয়। সম্বর্ধনা বরণকারী অতিথিরা হলেন- (১) জনাব এ.জে.এম. সালাহউদ্দিন নাগরী, সচিব, জন বিভাগ, রাষ্ট্রপতির কার্যালয়।, (২) জনাব ড. মোহাম্মদ আলতাফ-উল আলম, রেক্টর (সচিব), বিসিএস প্রশাসন একাডেমি। (৩) জনাব মোঃ আশরাফুল ইসলাম, সচিব, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। (৪) জনাব মো. সাইদুর রহমান খান, সচিব, দুর্নীতি দমন কমিশন। (৫) জনাব ড. আ.ন.ম. বজলুর রশীদ, সচিব, স্বাস্থ্য সেবা বিভাগ। (৬) জনাব এ.কে.এম. বেনজামিন রিয়াজী, সচিব, স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ। বৃহত্তর রাজশাহী সমিতি, ঢাকা-এর আয়োজনে অনুষ্ঠিত এই সংবর্ধনা অনুষ্ঠানে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, সমিতির সদস্যবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাজশাহী জেলা সমিতি, ঢাকার সাধারণ সম্পাদক ও অতিরিক্ত ডিআইজি আহম্মদ মুঈদ।
মন্তব্য (০)