ছবিঃ সিএনআই
মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের শিবচর উপজেলায় শারীরিক সীমাবদ্ধতা জয় করে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের গতিশীল করা এবং অসহায় মানুষের পুনর্বাসনের লক্ষ্যে ১০০ জন অসচ্ছল প্রতিবন্ধী ব্যক্তির মাঝে হুইলচেয়ার এবং ২৭টি দুস্থ পরিবারের মাঝে দুই বান্ডিল করে ঢেউটিন বিতরণ করা হয়।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা প্রশাসন, উপজেলা সমাজসেবা অধিদপ্তর এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের যৌথ উদ্যোগে পদ্মা অডিটোরিয়ামে এ ত্রাণ ও মানবিক সহায়তা তুলে দেওয়া হয়।
শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচএম ইবনে মিজানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা প্রশাসক মর্জিনা আক্তার।
জেলা প্রশাসক মর্জিনা আক্তার বলেন, প্রতিবন্ধী ব্যক্তিরা আমাদের সমাজ ও পরিবারেরই অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। তারা যখন একটু স্বাচ্ছন্দ্যময় ও উন্নত জীবনযাপনের সুযোগ পান, তখন আমাদের মনের ভেতরও একধরনের প্রশান্তি কাজ করে। তাদের পরিবারকে যে মানসিক ও সামাজিক টানাপোড়েনের মধ্য দিয়ে যেতে হয়, তা আমরা অনুধাবন করতে পারি। তাই এই মানুষগুলোর পাশে থাকা ও তাদের মুখে হাসি ফোটানো আমাদের নৈতিক দায়িত্ব; আমরা সবসময় তাদের পাশে থাকার চেষ্টা করব।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম ইবনে মিজান জানান, সরকারি মানবিক সহায়তার সঠিক সুফল প্রকৃত অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে উপজেলা প্রশাসনের এ ধরনের জনকল্যাণমুখী কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে হুইলচেয়ার পেয়ে আবেগাপ্লুত কণ্ঠে শারীরিক ও বাকপ্রতিবন্ধী খাদিজার (২২) মা বলেন, আমার মেয়েকে নিয়ে আগে কোথাও বের হতে পারতাম না, একপ্রকার বন্দি জীবন কাটাতে হতো তাকে। এখন এই হুইলচেয়ারটি পাওয়ার পর আশা করছি মেয়েকে নিয়ে অন্তত এদিক-সেদিক একটু ঘুরতে যেতে পারব। এতে আমাদের দৈনন্দিন জীবনের অনেক বড় একটি প্রতিবন্ধকতা দূর হলো। এমন সহায়তার জন্য শিবচর উপজেলা প্রশাসনকে আন্তরিক ধন্যবাদ জানাই।
একই প্রতিক্রিয়া ব্যক্ত করে বহেরাতলা দক্ষিণ ইউনিয়নের শারীরিক প্রতিবন্ধী আবদুল মালেক ফকির (৮০) বলেন, চার বছর ধরে আমি ঘরের ভেতর এক রকম বন্দি জীবন কাটাচ্ছিলাম। ঠিকমতো হাঁটাচলা করতে পারি না, বাইরের আলো-বাতাসও পাই না। এই হুইলচেয়ারটি পেয়ে আমার যে কত বড় উপকার হলো, তা বোঝাতে পারব না। এখন অন্তত নিজের মতো করে কিছুটা চলাচল করতে পারব। প্রশাসনের এই সহায়তা কার্যক্রম যেন ভবিষ্যতেও অব্যাহত থাকে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা হরিষ চন্দ্র বোস এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবিদ হাসানসহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
পাবনা প্রতিনিধি : ডেঙ্গু প্রতিরোধে জাতীয়তাবাদী যুবদল কেন্দ্র...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের বকশিগঞ্জে উদ্যোক্তাদের সচেতন...
কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে পরিবারের একমাত্র উপ...
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে তুচ্ছ ঘটনায় মারধরের শিকার আ...
নড়াইল প্রতিনিধিঃ নড়াইলের কালিয়া উপজেলার পাঁচগ্রাম ইউন...

মন্তব্য (০)