• সমগ্র বাংলা

সীমান্তের বেকার যুবকদের স্বাবলম্বী করতে বিজিবির ইলেকট্রিক্যাল প্রশিক্ষণ শুরু

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

​চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: সীমান্তবর্তী এলাকার বেকার যুবকদের দক্ষতা উন্নয়ন ও নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে মাসব্যাপী ‘ইলেকট্রিক্যাল অ্যান্ড হাউজ ওয়্যারিং’ প্রশিক্ষণ কর্মসূচি শুরু করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৫৩ বিজিবি)। বিজিবির এই জনকল্যাণমূলক উদ্যোগের মাধ্যমে সীমান্ত এলাকার ৩৫ জন যুবক কারিগরি প্রশিক্ষণ পেয়ে আত্মকর্মসংস্থানের সুযোগ পাচ্ছেন।

​রোববার (৬ সেপ্টেম্বর) সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদ হলরুমে আনুষ্ঠানিকভাবে এই প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এতে চরবাগডাঙ্গা ইউনিয়নের বিভিন্ন গ্রামের বাছাইকৃত ৩৫ জন যুবক অংশ নেন।

​উদ্বোধনী অনুষ্ঠানে বিজিবি কর্মকর্তা ও স্থানীয় প্রতিনিধিরা প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। বিজিবি জানায়, সীমান্তে নিরাপত্তা বিধান ও দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি সীমান্তবর্তী সাধারণ মানুষের আর্থ-সামাজিক উন্নয়নেও ধারাবাহিকভাবে বিভিন্ন কল্যাণমুখী পদক্ষেপ নেয়া হচ্ছে। এই কারিগরি প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হলো বেকার যুবকদের দক্ষ জনশক্তিতে রূপান্তর করা, যাতে তারা নিজেদের স্বাবলম্বী করার পাশাপাশি সীমান্ত কেন্দ্রিক যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থাকতে পারেন।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামপুর ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর শাহিনুর, চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল ইসলাম, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকবৃন্দ।

আয়োজকরা জানান, এই কোর্স সফলভাবে সম্পন্ন করার পর প্রশিক্ষণপ্রাপ্ত যুবকদের বিজিবির পক্ষ থেকে সনদপত্র ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হবে, যা তাদের কর্মসংস্থান এবং আত্মকর্মসংস্থানে বিশেষ ভূমিকা রাখবে।

মন্তব্য (০)





  • company_logo