• সমগ্র বাংলা

জায়গা সংকটে অচলাবস্থা সোনামসজিদ স্থলবন্দরে, থমকে আছে জমি অধিগ্রহণ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

চাঁপাইনবাবগঞ্জপ্রতিনিধিঃ ​মাত্র ১৯ একর আয়তনের ওপর পরিচালিত চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে তীব্র জায়গা সংকটের কারণে সার্বিক আমদানি-রপ্তানি কার্যক্রমে চরম অচলাবস্থা তৈরি হয়েছে। সময়মতো পণ্য খালাস না হওয়ায় ঢাকা ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন বাজারে পণ্য পৌঁছাতে দীর্ঘ বিলম্ব ঘটছে, যার ফলে প্রতিদিন বড় অঙ্কের আর্থিক লোকসানের শিকার হচ্ছেন আমদানিকারক ও ব্যবসায়ীরা।

​বন্দর ব্যবহারকারী ও ব্যবসায়ীদের অভিযোগ, চাহিদার তুলনায় বন্দরের জায়গা অত্যন্ত সীমিত হওয়ায় ভারতীয় ট্রাক প্রবেশ, অবস্থান, মালামাল আনলোড এবং খালাসের প্রতিটি ধাপে তৈরি হচ্ছে জটিলতা।

​স্থলবন্দর সূত্রে জানা যায়, প্রশাসনিক ও স্থান সংকটের কারণে গত তিন বছর ধরে এই রুট দিয়ে সব ধরনের ফল আমদানি বন্ধ রয়েছে। বন্দরের এই সংকট মেটাতে নতুন করে প্রায় ২২ একর জমি অধিগ্রহণের জন্য স্থলবন্দর কর্তৃপক্ষ সরকারের কাছে আবেদন পাঠালেও সেটি দীর্ঘদিন ধরে লালফিতার দৌরাত্ম্যে আটকে আছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে এখনো মেলেনি কোনো সুনির্দিষ্ট নির্দেশনা। এর ফলে বাণিজ্যের প্রসার যেমন থামছে, তেমনি রুজি-রোজগার হারিয়ে দিশেহারা হয়ে পড়ছেন স্থানীয় বন্দর শ্রমিকেরা।

​সম্প্রতি বন্দর ঘুরে দেখা যায়, জায়গা না থাকায় স্বাভাবিক কার্যক্রম পরিচালনা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। সোনামসজিদের পরিচালনাধীন পানামা পোর্টের অভ্যন্তরীণ ইয়ার্ডে জায়গা না থাকায় পাথরবোঝাই ভারী ট্রাকগুলোর লোড-আনলোড স্বাভাবিকভাবে করা যাচ্ছে না। ফলে ভারত থেকে আসা শত শত পাথরবাহী ট্রাক বন্দরের বাইরে কানসাট-সোনামসজিদ প্রধান সড়কের দুই পাশে, খোলা জায়গায় কিংবা আশপাশের আমবাগানে পণ্য খালি করতে বাধ্য হচ্ছে। সড়কের ওপর দূর-দূরান্ত থেকে আসা ট্রাক দাঁড়িয়ে থাকায় প্রতিদিন দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে, যা সাধারণ যাত্রী ও স্থানীয় যান চলাচলেও চরম দুর্ভোগ বাড়াচ্ছে।

​আমদানিকারকরা জানান, বন্দরের ভেতরে জায়গা না পেয়ে বাইরে দীর্ঘ সময় অবস্থান করায় তাঁদের অতিরিক্ত ডেমারেজ ও পরিবহন খরচ গুনতে হচ্ছে। একই সাথে সময়মতো পণ্য বাজারজাত করতে না পেরে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখোমুখি হতে হচ্ছে।

​কাজের সার্বিক চিত্র তুলে ধরে বন্দরের প্রবীণ শ্রমিক জাহাঙ্গীর বলেন, আগে ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে দিনে ৮০০ থেকে ১,০০০ টাকা রোজগার করা যেত। তখন নিয়মিত পণ্যবাহী গাড়ি আসায় কাজের কোনো কমতি ছিল না। কিন্তু এখন আমদানি কমে যাওয়ায় দৈনিক আয় ২০০ থেকে ৩০০ টাকায় নেমে এসেছে। এই সামান্য টাকায় সংসার চালানো দায় হয়ে পড়েছে।

​তথ্য অনুযায়ী, একসময় সোনামসজিদ বন্দরে দৈনিক অন্তত ১,৫০০ থেকে ১,৬০০ শ্রমিক নিয়োজিত থাকতেন। কিন্তু বাণিজ্য সংকুচিত হওয়ায় এবং বন্দরের স্থান সংকটে কাজের সুযোগ কমে বর্তমানে শ্রমিকের সংখ্যা দাঁড়িয়েছে মাত্র ৫০০ থেকে ৬০০ জনে। উপার্জনের পথ বন্ধ হয়ে যাওয়ায় অনেকে বাধ্য হয়ে পেশা পরিবর্তন করেছেন, আর বাকিরা কোনো মতে দিন পার করছেন।

​ব্যবসায়ী প্রতিষ্ঠান জে এইচ ট্রেড ইন্টারন্যাশনালের মালিক সাঈদী ইসলাম জানান, বন্দরের প্রধান সমস্যা হলো জমির মারাত্মক স্বল্পতা। বন্দর ইয়ার্ডের বাইরে পাথর খালাস করতে গিয়ে ব্যবসায়ীদের বাড়তি সময় ও অর্থ অপচয় হচ্ছে। এছাড়া কাস্টমস জটিলতায় টানা তিন বছর ফল আমদানি বন্ধ থাকায় সরকার যেমন কোটি কোটি টাকার রাজস্ব হারাচ্ছে, তেমনি বন্দরের বাণিজ্যিক সক্ষমতাও দিন দিন কমে যাচ্ছে।

​অন্য এক ব্যবসায়ী আরিফ হাসান উল্লেখ করেন, দেশের অন্যান্য স্থলবন্দরে ফল খালাসে যেসব প্রশাসনিক ও ভৌত সুবিধা দেয়া হয়, সোনামসজিদে তার কোনোটিই নেই। ফলে আমদানিকারকরা এই বন্দর ব্যবহারে উৎসাহ হারাচ্ছেন।

​সোনামসজিদ সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি আব্দুল আউয়াল বেনাপোল বন্দরের উদাহরণ টেনে বলেন, দেশের অন্যতম প্রধান বেনাপোল স্থলবন্দরের আয়তন যেখানে প্রায় ৩৫০ একর, সেখানে সোনামসজিদের মতো গুরুত্বপূর্ণ একটি বন্দর মাত্র ১৯ একর জমিতে ধুঁকে ধুঁকে চলছে। এত সীমিত পরিসরে আন্তর্জাতিক বাণিজ্য পরিচালনা করা বাস্তবে অসম্ভব।

মন্তব্য (০)





image

নড়াইলে শিক্ষকের বিরুদ্ধে মাদরাসা ছাত্রকে হত্যার অভিযোগ, শ...

নড়াইল প্রতিনিধি : নড়াইল শহর সংলগ্ন লস্করপুর-চাঁনমারি এল...

image

পাবনায় তুচ্ছ ঘটনায় মারপিটে দিনমজুরের মৃত্যু

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে তুচ্ছ ঘটনায় মারপিটের শিকার ...

image

গোপালপুরে বিপুল পরিমাণ গাঁজাসহ গ্রেপ্তার ১

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: গোপালপুরে ৬০...

image

মহেশখালীতে ফিশিং ট্রলার ডুবি, ২ জেলের মরদেহ উদ্ধার, নিখোঁজ ২

কক্সবাজার প্রতিনিধি:  কক্সবাজারের মহেশখালীতে বঙ্গোপসাগর...

image

মা‌নিকগ‌ঞ্জে নেশাগ্রস্থ অবস্থায় মাকে মারধর, যুবকের ৬ মাসে...

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের সাটুরিয়ায় নেশাগ্রস্ত অবস্থা...

  • company_logo