ছবিঃ সিএনআই
গাজীপুর প্রতিনিধি: একটি ট্রাক। ভেতরে কয়েকজন মানুষ। গভীর রাতে পূর্বাচলের সার্ভিস লেনে এমন অবস্থান পুলিশের নজরে আসেনি; গোপন সংবাদের সূত্র ধরে সেখানে পৌঁছায় কালীগঞ্জ থানা পুলিশ। এরপর শুরু হয় অভিযান। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে কয়েকজন পালিয়ে গেলেও ধরা পড়েন দুইজন। তল্লাশিতে মিলেছে ডাকাতির কাজে ব্যবহারের বিভিন্ন সরঞ্জাম।
গ্রেপ্তার দুজন হলেন বিল্লাল হাওলাদার (৪৬) ও রবিন (৩৫)। এ সময় একটি নাম্বারপ্লেটবিহীন ট্রাকও জব্দ করা হয়। পুলিশের তথ্য অনুযায়ী, ট্রাকটির নম্বর ঢাকা মেট্রো-ট-২৪-৩২৩১।
মঙ্গলবার (২৫ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের পূর্বাচল ১৫ নম্বর সেক্টরের হরদিবাজার সংলগ্ন বাসাবাসি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। বুধবার (২৬ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন।
পুলিশের ভাষ্য, ওই রাতে নাগরী ইউনিয়নে বিশেষ অভিযান চলছিল। পূর্বাচল স্বাধীনতা চত্বরে অবস্থানকালে গোপন সংবাদে পুলিশ জানতে পারে, বাসাবাসি এলাকায় পূর্বাচল ১৫ নম্বর সেক্টরের ৫৬ নম্বর সেতুর উত্তর-পূর্ব পাশে সার্ভিস লেনের ওপর একটি ট্রাকের বডিতে কয়েকজন ব্যক্তি অবস্থান করছেন। তারা ডাকাতির প্রস্তুতি নিচ্ছেন বলে তথ্য আসে।
পরে ঊর্ধ্বতন কর্মকর্তাকে বিষয়টি জানিয়ে পুলিশের একটি দল সেখানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ৮/৯ জন পালানোর চেষ্টা করে। এ সময় বিল্লাল হাওলাদার ও রবিনকে আটক করা সম্ভব হয়। বাকিরা অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে যায়।
আটকের পর জিজ্ঞাসাবাদে দুজন নিজেদের পরিচয় দেন। পুলিশ জানিয়েছে, তারা ডাকাত দলের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছেন এবং তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
পুলিশের দাবি, অজ্ঞাতনামা সহযোগীদের নিয়ে ডাকাতির উদ্দেশ্যেই ওই এলাকায় অবস্থান করছিলেন তারা। পরে গ্রেপ্তার দুজনের দেখানো ও শনাক্তের ভিত্তিতে ট্রাকের ভেতরে তল্লাশি চালিয়ে ডাকাতির কাজে ব্যবহারের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
গ্রেপ্তার বিল্লাল হাওলাদার বরগুনার তালতলী থানার ছোটবাগী এলাকার মোস্তফা হাওলাদারের ছেলে। বর্তমানে তিনি নারায়ণগঞ্জের ফতুল্লা রেল স্টেশন এলাকায় বসবাস করেন। অপর গ্রেপ্তার রবিন পটুয়াখালীর গলাচিপা থানার খাইরুজ্জামান বাজার এলাকার মৃত দুলালের ছেলে। তিনি নারায়ণগঞ্জের পাগলা থানার বৌ-বাজার, বটতলা এলাকায় থাকেন।
এ ঘটনায় কালীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলার পর বুধবার দুপুরে বিল্লাল হাওলাদার ও রবিনকে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।
বগুড়া প্রতিনিধি : বগুড়ায় হক্বের দাওয়াত সিদ্দীক্বিয়া দরবার ও ...
নারায়ণগঞ্জ প্রতিনিধি : পরিকল্পনা মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী জ...
বগুড়া প্রতিনিধি : স্বৈরাচার সরকার গ্যাস সংরক্ষণের জন্য ল্যান...
কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফের হাইওয়ে সড়ক সংলগ্ন ...
গাজীপুর প্রতিনিধি : একই দিনে এক অভিযানে উঠে এলো দুই ধরনের অনিয়মের চিত্র।...

মন্তব্য (০)