ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ বাংলাদেশের কমিউনিস্ট পার্টিসহ (সিপিবি) চারটি বামপন্থী দলের আপত্তির পর জুলাই জাতীয় সনদ-২০২৫ এ পরিবর্তন আনা হয়েছে। এর ফলে সংবিধান থেকে স্বাধীনতার ঘোষণাপত্র বাদ পড়ছে না।
শুক্রবার (১৭ অক্টোবর) জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান শেষে চূড়ান্ত জুলাই জাতীয় সনদের বই রাজনৈতিক নেতা ও আমন্ত্রিত অতিথিদের দেয় কমিশন। অন্যদিকে অঙ্গীকারনামার পঞ্চম ধারা পরিবর্তনের কথা জানানো হয়। সেটির পিডিএফ কপি দলগুলোর নেতাদের দেওয়া হয়েছে।
সনদে প্রতিটি প্রস্তাবের পাশে দলগুলোর আপত্তি (নোট অব ডিসেন্ট) স্পষ্ট করে দিয়ে বলা হয়েছে—দলগুলো নির্বাচনে বিজয়ী হলে নির্বাচনী ইশতেহার উল্লেখপূর্বক ব্যবস্থা নিতে পারবে।
গত মঙ্গলবার (১৪ অক্টোবর) সনদের অনুলিপি রাজনৈতিক দলগুলোর কাছে পাঠিয়েছিল ঐকমত্য কমিশন। সেখানে বলা হয়েছিল, বিদ্যমান সংবিধানের ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানাবলি–সংক্রান্ত ১৫০ (২) অনুচ্ছেদ বিলুপ্ত হবে এবং এ সংশ্লিষ্ট পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম তফসিল সংবিধানে রাখা হবে না। এই সিদ্ধান্তে ৯টি দল একমত ছিল না।
বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে আজকের সনদ স্বাক্ষর অনুষ্ঠানে না আসার ঘোষণা দেন সিপিবি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বাসদ (মার্ক্সবাদী) ও বাংলাদেশ জাসদের নেতারা। সনদে কেন স্বাক্ষর করবে না, তার যে কারণগুলো তারা বলেছিলেন, তার মধ্যে একটি ছিল স্বাধীনতার ঘোষণা বাদ দেওয়ার সুপারিশের বিষয়টি।
এরপর জুলাই সনদের এই জায়গায় পরিবর্তন আনা হয়েছে। চূড়ান্ত সনদে বলা হয়েছে, সংবিধানের অনুচ্ছেদ ১৫০(২) সংশোধন করা হবে এবং এ সংশ্লিষ্ট পঞ্চম ও ষষ্ঠ তফসিল সংবিধানে রাখা হবে না।
সংবিধানের পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম তফসিল যুক্ত করা হয়েছিল ২০১১ সালে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে। পঞ্চম তফসিলে আছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১৯৭১ সালের ৭ মার্চের ভাষণ। ষষ্ঠ তফসিলে আছে ১৯৭১ সালের ‘২৫ মার্চ মধ্যরাত শেষে অর্থাৎ ২৬ মার্চ প্রথম প্রহরে’ বঙ্গবন্ধুর দেওয়া স্বাধীনতার ঘোষণা। সপ্তম তফসিলে আছে ১৯৭১ সালের ১০ এপ্রিল মুজিবনগর সরকারের জারি করা স্বাধীনতার ঘোষণাপত্র। জুলাই সনদ অনুসারে সংবিধানে সংস্কার হলে তাতে সংবিধানের তফসিলে ৭ মার্চের ভাষণ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ঘোষণা থাকবে না। তবে স্বাধীনতার ঘোষণাপত্র সংবিধানের তফসিলে থাকবে।
জাতীয় ঐকমত্য কমিশনের উদ্যোগে আয়োজিত ‘জুলাই জাতীয় সনদ-২০২৫’ স্বাক্ষর অনুষ্ঠানে ২৫টি রাজনৈতিক দল ও জোটের নিম্নোক্ত প্রতিনিধিরা স্বাক্ষর করেছেন। জুলাই সনদ স্বাক্ষরের পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, এর মধ্য দিয়ে ‘নতুন বাংলাদেশের সূচনা’ হয়েছে। এর মধ্য দিয়ে আমরা বর্বরতা থেকে সভ্যতার জগতে এলাম।
নিউজ ডেস্কঃ ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএ...
নিউজ ডেস্কঃ বাংলাদেশ ফিলিস্তিনি জনগণের প্রতি দৃঢ় সমর্থন...
নিউজ ডেস্কঃ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে আজ বা...
নিউজ ডেস্কঃ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে রচিত ‘...
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় কবি কাজী...

মন্তব্য (০)