নিউজ ডেস্কঃ দক্ষ জনশক্তি বিদেশে পাঠানো, প্রবাসীদের কল্যাণ নিশ্চিত করা এবং বিদেশফেরত অভিবাসীদের পুনরেকত্রীকরণে সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলোকে আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মোহাম্মদ জিয়া উদ্দিন। তিনি বলেন, প্রবাসীরা রাষ্ট্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তাঁদের জন্য সরকারি ও বেসরকারি উদ্যোগে আরও অনেক কিছু করার সুযোগ রয়েছে। এ ক্ষেত্রে যথাযথ সমন্বয় প্রয়োজন।
বুধবার (১১ নভেম্বর) চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের সম্মেলনকক্ষে ব্র্যাক আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কর্মশালায় সভাপতিত্ব করেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
সুইজারল্যান্ড দূতাবাসের সহায়তায় ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের বাস্তবায়নে ‘রিইন্টিগ্রেশন অব মাইগ্রান্ট ওয়ার্কার্স ইন বাংলাদেশ’ প্রকল্পের আওতায় এ কর্মশালার আয়োজন করা হয়। বিদেশফেরত অভিবাসীদের দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান এবং উদ্যোক্তা হওয়ার সুযোগ তৈরিতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বয় জোরদার করাই ছিল কর্মশালার মূল লক্ষ্য।
কর্মশালায় বিভাগীয় কমিশনার ড. মোহাম্মদ জিয়া উদ্দিন বলেন, নিরাপদ অভিবাসন ও দক্ষতা নিয়ে বিদেশ যাওয়ার বিষয়ে নানা সচেতনতামূলক কার্যক্রম চললেও কাঙ্ক্ষিত পরিবর্তন এখনো আসেনি। বিভিন্ন সংস্থার কাছে প্রবাসীদের বিষয়ে নানা তথ্য থাকতে পারে, তবে সংখ্যার চেয়ে গুরুত্বপূর্ণ হলো মানুষগুলো। চট্টগ্রামের জন্য প্রবাসীরা আরও বেশি গুরুত্বপূর্ণ। ব্র্যাকসহ কয়েকটি সংস্থা প্রবাসীদের কল্যাণে বিভিন্ন উদ্যোগ নিচ্ছে, যা ইতিবাচক। তবে এ কাজে আরও অনেক প্রতিষ্ঠান যুক্ত হতে পারে। এজন্য সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
কর্মশালার সভাপতি জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা সরকারি ব্যবস্থার প্রতি জনগণের প্রত্যাশা, মাঠপর্যায়ের সম্পদ ও বিভিন্ন সীমাবদ্ধতার কথা তুলে ধরেন। তিনি বলেন, অভিবাসনসংক্রান্ত কার্যক্রমে প্রতিটি প্রতিষ্ঠান ও কর্মকর্তাকে এগিয়ে আসতে হবে। নৈতিকতা ও মূল্যবোধের ভিত্তিতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সামাজিক দায়িত্ব পালন করতে হবে। এ সময় তিনি প্রবাসীদের দক্ষতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দেন।
কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাকের সহযোগী পরিচালক শরিফুল হাসান। তিনি দেশের বর্তমান অভিবাসন পরিস্থিতি, অভিবাসীদের দক্ষতা বৃদ্ধি, অনিয়মিত অভিবাসন প্রতিরোধ এবং বিদেশফেরত অভিবাসীদের পুনরেকত্রীকরণসহ বিভিন্ন বিষয় তুলে ধরেন।
অনিয়মিত পথে বিদেশ যাওয়ার ঝুঁকি তুলে ধরতে গিয়ে তিনি প্রবাসী শ্রমিকদের কঠিন জীবনযাপন, নির্যাতন এবং বিদেশযাত্রার শুরু থেকে নানা প্রতিকূলতা পেরিয়ে অসহায় অবস্থায় দেশে ফিরে আসার বাস্তব চিত্র তুলে ধরেন। এ ছাড়া বিদেশফেরত অভিবাসীদের অর্থনৈতিক ও সামাজিক পুনরেকত্রীকরণে সরকারি সংস্থার পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও আরও উদ্যোগী হওয়ার আহ্বান জানান। এ সময় চট্টগ্রামে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের পক্ষ থেকে এ পর্যন্ত দেওয়া বিভিন্ন সেবা ও সহায়তার তথ্যও তুলে ধরা হয়।
কর্মশালায় আরও বক্তব্য দেন চট্টগ্রাম পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. রবিউল ইসলাম, চট্টগ্রাম মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ আশরিফা তানজিম, বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, চট্টগ্রামের অধ্যক্ষ পলাশ কুমার বড়ুয়া, চট্টগ্রাম কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী ব্যবস্থাপক মহেন্দ্র চাকমা, প্রবাসীকল্যাণ ব্যাংকের আঞ্চলিক প্রধান হারুন অর রশিদ, চট্টগ্রাম প্রবাসীকল্যাণ সেন্টারের সহকারী পরিচালক মো. আতিকুল আলম, বিসিক চট্টগ্রামের ডেপুটি ম্যানেজার এস এম এম আলমগীর, জেলা মৎস্য অফিসের কর্মকর্তা মো. আসাদ শেখ, কৃষি অধিদপ্তরের উপপরিচালক রোজিনা আক্তার, চট্টগ্রাম যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা জাহান উদ্দিন এবং উপপরিচালক মো. আবদুল হান্নান আলম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্র্যাকের ডিভিশনাল ম্যানেজার অনিক আহমেদ অপু। এ সময় ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের ব্যবস্থাপক নাজিবা আক্তার, ব্র্যাক চট্টগ্রামের জেলা সমন্বয়ক মো. ইনামুল হাসান, ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের রিজিওনাল কো-অর্ডিনেটর মো. ইমাম উদ্দীন, চট্টগ্রাম ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর সাজেদা আনজুম আনিকা এবং ইপসা, ঘাসফুল, অপরাজেয় বাংলাদেশ, কারিতাস ও প্রত্যাশীসহ বিভিন্ন বেসরকারি সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বিশ্বের অন্যতম বৃহৎ উন্নয়ন সংস্থা ব্র্যাক ১৯৭২ সাল থেকে দেশে ও দেশের বাইরে মানুষের আর্থসামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম দেশের অভিবাসনপ্রবণ জেলাগুলোতে নিরাপদ অভিবাসন বিষয়ে সচেতনতা বৃদ্ধি, বিদেশফেরত অভিবাসীদের পুনরেকত্রীকরণ, প্রয়োজনীয় প্রশিক্ষণ, রেফারেল ও সেবার সঙ্গে সংযোগ স্থাপন, অভিবাসন খাতে অ্যাডভোকেসি এবং বিভিন্ন সহযোগিতামূলক কার্যক্রম বাস্তবায়ন করে আসছে।
মন্তব্য (০)