পাবনা প্রতিনিধি : দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে রাজধানী ঢাকার সঙ্গে সরাসরি রেল যোগাযোগের আওতায় আসছে পাবনা।
আগামী বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় পাবনা রেলওয়ে স্টেশনে এক অনুষ্ঠানের মাধ্যমে বহুল প্রতীক্ষিত আন্তঃনগর ট্রেন সার্ভিসের উদ্বোধন করা হবে।
নতুন এই রেল যোগাযোগ চালুর খবরে পাবনাজুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। দীর্ঘদিনের দাবি পূরণ হতে যাওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করছেন জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
রেলওয়ে সূত্রে জানা গেছে, উদ্বোধনী দিনে বিশেষ ট্রেন চালুর পর আগামী ২০ নভেম্বর থেকে নিয়মিত বাণিজ্যিকভাবে চলাচল শুরু করবে একজোড়া আন্তঃনগর ট্রেন—‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ ও ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’।
নতুন সূচি অনুযায়ী, ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ প্রতিদিন সকাল ৮টায় পাবনা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে দুপুর ২টা ১০ মিনিটে রাজধানীতে পৌঁছাবে। অন্যদিকে, ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ প্রতিদিন বিকেল ৩টা ২৫ মিনিটে ঢাকা থেকে ছেড়ে রাত ৯টা ২০ মিনিটে পাবনায় পৌঁছাবে।
যাত্রাপথে ট্রেন দুটি ঈশ্বরদী, চাটমোহর, বড়ালব্রিজ, উল্লাপাড়া, শহীদ এম মনসুর আলী, টাঙ্গাইল, জয়দেবপুর ও ঢাকা বিমানবন্দর স্টেশনে যাত্রাবিরতি করবে।
যাত্রীদের আরামদায়ক ও নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে ভারত থেকে আমদানি করা নতুন ১২টি কোচ দিয়ে ট্রেন দুটি সাজানো হয়েছে বলে রেলপথ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
পাবনা স্টেশন মাস্টার মাহাবুল ইসলাম জানান, উদ্বোধনের দিনের জন্য এসি ও কেবিনের টিকিট বিক্রি বন্ধ রয়েছে। তবে পাবনা স্টেশনের বরাদ্দ পাওয়া নন-এসি টিকিটের প্রায় সবই বিক্রি হয়ে গেছে। উদ্বোধন ঘিরে যাত্রীদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে।
কলেজ শিক্ষার্থী হাসিব রানা বলেন, ছোটবেলা থেকেই ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চালুর কথা শুনে আসছেন তিনি। হাতে টিকিট পাওয়ার পর দীর্ঘদিনের সেই স্বপ্ন বাস্তবে রূপ নিতে যাচ্ছে বলে মনে হচ্ছে।
স্বাধীনতার পর ১৯৭৪ সালে ঈশ্বরদী-ঢালারচর রেলপথ নির্মাণের উদ্যোগ নেওয়া হলেও ঢাকার সঙ্গে পাবনার সরাসরি রেল যোগাযোগ এতদিন প্রতিষ্ঠিত হয়নি। পরবর্তী সময়ে মাঝগ্রাম থেকে পাবনা হয়ে ঢালারচর পর্যন্ত রেলপথ নির্মিত হলেও রাজধানীতে যাতায়াতে জেলার মানুষকে নানা ভোগান্তি পোহাতে হতো। সড়কপথের যানজট ও দীর্ঘ যাত্রার ক্লান্তি এড়াতে সরাসরি ট্রেন চালুর দাবি জানিয়ে আসছিলেন স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন সংগঠন।
স্থানীয় সচেতন মহল ও ব্যবসায়ীদের মতে, নতুন এই রেল যোগাযোগ চালু হলে শুধু যাতায়াত ব্যবস্থার উন্নয়নই হবে না, বরং পাবনার ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, চিকিৎসা ও সামগ্রিক অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে। বিশেষ করে রোগী ও শিক্ষার্থীরা তুলনামূলক কম খরচে এবং স্বাচ্ছন্দ্যে রাজধানীতে যাতায়াত করতে পারবেন।
কলেজশিক্ষক রয়েল বিশ্বাস বলেন, পাবনাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হতে যাচ্ছে। এই রেলসেবার ফলে মানুষ সহজে, কম খরচে ও নিরাপদে ঢাকায় যেতে পারবেন। পাশাপাশি ব্যবসা-বাণিজ্যেরও প্রসার ঘটবে।
উদ্বোধনী অনুষ্ঠান সফল করতে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ট্রেন সার্ভিসের উদ্বোধন করবেন রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম।
রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম বলেন, পুরোনো কোচ দিয়ে চাইলে আগেই এই ট্রেন চালু করা সম্ভব ছিল। তবে যাত্রীদের জন্য নতুন কোচ দিয়ে সেবাটি চালুর পরিকল্পনা থেকেই সময় নেওয়া হয়েছে।
পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেন, পাবনার মানুষ সম্মিলিতভাবে এই রেল যোগাযোগ চেয়ে আসছিলেন। বর্তমান সরকারের পরিকল্পনা ও উদ্যোগের ফলে সেই প্রত্যাশা পূরণ হতে যাচ্ছে।
মন্তব্য (০)