ছবিঃ সিএনআই
গাজীপুর প্রতিনিধি: বাইরে থেকে সাধারণ একটি এলইডি লাইটের প্যাকেট। গায়ে লেখা ছিল ‘সুপার স্টোর এলইডি লাইট’। কিন্তু প্যাকেটের ভেতরে কোনো লাইট ছিল না। স্কচটেপে মোড়ানো সেই প্যাকেটের ভেতরে ছিল একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি।
রোববার (৪ অক্টোবর) রাতে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়ন সংলগ্ন পূর্বাচলের ২৮ নম্বর সেক্টরের শালবন সেতুর নিচের একটি ড্রেন থেকে এসব অস্ত্র উদ্ধার করে নারায়ণগঞ্জের রূপগঞ্জ পূর্বাচল সিপিসি-৩ এসআরবি-১। ঘটনাটি আরও রহস্যজনক হয়ে ওঠে প্যাকেট উদ্ধারের আগের কয়েক মিনিটের ঘটনায়।
এসআরবি-১-এর উপপরিদর্শক (এসআই) মো. শাহনেওয়াজ হোসেন জানান, রাত ৮টা ৪৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে, শালবন সেতুর দক্ষিণ-পশ্চিম দিকে ৩ থেকে ৪ জন ব্যক্তি মাদকদ্রব্য ও অবৈধ অস্ত্র কেনাবেচার জন্য অবস্থান করছেন।
খবরটি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়ে অভিযান শুরু করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর পর সেখানে থাকা ব্যক্তিরা দুটি মোটরসাইকেলে করে দক্ষিণ-পূর্ব দিকে পালিয়ে যায়।
পালিয়ে যাওয়া ব্যক্তিদের খোঁজে তল্লাশি চালানোর সময় সেতুর নিচের ড্রেনে নজরে আসে প্যাকেটটি। সাদা পলিথিনে মোড়ানো প্যাকেটটি স্কচটেপ দিয়ে আটকানো ছিল। গায়ে এলইডি লাইটের নাম থাকায় প্রথম দেখায় সেটি সাধারণ কোনো পণ্য বহনের প্যাকেট বলেই মনে হতে পারে।
কিন্তু প্যাকেট খুলতেই বেরিয়ে আসে CAL 7.65 বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ‘AP 32 AUTO’ লেখা তিন রাউন্ড গুলি।
পিস্তলটির স্লাইডের সামনের অংশে ‘L. W. SEECAMP’ লেখা রয়েছে। এসআরবি-১-এর প্রাথমিক পর্যবেক্ষণে এর ট্রিগার সচল বলে প্রতীয়মান হয়েছে।
তবে উদ্ধার হওয়া অস্ত্রের সঙ্গে পালিয়ে যাওয়া ব্যক্তিদের সরাসরি সম্পৃক্ততার বিষয়টি এখনো নিশ্চিত নয়। অস্ত্রের মালিকানাও তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। স্থানীয়দের উপস্থিতিতে উদ্ধার করা আলামতগুলো জব্দ করা হয়।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন সোমবার (৫ অক্টোবর) মুঠোফোনে অস্ত্র উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
এসআই মো. শাহনেওয়াজ হোসেন জানান, এ ঘটনায় তিনি বাদী হয়ে কালীগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করার আবেদন করেছেন। পাশাপাশি পালিয়ে যাওয়া ব্যক্তিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
একটি সাধারণ পণ্যের নাম ব্যবহার করে প্যাকেটের ভেতরে অস্ত্র রাখা হয়েছিল-নাকি ঘটনাস্থলে থাকা ব্যক্তিরা পালানোর সময় সেটি ফেলে গেছে, সেটিই এখন তদন্তের গুরুত্বপূর্ণ বিষয়।
কিশোরগঞ্জ প্রতিনিধি: বজ্রপাতের ঝুঁকি কমাতে কিশোরগঞ্জে ২...
পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নে সুমন হোস...
বগুড়া প্রতিনিধি : বগুড়ায় আন্তর্জাতিক বৈদ্যুতিক যানবাহন ব্র্য...
কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে কথা-কাটাকাটি ...
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

মন্তব্য (০)