• সমগ্র বাংলা

জাতীয় পার্টি গণতন্ত্র ও উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী একটি দল: ফখরুল ইমাম

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : জাতীয় পার্টি গণতন্ত্র ও উন্নয়নমুখী রাজনীতিতে বিশ্বাসী একটি রাজনৈতিক দল বলে মন্তব্য করেছেন সাবেক সংসদ সদস্য ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঈশ্বরগঞ্জ আসনের পদপ্রার্থী ফখরুল ইমাম।

বৃহস্পতিবার ঈশ্বরগঞ্জ উপজেলার হাটুলিয়া গ্রামে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ফখরুল ইমাম বলেন, নির্বাচনে জয়-পরাজয় মুখ্য বিষয় নয়; বরং দেশের গণতন্ত্র সুরক্ষা এবং রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। জাতীয় নির্বাচনে অংশগ্রহণ না করলে দেশে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হয় এবং গণতন্ত্র বিপন্ন হওয়ার আশঙ্কা দেখা দেয়।

তিনি বলেন, স্বাধীনতা পরবর্তী সময় থেকে জাতীয় পার্টি নিয়মতান্ত্রিক রাজনীতির ধারাবাহিকতা বজায় রেখে প্রতিটি জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে আসছে। ১৯৮৮ সাল থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত জাতীয় পার্টির এই অংশগ্রহণ গণতন্ত্রের প্রতি দলের দৃঢ় অঙ্গীকারের প্রমাণ। এবারও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি অংশ নিচ্ছে।

ফখরুল ইমাম আরও বলেন, তিনি ১৯৮৮, ২০১৪ ও ২০১৮ সালে ঈশ্বরগঞ্জ আসন থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। তার প্রতিনিধিত্বকালে ঈশ্বরগঞ্জ উপজেলার শিক্ষা, যোগাযোগ, অবকাঠামো ও সামাজিক উন্নয়নে ব্যাপক অগ্রগতি সাধিত হয়েছে।

তিনি জানান, তিনি ১৯৮৮, ২০১৪ ও ২০১৮ সালে ঈশ্বরগঞ্জ আসন থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। তার সময়ে উপজেলার শিক্ষা, যোগাযোগ ও অবকাঠামো খাতে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। এলজিইডির আওতায় একাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত গ্রামীণ পল্লী উন্নয়নে ২৫৫ কিলোমিটার পাকা রাস্তা, ২ হাজার ২০১টি সেতু ও কালভার্ট, ৬টি ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স, ৮২টি দৃষ্টিনন্দন প্রাথমিক বিদ্যালয়, ১২টি গ্রোথ সেন্টার, ৩৮৫ হেক্টর জমিতে বেড়িবাঁধ নির্মাণ এবং ২.৫ কিলোমিটার বাগজুড়ি খাল খনন করা হয়েছে।

এছাড়া ৭৯টি মসজিদ, মন্দির ও কবরস্থান-শ্মশান উন্নয়ন করা হয়েছে। সোহাগী-সাহিতপুর সড়কে ৩ কোটি টাকা ব্যয়ে একটি ব্রিজ নির্মাণ করা হয়েছে। ৭১০ কোটি টাকা ব্যয়ে কেন্দুয়া-আঠারবাড়ি-ঈশ্বরগঞ্জ পর্যন্ত ১৪ কিলোমিটার মহাসড়ক এবং ৪৮১ কোটি টাকা ব্যয়ে নেত্রকোনার বিশিউরা-ঈশ্বরগঞ্জ অংশের ৩ কিলোমিটার মহাসড়ক নির্মাণ কাজ চলমান রয়েছে। গাজীপুর থেকে তারুন্দিয়াুউচাখিলা-রাজিবপুর-মধুপুর হয়ে হোসেনপুর পর্যন্ত দুই লেন সড়কের ঈশ্বরগঞ্জ অংশে ১৮ কিলোমিটার রাস্তার উন্নয়ন কাজও চলমান রয়েছে।

বেকার যুবক ও যুবতীদের কর্মসংস্থানের লক্ষ্যে রাজিবপুর ইউনিয়নের চররামমোহন এলাকায় ২২০ একর জমিতে একটি অর্থনৈতিক অঞ্চল নির্মাণের প্রক্রিয়া চলমান রয়েছে। যা বাস্তবায়িত হলে হাজারো মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে। এছাড়া ৩ কোটি ৫৮ লাখ টাকা ব্যয়ে জাটিয়া ইউনিয়নের সুটিয়া বাজারে দুইতলা আধুনিক মার্কেট নির্মাণ করা হয়েছে। উপজেলার ৩৭টি শিক্ষা প্রতিষ্ঠানে চারতলা একাডেমিক ভবন নির্মাণ সম্পন্ন হয়েছে।

তিনি আরও জানান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে ২৮টি গার্ডার ব্রিজ নির্মাণ, ভূমিহীন ও হতদরিদ্রদের জন্য ৫০টি সরকারি ঘর বরাদ্দ, দুর্যোগ সহনীয় ৫৬টি ঘর নির্মাণ করা হয়েছে। যার প্রতিটির মূল্য ২ লাখ ৫৮ হাজার টাকা। রাজিবপুর ইউনিয়নের চরনওপাড়া গ্রামে একটি বন্যা আশ্রয়কেন্দ্র ভবন নির্মাণ করা হয়েছে।

এছাড়া ৫ কোটি টাকা ব্যয়ে ঈশ্বরগঞ্জ কালীবাজার ঘাট সড়কের উচাখিলা অংশে ৬.৩ কিলোমিটার রাস্তা এবং ৪.৫০ কোটি টাকা ব্যয়ে সোহাগী ইউনিয়ন পরিষদ থেকে জাটিয়া ইউনিয়ন পরিষদ পর্যন্ত সড়ক নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। প্রায় ১০০ কোটি টাকা ব্যয়ে এমআরডিপি প্রকল্পের আওতায় বিভিন্ন সড়ক উন্নয়ন কাজ চলমান রয়েছে।

সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে ক্যান্সার, কিডনি রোগ, লিভার সিরোসিস ও স্ট্রোকে প্যারালাইজড ৪৮৮ জন রোগীকে ৫০ হাজার টাকা করে মোট ২ কোটি ৬৪ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। পাশাপাশি সারাদেশের ১৪টি উপজেলার সঙ্গে ঈশ্বরগঞ্জ উপজেলাকে নগরায়ন প্রকল্পের আওতায় অন্তর্ভুক্ত করা হয়েছে এবং নানামুখী উন্নয়ন কার্যক্রম অব্যাহত রয়েছে।

শেষে ফখরুল ইমাম বলেন, ঈশ্বরগঞ্জে আমি যে পরিমাণ উন্নয়ন করেছি, সমপরিমাণ উন্নয়ন অন্য কেউ করতে পারেননি। আমি যে উন্নয়ন করেছি, তার ধারাবাহিকতা রক্ষা এবং ঈশ্বরগঞ্জকে বাংলাদেশের একটি আধুনিক ও উন্নত উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই। উন্নয়ন কাজকে আরও গতিশীল করতে ভোটাররা যদি আমাকে যোগ্য মনে করেন, তবে আগামী ১২ ফেব্রুয়ারি লাঙ্গল প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করবেন। এই বিশ্বাস আমার রয়েছে।##

মন্তব্য (০)





  • company_logo