• আন্তর্জাতিক

‎আরও ৩৯ বাংলাদেশিকে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্র থেকে আরও ৩৯ জন বাংলাদেশিকে ফেরত পাঠানা হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) ভোর সাড়ে ৫টায় তাদের বহনকারী একটি বিশেষ সামরিক ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এরপর ব্র্যাকের পক্ষ থেকে তাদের পরিবহন সহায়তাসহ জরুরি সহায়তা দেয়া হয়।

‎ফেরত আসা ৩৯ জনের মধ্যে ২৬ জনই নোয়াখালীর। এছাড়া কুমিল্লা, সিলেট, ফেনী, ও লক্ষ্মীপুরের দুইজন করে এবং চট্টগ্রাম, গাজীপুর, ঢাকা, মুন্সিগঞ্জ এবং নরসিংদীর একজন করে রয়েছেন। এর আগে চলতি বছরে ১৮৭ বাংলাদেশিকে ফেরত পাঠায় মার্কিন প্রশাসন।

‎ফেরত আসাদের বরাতে ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম জানায়, এই ৩৯ জনের মধ্যে অন্তত ৩৪ জন জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) ছাড়পত্র নিয়ে ব্রাজিল গিয়েছিলেন। এরপর সেখান থেকে মেক্সিকো হয়ে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন তারা। আর বাকি পাঁচজনের মধ্যে তিনজন দক্ষিণ আফ্রিকা থেকে হয়ে ও দুইজন সরাসরি দেশটিতে প্রবেশ করেন। পরে তারা যুক্তরাষ্ট্রে বসবাসের জন্য আবেদন করলে আইনি প্রক্রিয়া শেষে তাদের বাংলাদেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেয় মার্কিন প্রশাসন।

‎ব্র্যাকের সহযোগী পরিচালক (মাইগ্রেশন ও ইয়ুথ প্ল্যাটফর্ম) শরিফুল হাসান বলেন, সরকারের পক্ষ থেকে ব্রাজিলে বৈধভাবে কর্মী পাঠানোর অনুমতি দেয়ার ক্ষেত্রে তারা ব্রাজিল না যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সেটি নিশ্চিত করতে সরকার বা এজেন্সি কী কোন সতর্ক ছিল? এই একেকজন ৩০ থেকে ৩৫ লাখ টাকা খরচ করে শুন্য হাতে ফিরলেন। এর তার দায় কার? যে এজেন্সি তাদের পাঠিয়েছিল ও অনুমোদন প্রক্রিয়ায় ছিলো তাদের জবাবদিহিতার আওতায় আনা উচিত। কয়েক হাজার কর্মী এভাবে ব্রাজিল গিয়েছে। নতুন করে ব্রাজিলে কর্মী পাঠানোর অনুমতি দেয়ার আগে সরকারের সতর্ক হতে হবে।

‎বিমানবন্দর সূত্রে জানা গেছে, এর আগে চলতি বছরের বিভিন্ন সময়ে ফেরত আসা বাংলাদেশিদের হাতে হাতকড়া ও পায়ে শেকল বেঁধে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো হলেও শুক্রবার ফেরত আসা বাংলাদেশিদের ক্ষেত্রে সেটি হয়নি।

‎প্রসঙ্গত, ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পর অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর অভিযান আরও জোরদার করা হয়েছে। এর ধারাবাহিকতায় একাধিক দফায় বাংলাদেশিসহ বিভিন্ন দেশের নাগরিকদের ফেরত পাঠানো হচ্ছে। এর আগে চলতি বছরের ৮ জুন একটি চার্টার্ড ফ্লাইটে ৪২ বাংলাদেশিকে ফিরিয়ে আনা হয়। আর ৬ মার্চ থেকে ২১ এপ্রিল পর্যন্ত একাধিক ফ্লাইটে আরও অন্তত ৩৪ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে। ২০২৪ সালের শুরু থেকে চলতি বছরের আগস্ট পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো বাংলাদেশির সংখ্যা ২২০ ছাড়িয়েছে।

‎মার্কিন আইন অনুযায়ী বৈধ কাগজপত্র ছাড়া অবস্থানকারী অভিবাসীদের আদালতের রায় বা প্রশাসনিক আদেশে দেশে ফেরত পাঠানো যায়। আশ্রয়ের আবেদন ব্যর্থ হলে অভিবাসন কর্তৃপক্ষ (আইসিই) তাদের প্রত্যাবাসনের ব্যবস্থা করে। সাম্প্রতিক সময়ে এ প্রক্রিয়া দ্রুততর করার কারণে চার্টার্ড ও সামরিক ফ্লাইটের ব্যবহার বেড়েছে।

মন্তব্য (০)





image

হরমুজ থেকে শুধু আমরাই মাইন অপসারণ করব: ইরান

নিউজ ডেস্ক : ইরানের আইন ও আন্তর্জাতিক বিষয়ক উপ-পররাষ্ট্রমন্...

image

কাতারে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের তথ্য নাকচ করল ইরান

নিউজ ডেস্ক : কাতারের রাজধানী দোহায় চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্র...

image

৯ হাজার কর্মী ছাঁটাই করছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো

নিউজ ডেস্ক : তামাক পণ্যের বিশ্বখ্যাত উৎপাদনকারী প্রতিষ্ঠান ব্রিটিশ আমেরি...

image

তিস্তা প্রকল্পে ঢাকার পাশে বেইজিং, ভারতের উদ্বেগ নিয়ে চীন...

আন্তর্জাতিক ডেস্ক: তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বাংলাদেশকে...

image

জব্দকৃত ৬০০ কোটি ডলার ফেরত পাচ্ছে ইরান

নিউজ ডেস্ক : ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ঘোষণা দিয়েছেন, যুক্তরাষ...

  • company_logo