• খেলাধুলা

আইনি লড়াইয়ে মরক্কোর কাছে শিরোপা হারাচ্ছে সেনেগাল?

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : আফ্রিকান ফুটবলের সাম্প্রতিক সময়ের সবচেয়ে আলোচিত বিতর্কগুলোর একটির নিষ্পত্তি হতে যাচ্ছে আজ (মঙ্গলবার)। গত বছর আফ্রিকা কাপ অব নেশনসের (আফকন) ফাইনালে মরক্কো ও সেনেগালের মধ্যকার ম্যাচ ঘিরে তৈরি হওয়া আইনি জটিলতার রায় জানাবে কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্ট (সিএএস)।

তবে আনুষ্ঠানিক ঘোষণা আসার আগেই রায়ের বিষয়ে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। মরক্কোর ফুটবল ফেডারেশনের ঘনিষ্ঠ সূত্রের দাবি, শিরোপা ধরে রাখছে মরক্কোই।

গত ১৮ জানুয়ারি রাবাতে অনুষ্ঠিত ফাইনালে অতিরিক্ত সময়ে মরক্কোকে হারিয়ে আফকনের শিরোপা জিতেছিল সেনেগাল। কিন্তু ম্যাচের ফল মাঠে নির্ধারিত হলেও বিতর্ক থামেনি। রেফারির সিদ্ধান্তের প্রতিবাদে একপর্যায়ে মাঠ ছেড়ে চলে যান সেনেগালের খেলোয়াড়েরা। পরে আবার মাঠে ফিরে খেলায় অংশ নেন তারা। শেষ পর্যন্ত পাপে গুয়ের গোলে জয় নিশ্চিত করে সেনেগাল।

তবে ম্যাচে সেনেগালের এমন আচরণকে নিয়মবহির্ভূত দাবি করে আপত্তি জানায় মরক্কোর ফুটবল ফেডারেশন। তাদের অভিযোগের ভিত্তিতে বিষয়টি পর্যালোচনা করে মার্চের মাঝামাঝি সময়ে সেনেগালের কাছ থেকে শিরোপা কেড়ে নেয় আফ্রিকান ফুটবল কনফেডারেশন (সিএএফ)। একই সঙ্গে মরক্কোকে ৩-০ গোলে বিজয়ী ঘোষণা করে চ্যাম্পিয়ন হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।

সিএএফের সিদ্ধান্তের পেছনে ছিল আফকনের ৮২ নম্বর অনুচ্ছেদ। এই নিয়ম অনুযায়ী, রেফারির অনুমতি ছাড়া কোনো দল খেলা ছেড়ে মাঠ থেকে বেরিয়ে গেলে কিংবা খেলতে অস্বীকৃতি জানালে তাদের পরাজিত ঘোষণা করা যেতে পারে। এমনকি প্রতিযোগিতা থেকেও বহিষ্কারের বিধান রয়েছে। এই ধারার ভিত্তিতেই সেনেগালের বিপক্ষে ব্যবস্থা নেয় আফ্রিকান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।

সিএএফের সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি লড়াইয়ে নামে সেনেগাল। বিষয়টি শেষ পর্যন্ত গড়ায় ক্রীড়া আদালতে। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার এক প্রতিবেদনে ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে জানানো হয়েছে, কয়েক মাস ধরে দুই পক্ষের বক্তব্য, যুক্তি ও পালটা যুক্তি পর্যালোচনা করেছে সিএএস। সবকিছু বিবেচনার পর আফ্রিকান ফুটবল সংস্থার সিদ্ধান্ত বহাল রাখার পক্ষেই রায় দিয়েছে আদালত বলে দাবি করা হচ্ছে। ফলে মরক্কোর চ্যাম্পিয়ন থাকার সম্ভাবনাই জোরালো হয়েছে।

মরক্কোর ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা অবশ্য রায় ফাঁসের খবর নিয়ে সতর্ক অবস্থানে রয়েছেন। তবে তাদের বিশ্বাস, আইনি দিক থেকে নিজেদের অবস্থান যথেষ্ট শক্তিশালী। তাদের মতে, সেনেগালের খেলোয়াড়দের মাঠ ছেড়ে চলে যাওয়ার ঘটনাটি স্পষ্ট নিয়মভঙ্গ, যা কোনোভাবেই উপেক্ষা করার সুযোগ নেই। যদিও সেনেগালের অবস্থান ছিল, রেফারির বিতর্কিত সিদ্ধান্তের প্রতিবাদ জানাতেই তারা এমন পদক্ষেপ নিয়েছিল।

তবে এখন পর্যন্ত রায়ের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। গণমাধ্যমে প্রকাশিত তথ্য ও সংশ্লিষ্ট সূত্রের বক্তব্যের ভিত্তিতেই মরক্কোর পক্ষে সিদ্ধান্ত যাওয়ার খবর ছড়িয়েছে। শেষ পর্যন্ত আফকনের ট্রফি মরক্কোর কাছেই থাকবে, নাকি সেনেগাল ফিরে পাবে তাদের মাঠের অর্জন—সেটি নিশ্চিত করবে সিএএসের আনুষ্ঠানিক রায়।

মন্তব্য (০)





  • company_logo