• লিড নিউজ
  • জাতীয়

কারা পাবেন সরকারি সহায়তা, নতুন নির্দেশিকায় ১২ শর্ত

  • Lead News
  • জাতীয়

প্রতীকী ছবি

নিউজ ডেস্ক : দুর্যোগে ক্ষতিগ্রস্ত, দুস্থ ও অতিদরিদ্র মানুষের জন্য সরকারি মানবিক সহায়তা পাওয়ার যোগ্যতা ও বিতরণের নিয়মে বড় পরিবর্তন এনেছে সরকার। এখন থেকে নির্ধারিত ১২টি মানদণ্ডের মধ্যে অন্তত চারটি পূরণ করতে পারলেই কোনো পরিবারকে এ সহায়তার জন্য যোগ্য বিবেচনা করা হবে। একই সঙ্গে ভিজিএফ, সাধারণ ত্রাণ (জিআর), খাদ্যশস্য, শিশুখাদ্য, পশুখাদ্য, শীতবস্ত্র এবং ঘর নির্মাণে ঢেউটিন ও নগদ অর্থ সহায়তার পরিমাণ নির্দিষ্ট করে দেওয়া হয়েছে।

সহায়তা বিতরণে স্বচ্ছতা আনতে সুবিধাভোগীদের ডিজিটাল ডাটাবেজ তৈরি, ওয়ার্ড থেকে জেলা পর্যায় পর্যন্ত তালিকা প্রণয়ন ও যাচাই-বাছাইয়ের পদ্ধতিও নির্ধারণ করা হয়েছে। বরাদ্দ পাওয়ার সাত কর্মদিবসের মধ্যে সহায়তা বিতরণ শেষ করতে হবে। তালিকা বা সহায়তা নিয়ে কোনো আপত্তি উঠলে তা সর্বোচ্চ ১৫ কার্যদিবসের মধ্যে নিষ্পত্তির বাধ্যবাধকতাও রাখা হয়েছে।

এসব বিধান রেখে ‘মানবিক সহায়তা কর্মসূচি বাস্তবায়ন নির্দেশিকা, ২০২৬’ জারি করেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। ২০১২-১৩ সালের নির্দেশিকা সংশোধন ও হালনাগাদ করে নতুন নীতিমালা প্রণয়ন করা হয়েছে। গত ১২ অক্টোবর মন্ত্রণালয়ের ত্রাণ কর্মসূচি-১ অধিশাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। নির্দেশিকাটি গেজেটে প্রকাশিত হয় ১০ নভেম্বর।

নতুন নির্দেশনা অনুযায়ী, স্বাভাবিক সময়ে দুস্থ ও অতিদরিদ্র পরিবার, দুর্যোগে ক্ষতিগ্রস্ত, সাময়িক খাদ্যসংকটে পড়া দরিদ্র জনগোষ্ঠী, অপুষ্টির ঝুঁকিতে থাকা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী, ধর্মীয় উৎসব পালনে অসচ্ছল জনগোষ্ঠী, তৃতীয় লিঙ্গের মানুষ, বেদে ও অনগ্রসর জনগোষ্ঠী এবং নদীভাঙন ও জলবায়ু পরিবর্তনে বাস্তুচ্যুত পরিবার এ সহায়তা পাবে। প্রয়োজনে সরকার অন্য ব্যক্তি, পরিবার বা জনগোষ্ঠীকেও কর্মসূচির আওতায় আনতে পারবে।

১২ শর্তের চারটি পূরণ করতে হবে

দুস্থ ও অতিদরিদ্র পরিবার শনাক্ত করতে ১২টি মানদণ্ড নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে অন্তত চারটি পূরণ করলে সংশ্লিষ্ট পরিবারকে মানবিক সহায়তার যোগ্য হিসেবে বিবেচনা করা হবে।

মানদণ্ডগুলোর মধ্যে রয়েছে পরিবারের বসতভিটা ছাড়া কৃষিজমি না থাকা, দিনমজুরের আয়ের ওপর নির্ভরশীলতা, পরিবারের প্রধান নারী শ্রমিক বা ভিক্ষাবৃত্তির ওপর নির্ভরশীল হওয়া, উপার্জনক্ষম পূর্ণবয়স্ক পুরুষ সদস্য না থাকা এবং স্কুলগামী শিশুকে উপার্জনের জন্য কাজে পাঠাতে বাধ্য হওয়া।

এ ছাড়া স্থায়ী উপার্জনক্ষম সম্পদ না থাকা, স্বামী পরিত্যক্তা, বিচ্ছিন্ন বা তালাকপ্রাপ্তা নারীর অসচ্ছল পরিবার, অসচ্ছল বীর মুক্তিযোদ্ধা বা তাদের পরিবারের সদস্য হওয়া, প্রতিবন্ধী সদস্য থাকা এবং অন্য কোনো নিয়মিত সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধাভোগী না হওয়াও বিবেচনায় আসবে। প্রাকৃতিক দুর্যোগে চরম খাদ্য বা অর্থসংকটে পড়া এবং বছরের অধিকাংশ সময় দুবেলা খাবার জোটে না—এমন পরিবারও তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার যোগ্য হবে।

ভিজিএফে ৩০ কেজি, মহামারিতে নগদ সহায়তা

দুস্থদের খাদ্যসহায়তা বা ভিজিএফ কর্মসূচিতে পরিবারপ্রতি সর্বোচ্চ ৩০ কেজি চাল বা গম দেওয়া যাবে। স্বাভাবিক সময়ে খাদ্য কিনতে অক্ষম দরিদ্র পরিবার, দুর্যোগে ক্ষতিগ্রস্ত এবং কৃষি বা অন্যান্য ক্ষেত্রে কর্মহীন সময়ে খাদ্যসংকটে পড়া জনগোষ্ঠী এ সুবিধা পাবে।

বিশেষ পেশায় নিয়োজিত অতিদরিদ্র মানুষকে জনস্বার্থে কাজ থেকে বিরত রাখার সময়ও খাদ্যসহায়তা দেওয়া যাবে। নতুন কোনো মহামারির কারণে বিভিন্ন পেশার মানুষ সাময়িকভাবে কর্মহীন হলে পরিবারপ্রতি মাসে ২০ থেকে ৩০ কেজি চাল বা গম অথবা দুই হাজার থেকে পাঁচ হাজার টাকা সহায়তা দেওয়ার বিধান রাখা হয়েছে।

অপুষ্টির ঝুঁকিতে থাকা প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের জন্য শিক্ষার্থীপ্রতি দৈনিক ৫০ গ্রাম সয়া প্রোটিন, ১০০ গ্রাম সয়া দুধ অথবা সরকার নির্ধারিত অন্য কোনো খাদ্য সরবরাহ করা যাবে।

দুর্যোগে মৃত্যুতে ৫০ হাজার টাকা

দুর্যোগ ও দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের তাৎক্ষণিক আর্থিক সহায়তার পরিমাণও নির্ধারণ করা হয়েছে। দুর্যোগে কারও মৃত্যু হলে তার পরিবার সর্বোচ্চ ৫০ হাজার টাকা পাবে। আহত ব্যক্তির চিকিৎসায় সর্বোচ্চ ২৫ হাজার এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে সর্বোচ্চ ১০ হাজার টাকা দেওয়া যাবে।

দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসচ্ছল শিক্ষাপ্রতিষ্ঠান, এতিমখানা, মসজিদ, মন্দির, প্যাগোডা, কিয়াং, পাঠাগার ও নিবন্ধিত সামাজিক প্রতিষ্ঠানের সংস্কার বা মেরামতে সর্বোচ্চ ২০ হাজার টাকা দেওয়া যাবে। বিশেষ ক্ষেত্রে মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে এ সহায়তা ৫০ হাজার টাকা পর্যন্ত বাড়ানো সম্ভব।

গবাদিপশু মারা গেলে গরু বা মহিষের জন্য সর্বোচ্চ ২৫ হাজার এবং ভেড়া বা ছাগলের জন্য পাঁচ হাজার টাকা সহায়তা দেওয়া যাবে। আহত পশুর চিকিৎসার জন্যও অর্থ বরাদ্দের সুযোগ রয়েছে। এ ছাড়া দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসচ্ছল পরিবারের মেয়ের বিয়েতে সর্বোচ্চ ৩০ হাজার এবং চরাঞ্চলের স্কুল-কলেজগামী মেয়েদের সাইকেল কেনার জন্য সর্বোচ্চ ১০ হাজার টাকা দেওয়া যাবে।

শিশুখাদ্যে ৩ হাজার, পশুখাদ্যে ২ হাজার টাকা

দুস্থ ও অতিদরিদ্র পরিবারের শিশুখাদ্য কেনার জন্য বছরে একবার সর্বোচ্চ তিন হাজার টাকা দেওয়া যাবে। এ অর্থ দিয়ে দুধ, হরলিক্স, সাগু, সুজি, বার্লি, চিনি ও নুডলসসহ প্রয়োজনীয় খাবার কেনা যাবে।

একইভাবে গবাদিপশুর খাবার কিনতে অসচ্ছল পরিবার বছরে একবার সর্বোচ্চ দুই হাজার টাকা পাবে। খৈল, ভুসি, খড়, কুড়ো ও ঘাসসহ বিভিন্ন গোখাদ্য কেনার জন্য এ অর্থ ব্যয় করা যাবে।

শীতবস্ত্রের ক্ষেত্রে একজনকে একটি কম্বল, চাদর বা কমফোর্টার এবং একটি পরিবারকে সর্বোচ্চ দুটি দেওয়া যাবে। অন্যান্য বস্ত্র ব্যক্তিপ্রতি একটি ও পরিবারপ্রতি সর্বোচ্চ তিনটি দেওয়া যাবে। তীব্র শীত, কুয়াশা বা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত পরিবারকে একটি করে তারপলিন বা তাবু দেওয়া যাবে। তবে আগের বছর একই ধরনের সরকারি সহায়তা পাওয়া ব্যক্তি বা পরিবার পরবর্তী সময়ে তা পাওয়ার যোগ্য হবে না।

ঢেউটিন ও ঘর নির্মাণে নগদ সহায়তা

দুস্থ মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী ও অতিদরিদ্র ব্যক্তির ঘর নির্মাণে সর্বোচ্চ ছয় বান্ডিল এবং পুনর্নির্মাণে চার বান্ডিল ঢেউটিন দেওয়া যাবে। সাধারণভাবে ১০ বছরে একবার এ সুবিধা পাওয়া যাবে।

দুর্যোগে বাসগৃহ বা স্বনির্মিত দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হলে মেরামতের জন্য সর্বোচ্চ দুই বান্ডিল এবং সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হলে তিন বান্ডিল ঢেউটিন দেওয়া যাবে। বিশেষ বিবেচনায় মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে তা পাঁচ বান্ডিল পর্যন্ত বাড়ানো যাবে। ক্ষতিগ্রস্ত দোকানের মালিক ও ব্যবসায়ী উভয়েই এ সুবিধা পাবেন।

শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান পুনর্নির্মাণে সর্বোচ্চ ১৫ বান্ডিল এবং অন্যান্য নিবন্ধিত প্রতিষ্ঠানের জন্য সাত বান্ডিল ঢেউটিন বরাদ্দের বিধান রয়েছে।

নগদ সহায়তার ক্ষেত্রে আংশিক ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামতে পরিবারপ্রতি সর্বোচ্চ ২০ হাজার এবং সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত ঘর পুনর্নির্মাণে ৫০ হাজার টাকা দেওয়া যাবে। শিক্ষা, ধর্মীয় ও নিবন্ধিত সামাজিক প্রতিষ্ঠানের মেরামত বা নির্মাণে সর্বোচ্চ এক লাখ টাকা সহায়তা পাওয়া যাবে। সরকারি জিআর কর্মসূচির আওতায় ঢেউটিন পাওয়া পরিবারকে প্রতি বান্ডিলের বিপরীতে ছয় হাজার টাকা করে দেওয়া যাবে। এ সুবিধাও ১০ বছরে একবারের বেশি পাওয়া যাবে না।

তালিকা যাচাই ও অভিযোগ নিষ্পত্তিতে নতুন নিয়ম

নতুন নির্দেশিকায় সুবিধাভোগী নির্বাচনে কয়েকটি ধাপ নির্ধারণ করা হয়েছে। ওয়ার্ডভিত্তিক বাস্তবায়ন কমিটি পাড়া ও গ্রাম পর্যায়ে দুস্থ ও অতিদরিদ্র পরিবারের তালিকা তৈরি করবে। পরে ইউনিয়ন বা পৌরসভা পর্যায়ের কমিটি তা যাচাই করে চূড়ান্ত অনুমোদনের জন্য পাঠাবে। ইউনিয়নের তালিকা উপজেলা কমিটি এবং পৌরসভার তালিকা জেলা প্রশাসক অনুমোদন করবেন। জেলা পর্যায়ে সব উপজেলার তালিকা একীভূত করে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে পাঠাতে হবে। অধিদপ্তর দেশের সব জেলার তথ্য সমন্বয় করে পূর্ণাঙ্গ তালিকা মন্ত্রণালয়ে জমা দেবে।

দুর্যোগে ক্ষয়ক্ষতির প্রতিবেদন, ক্ষতিগ্রস্ত এলাকার পরিমাণ এবং পরিবার ও প্রতিষ্ঠানের সংখ্যা বিশ্লেষণ করে সহায়তার বরাদ্দ নির্ধারণ করবে মন্ত্রণালয়।

তালিকায় নাম না থাকা বা সহায়তা নিয়ে কেউ সংক্ষুব্ধ হলে সংশ্লিষ্ট ইউনিয়ন বা পৌরসভা কমিটির সভাপতির কাছে আপত্তি জানাতে পারবেন। ইউনিয়ন কমিটির সিদ্ধান্তের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং পৌরসভা কমিটির সিদ্ধান্তের বিরুদ্ধে জেলা প্রশাসকের কাছে পুনর্বিবেচনার আবেদন করা যাবে। অভিযোগ পাওয়ার ১৫ কার্যদিবসের মধ্যে তা নিষ্পত্তি করতে হবে।

সাত কর্মদিবসে সহায়তা বিতরণ বাধ্যতামূলক

বরাদ্দ পাওয়ার সাত কর্মদিবসের মধ্যে সহায়তা বিতরণ শেষ করতে হবে। বিতরণ শেষে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে প্রতিবেদন জমা দিতে হবে। প্রকৃত উপকারভোগীদের কাছে সহায়তা পৌঁছানো এবং স্বজনপ্রীতি ও দুর্নীতি প্রতিরোধে নির্দেশিকায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

এ জন্য ইউনিয়ন, পৌরসভা ও সিটি করপোরেশনের ওয়ার্ডভিত্তিক ট্যাগ অফিসার নিয়োগ করতে হবে। প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়তা বিতরণে পৃথক ব্যবস্থা রাখতে হবে। প্রয়োজনে তাদের বাড়িতে সহায়তা পৌঁছে দেওয়ার নির্দেশনাও রয়েছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা চূড়ান্তভাবে অনুমোদিত সুবিধাভোগীদের তথ্য রেজিস্ট্রারে সংরক্ষণ করবেন। পাশাপাশি কম্পিউটারে নিকষ বা ইউনিকোড ফন্টে তথ্য সংরক্ষণ করতে হবে। মন্ত্রণালয়ের এসএনএসপি ও এমআইএসের মাধ্যমে এসব তথ্য প্রকাশ এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মাধ্যমে কেন্দ্রীয় ডাটাবেজ তৈরি করা হবে।

স্বচ্ছতা বাড়াতেই নতুন নির্দেশিকা

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ত্রাণ কর্মসূচি শাখার যুগ্ম সচিব সেখ ফরিদ আহমেদ গণমাধ্যমকে বলেন, নতুন নির্দেশিকায় কয়েকটি ক্ষেত্রে সহায়তার পরিমাণ ও আওতা বাড়ানো হয়েছে। আগে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের প্রতি বান্ডিল ঢেউটিনের বিপরীতে তিন হাজার টাকা দেওয়া হতো। এখন তা বাড়িয়ে সর্বোচ্চ ছয় হাজার টাকা করা হয়েছে। একইভাবে আগে সর্বোচ্চ দুই বান্ডিল ঢেউটিন দেওয়া হলেও এখন তা ছয় বান্ডিল পর্যন্ত করা হয়েছে।

তিনি জানান, ভিজিএফসহ বিভিন্ন মানবিক সহায়তা কর্মসূচির পরিমাণ ও আওতায় পরিবর্তন আনা হয়েছে। উপকারভোগী নির্বাচনে ১২টি মানদণ্ড নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ন্যূনতম চারটি পূরণ করলে সংশ্লিষ্ট ব্যক্তিকে সহায়তার যোগ্য হিসেবে বিবেচনা করা হবে।

সেখ ফরিদ আহমেদ বলেন, স্বচ্ছতা বাড়ানোর লক্ষ্যেই মূলত নতুন নির্দেশিকা করা হয়েছে। তবে এর বাস্তবায়ন নির্ভর করবে মাঠপর্যায়ের যাচাই-বাছাইয়ের ওপর। সংশ্লিষ্ট কর্মকর্তারা আন্তরিকতার সঙ্গে নির্ধারিত মানদণ্ড অনুসরণ করলে প্রকৃত উপযুক্ত ব্যক্তিরাই সহায়তা পাবেন। এটাই সরকারের লক্ষ্য।

মন্তব্য (০)





image

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

১

নিউজ ডেস্ক : সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আজ সন্ধ্যায় সশস্ত্র...

image

ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্র করার সাহস ...

২

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশপ্রেমিক জন...

image

২০৩০ সালের মধ্যে সশস্ত্র বাহিনীতে ‘ওয়ান র‍্যাঙ্ক, ওয়ান পে...

৩

নিউজ ডেস্কঃ সশস্ত্র বাহিনীকে আরও আধুনিক ও শক্তিশালী করত...

image

প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের সমস্যা চিহ্নিত করে তা সমাধান ক...

৪

নিউজ ডেস্কঃ প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের সমস্যা চিহ্নিত ক...

image

গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরেও সরকার পরিবর্তন হবে না: স...

৫

নিউজ ডেস্ক : শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি...

  • company_logo