• জাতীয়

হাসিনার প্রত্যাবর্তন ও গঙ্গার পানিচুক্তি, টালমাটাল ঢাকা-দিল্লি সম্পর্ক

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ হঠাৎ করেই বাংলাদেশে রাজনীতিতে উত্তাপ বিরাজ করছে। কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের রাজপথে সহিংসতা, বাড়িতে বাড়িতে অগ্নিসংযোগ এবং পুলিশের সঙ্গে সংঘর্ষ পরিস্থিতিকে আরও জটিল করে তোলেছে। যদিও বুধবার সরকার ও বিরোধী দলের পক্ষ থেকে যেকোনো সংঘাত মোকাবিলায় জাতীয় ঐক্যের কথা বলা হয়েছে। যেকোনো মূল্যে নাশকতা রুখে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।

এর মধ্যে আগামী মাসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার একতরফা ঘোষণা এবং গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হওয়ার বিষয়টি ঢাকা ও নয়াদিল্লির সামনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এ দুটি ঘটনা বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা এবং ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের ওপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

ভারতীয় সংবাদ সংস্থা আইএএনএসের প্রতিবেদনে বলা হয়েছে, একদিকে সারা দেশে আন্দোলন করে মজুরি বাড়ানোর দাবি জানাচ্ছেন তৈরি পোশাকশ্রমিকরা। অন্যদিকে ২০২৪ সালের আগস্টে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন সামনে রেখে আওয়ামী লীগের সমর্থকেরা সংগঠিত হওয়ার চেষ্টা করছেন বলে খবর পাওয়া যাচ্ছে। সব মিলিয়ে চলমান পরিস্থিতি সামাল দিতে চাপে পড়েছে নয় মাস বয়সি বিএনপি সরকার।

হাসিনার ফেরার সম্ভাবনায় বাড়ছে রাজনৈতিক উত্তাপ

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে এক বছর আগে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ডের রায় দেন।  ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সময় বিক্ষোভকারীদের ওপর তার সরকারের দমন-পীড়নের অভিযোগের সঙ্গে এ রায় সম্পর্কিত। যদিও এসব অভিযোগ অস্বীকার করেছেন শেখ হাসিনা।

ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই দেশে ফেরার হুমকি দিয়ে আসছেন। মৃত্যুদণ্ডের রায় সত্ত্বেও আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে বাংলাদেশে ফিরতে চান বলে বিভিন্ন সময়ে জানিয়েছেন সাবেক এই প্রধানমন্ত্রী। তার পাশাপাশি আওয়ামী লীগের অন্য নেতারাও আদালতে আত্মসমর্পণের প্রস্তুতির কথা বলেছেন।

অন্যদিকে দিল্লির কাছে শেখ হাসিনাকে ফেরত চেয়ে আসছে ঢাকা। প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে ফেরত আনার কথা বলা হচ্ছে। বাংলাদেশের সরকারি প্রতিনিধিরা এ বিষয়ে কঠোর অবস্থানের কথাও জানিয়েছেন। এমনকি তার মৃত্যুদণ্ড কার্যকরের সম্ভাবনার কথাও আলোচনায় এসেছে।

২০২৪ সালের আগস্টে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পরও বাংলাদেশের রাজনীতি পুরোপুরি স্থিতিশীলতা পায়নি।অন্তর্বর্তী সরকারের সময়ও বহু আন্দোলন হয়েছে। তবে আগামী ডিসেম্বরে হাসিনা দেশে ফেরার ঘোষণায় পরিস্থিতি নতুন করে অনিশ্চিত হয়ে উঠেছে। বিষয়টি এখন আর নিছক রাজনৈতিক জল্পনা নয়, বরং দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ একটি সম্ভাব্য ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আওয়ামী লীগের এক নেতা জানিয়েছেন, শেখ হাসিনার প্রত্যাবর্তন এবং পরবর্তী পরিস্থিতির ওপর দলটির ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করছে।

অন্যদিকে বিএনপি নেতাদের অভিযোগ, শেখ হাসিনার দেশে ফেরার আগে আওয়ামী লীগ দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে। সরকারও নিষিদ্ধ রাজনৈতিক সংগঠনটির বিরুদ্ধে অস্থিরতা সৃষ্টির চেষ্টার অভিযোগ তুলেছে।

তবে আওয়ামী লীগের সমর্থকদের দাবি, শেখ হাসিনা আইনি ও রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে দেশে ফিরতে চান। নির্বাসনে থেকে তিনি সহিংসতা উসকে দিচ্ছেন—এমন অভিযোগও তারা প্রত্যাখ্যান করেছেন।

গঙ্গার পানিচুক্তি নিয়ে অনিশ্চয়তা, নজর দিল্লির দিকে

বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতির পাশাপাশি দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে নতুন উদ্বেগ তৈরি করেছে গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হওয়ার বিষয়টি। চুক্তির মেয়াদ শেষ হতে এক মাসেরও কম সময় বাকি থাকলেও নতুন করে আলোচনা শুরুর বিষয়ে এখনো অনিশ্চয়তা কাটেনি।

বাংলাদেশের একটি ইংরেজি দৈনিকে বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর বক্তব্য তুলে ধরা হয়েছে। গত ৯ আগস্ট তিনি বলেছিলেন, দুদেশের প্রধানমন্ত্রীর বৈঠক হলে দ্বিপক্ষীয় অনেক সমস্যার সমাধান হতে পারে।

সাংবাদিকদের তিনি বলেন, ‘আমার মনে হয়, দুই নেতা বৈঠকে বসলে অনেক সমস্যার সমাধান সম্ভব।’

যুক্তরাষ্ট্রে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবিরও দুই দেশের প্রধানমন্ত্রীর বৈঠকের পক্ষে মত দিয়েছেন। 

সংবাদমাধ্যমটিকে তিনি বলেন, এমন বৈঠকের মাধ্যমে গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নের বিষয়ে সমঝোতায় পৌঁছানো সম্ভব। তার ভাষায়, ‘দুই প্রধানমন্ত্রী বৈঠকে বসলে তারা নীতিগতভাবে চুক্তিটি আরও একটি মেয়াদের জন্য নবায়নে সম্মত হতে পারেন। নতুন চুক্তি না হওয়া পর্যন্ত স্বল্প সময়ের জন্য মেয়াদ বাড়ানো কিংবা পর্যালোচনার জন্য এক বা দুই বছর সময় বাড়ানোর বিষয়টিও বিবেচনা করতে পারেন।’

গত আগস্টে বিবিসির এক প্রতিবেদনেও বলা হয়েছিল, বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার জন্য তাকে ভারত সফরে আমন্ত্রণ জানাতে আগ্রহী নয়াদিল্লি। তবে প্রস্তাবিত বৈঠকের সময়কে গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করা হয়েছিল।

তবে আলোচনার জন্য নয়াদিল্লির পক্ষ থেকে বারবার আমন্ত্রণ জানানো হলেও ঢাকা এখনো আনুষ্ঠানিকভাবে সাড়া দেয়নি।

সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটির ইনস্টিটিউট অব সাউথ এশিয়ান স্টাডিজ গত আগস্টে প্রকাশিত এক পর্যবেক্ষণে জানিয়েছিল, শেখ হাসিনাকে ফেরত চেয়ে দীর্ঘদিন ধরেই ভারতের সঙ্গে যোগাযোগ করছে বাংলাদেশ। একই সঙ্গে দেশে ফেরার বিষয়ে হাসিনার ঘোষণায় বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি আরও অস্থিতিশীল হতে পারে এবং ভারত-বাংলাদেশ সম্পর্কের ওপর বাড়তি চাপ তৈরি হতে পারে বলে সতর্ক করা হয়েছিল।

এদিকে বিএনপি সরকারের সামনে তাৎক্ষণিক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে তৈরি পোশাকশ্রমিকদের আন্দোলন। বাংলাদেশের মোট রপ্তানি আয়ের পাঁচ ভাগেরও বেশি আসে এ খাত থেকে। ফলে পোশাকশিল্পে যেকোনো ধরনের অস্থিরতা দেশের অর্থনীতির জন্য বড় উদ্বেগের কারণ হয়ে উঠতে পারে।

শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবি মেটানোর পাশাপাশি রাজনৈতিক অস্থিরতা নিয়ন্ত্রণ এবং অর্থনৈতিক চাপ সামাল দেওয়ার কঠিন পরিস্থিতির মুখে রয়েছে সরকার।

অন্যদিকে শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন এবং গঙ্গার পানি বণ্টন চুক্তির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা সামলাতে হবে ভারতকেও।

সব মিলিয়ে আগামী কয়েক সপ্তাহ ঢাকা ও নয়াদিল্লির সম্পর্কের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। রাজনৈতিক সমীকরণ, পানির ন্যায্য হিস্যা এবং দ্বিপক্ষীয় সহযোগিতার ভবিষ্যৎ—সবকিছুই এখন দুই দেশের কূটনৈতিক তৎপরতার ওপর নির্ভর করছে।

মন্তব্য (০)





  • company_logo