ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ আগামী মাস থেকে দেশের সব নারীকে ফ্যামিলি কার্ড দেয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, কে কাকে ভোট দিয়েছেন, সেটি বিবেচ্য নয়; সব নারীই সরকারের ফ্যামিলি কার্ড পাবেন। এ জন্য তালিকাও প্রস্তুত করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দীর্ঘ দুই দশকেরও বেশি সময় পর তিস্তাপারের জেলা লালমনিরহাট সফরে গিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
এসময় প্রধানমন্ত্রী জানান, ষষ্ঠ শ্রেণি থেকে ডিগ্রি পর্যন্ত ৭০ লাখ শিক্ষার্থীকে উপবৃত্তি দেয়া হবে। আগামী এক থেকে দুই মাসের মধ্যেই এ কার্যক্রম শুরু হবে।
শিল্পবিপ্লবের লক্ষ্যে খুলনা থেকে পঞ্চগড় ও লালমনিরহাট পর্যন্ত গ্যাসলাইন স্থাপনের পরিকল্পনার কথাও জানান তিনি। আগামী ছয় থেকে সাত মাসের মধ্যে এ কাজ শুরুর পরিকল্পনা রয়েছে বলে জানান প্রধানমন্ত্রী।
তারেক রহমান বলেন, ‘নির্বাচিত সরকার কৃষক, শ্রমিক ও নারীদের জন্য কাজ করছে। কিন্তু একটি মহল দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। যারা সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে ১৬ বছর দেশের মানুষকে নির্যাতন করেছে, তারাই এখন ষড়যন্ত্রে লিপ্ত।’
প্রধানমন্ত্রী বলেন, ‘এ দেশের মানুষের প্রতি তাদের (কার্যক্রম নিধিদ্ধ আওয়ামী লীগের) দরদ নেই। এই লক্ষ্যেই তারা দেশের মানুষের লক্ষ কোটি টাকা পাচার করেছে। যেই দেশে তারা পালিয়ে গেছে, সেই দেশ তাদের প্রভু। প্রভুদের খুশি করতে তারা আবার ষড়যন্ত্র করছে।’
তারেক রহমান বলেন, ‘যেভাবে চব্বিশে সবাই ঐক্যবদ্ধ হয়ে খুনি-সন্ত্রাসীদের বিতারিত করেছিল, ঠিক এখন ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। দেশের মানুষ আর গুম খুন ও ভোটদখলের রাজনীতি চায় না। যারা মানুষ হত্যা করে ক্ষমতায় টিকে থাকতে চায়; তারা দেশ ও দেশের মানুষের ভালো চায় না।’
লালমনিরহাট সফরে বিমানবন্দরে অবতরণের পর ‘অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’ আয়োজিত প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে যোগ দেয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এসময় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসও পরিদর্শন করবেন তিনি।
দুপুরে সদর উপজেলার মহেন্দ্রনগর পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। পাশাপাশি স্থানীয় উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করবেন।
এছাড়া বিকেলে কালেক্টরেট মাঠে আয়োজিত ‘আলোকিত লালমনিরহাট’ শীর্ষক অনুষ্ঠানে অংশ নেবেন তারেক রহমান। কর্মসূচি শেষে সন্ধ্যায় ঢাকায় ফেরার কথা রয়েছে তার।
নিউজ ডেস্কঃ আদালতে মামলার চাপ কমাতে এবং বিচারপ্রার্থীদ...
নিউজ ডেস্ক : অগ্নিসন্ত্রাসীদের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ কর...
নিউজ ডেস্কঃ ঘূর্ণিঝড় ‘আকভানের’ প্রভাবে সকা...
নিউজ ডেস্কঃ দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরও সাত শ...
নিউজ ডেস্কঃ হঠাৎ করেই বাংলাদেশে রাজনীতিতে উত্তাপ বিরাজ ...

মন্তব্য (০)