জামালপুর প্রতিনিধি : জামালপুর শহরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান জামালপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষক নিয়োগে অনিয়ম, জাল কম্পিউটার সনদ ব্যবহার, অবৈধভাবে চুক্তিভিত্তিক প্রধান শিক্ষকের দায়িত্ব পালন এবং বিদ্যালয়ের অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক মোহাম্মদ সুজানুর রহমান, সাবেক প্রধান শিক্ষক শেরফুল আনসারীসহ কয়েকজন শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।
সম্প্রতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দেওয়া এক লিখিত অভিযোগে এসব অনিয়মের বিষয় তুলে ধরে নিরপেক্ষ তদন্তের আবেদন জানিয়েছেন তাসলিমা আক্তার।
অভিযোগে বলা হয়েছে, জামালপুর উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক (কম্পিউটার) পদে শাহজাহান কবীর ২০০০ সালের ১৯ জুন যোগদান করেন। পরবর্তীতে একই পদে মুমিনুর রহমান ২০১৪ সালের ২৩ এপ্রিল যোগদান করেন। অভিযোগকারীর দাবি, উভয়ের নিয়োগের ক্ষেত্রে কম্পিউটার সনদ নিয়ে জালিয়াতির অভিযোগ রয়েছে। অথচ ২০১৮ সালের জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী সহকারী শিক্ষক (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি) পদে একজনের পদসংস্থান থাকার কথা উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে নিয়োগসংক্রান্ত কাগজপত্র ও সনদ যাচাইয়ের দাবি জানানো হয়েছে।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, ২০২৩ সালের ২৬ জুলাই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির ৮৫/২০২৩ নম্বর সভায় সহকারী শিক্ষক শাহজাহান কবীরের কম্পিউটার সনদ নিয়ে প্রশ্ন ওঠে। ওই সভায় সাত কর্মদিবসের মধ্যে সনদের সত্যায়িত কপি জমা দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছিল বলে অভিযোগে উল্লেখ রয়েছে।
সাবেক প্রধান শিক্ষক শেরফুল আনসারীর বিরুদ্ধেও সরকারি পূর্বানুমোদন ছাড়াই অবসর-পরবর্তী সময়ে চুক্তিভিত্তিকভাবে প্রধান শিক্ষকের দায়িত্ব পালনের অভিযোগ আনা হয়েছে। অভিযোগ অনুযায়ী, তাঁর চাকরির মেয়াদ ২০২২ সালের ১৫ জানুয়ারি শেষ হলেও পরবর্তীতে বিদ্যালয়ের পরিচালনা কমিটির সিদ্ধান্তের ভিত্তিতে তিনি দায়িত্ব পালন অব্যাহত রাখেন। অথচ ২০২১ সালের ২৮ মার্চের প্রজ্ঞাপন অনুযায়ী, সরকারের পূর্বানুমোদন ছাড়া কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়ার সুযোগ নেই বলে অভিযোগকারী দাবি করেছেন।
এ ছাড়া শেরফুল আনসারীর বিরুদ্ধে তাঁর স্ত্রীর বড় ভাই আবু জাফর আহাম্মেদকে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত করার ক্ষেত্রেও অনিয়মের অভিযোগ করা হয়েছে। পরবর্তীতে ওই কমিটির কার্যক্রম স্থগিত ও বাতিলের বিষয়টিও অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, ২০২৩ সালের ২০ আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ জামালপুর উচ্চ বিদ্যালয়সহ কয়েকটি প্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকদের চুক্তিভিত্তিক নিয়োগের আবেদন অনুমোদন না করে। এরপরও শেরফুল আনসারী দায়িত্ব পালন করেছেন এবং বিদ্যালয়ের তহবিল থেকে বেসরকারি বেতন-ভাতা গ্রহণ করেছেন বলে অভিযোগকারীর দাবি।
অন্যদিকে, বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক মোহাম্মদ সুজানুর রহমানের নিয়োগ নিয়েও প্রশ্ন তুলেছেন অভিযোগকারী। তাঁর দাবি, ২০২৪ সালের ১৪ মে তিনি প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন। তবে নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম এবং তৎকালীন ম্যানেজিং কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন রয়েছে। নিয়োগসংক্রান্ত কাগজপত্র, শিক্ষাগত যোগ্যতার সনদ ও নিয়োগপত্র যাচাইয়ের মাধ্যমে বিষয়টি তদন্তের দাবি জানানো হয়েছে।
অভিযোগপত্রে বিদ্যালয়ের সাবেক ও বর্তমান দায়িত্বশীল ব্যক্তিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগও আনা হয়েছে। বিশেষ করে ২০২১ থেকে ২০২৬ সাল পর্যন্ত বিদ্যালয়ের আয়-ব্যয়ের হিসাব সরকারি অডিটের মাধ্যমে নিরীক্ষার দাবি জানিয়েছেন অভিযোগকারী। বিদ্যালয়ের দোকানপাটের ভাড়া, মিলনায়তন ভাড়া এবং অন্যান্য আয়ের উৎস থেকে প্রাপ্ত অর্থের হিসাবও তদন্তের আওতায় আনার অনুরোধ করা হয়েছে।
এ ছাড়া বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক ও কর্মচারীর বিএড, গ্রন্থাগারিক, ল্যাব সহকারীসহ বিভিন্ন সনদের বৈধতা এবং নিয়োগের ক্ষেত্রে পদসংস্থান ও যোগ্যতা অনুসরণ করা হয়েছে কি না, তা যাচাইয়ের দাবি জানানো হয়েছে।
অভিযোগকারী জানান, এর আগেও ২০২৫ সালের ৩০ এপ্রিল মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর এ বিষয়ে লিখিত আবেদন করা হয়েছিল। অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্তের উদ্যোগ নেওয়া হলেও পরবর্তীতে বিষয়টি কার্যকরভাবে এগোয়নি বলে তাঁর দাবি।
লিখিত আবেদনে একই পদে দুইজন সহকারী শিক্ষক নিয়োগ, কম্পিউটার সনদের সত্যতা, সাবেক প্রধান শিক্ষকের চুক্তিভিত্তিক দায়িত্ব পালন, বর্তমান প্রধান শিক্ষকের নিয়োগের বৈধতা এবং বিদ্যালয়ের আর্থিক লেনদেনের বিষয়গুলো নিরপেক্ষভাবে তদন্তের দাবি জানানো হয়েছে। পাশাপাশি অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের এমপিও বাতিলসহ প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।
এ-সব অভিযোগের বিষয়ে সহকারী শিক্ষক সহকারী শিক্ষক (কম্পিউটার) পদে শাহজাহান কবীর ও মমিনুর রহমানের মোবাইলে কল দিয়ে পাওয়া যায়নি।
এসব অভিযোগের বিষয়ে সাবেক প্রধান শিক্ষক শেরফুল আনসারী মোবাইলে কল দেয়া হলে তার স্ত্রী রিসিভ করে বলেন, তিনি বাসায় নাই আসলে কল দিতে বলবো।
বর্তমান প্রধান শিক্ষক মোহাম্মদ সুজানুর রহমান বলেন, অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা। এর আগেও তিনি কয়েক জায়গায় অভিযোগ দিয়েছিল অভিযোগের কোন সত্যতা পাওয়া যায়নি।
জামালপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জানোয়ার হোসেন বলেন, এ ধরনের অভিযোগ আমরা এখনো পাইনি। অভিযোগ পেলে আমরা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিব।
মন্তব্য (০)