• সমগ্র বাংলা

ঢাকা-পাবনা আন্তনগর ট্রেন চালু হচ্ছে আজ

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্ক: দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে চালু হচ্ছে ঢাকা-পাবনা সরাসরি আন্তনগর ট্রেন সার্ভিস। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে এ রেলসেবার উদ্বোধন করা হবে। এতে পাবনাবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ট্রেনটির উদ্বোধন করবেন রেলমন্ত্রী শেখ রবিউল আলম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে থাকবেন রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, রেলপথ মন্ত্রণালয়সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আলী আসগর এবং পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. শামসুর রহমান শিমুল বিশ্বাসসহ স্থানীয় নেতারা।

রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকীর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উদ্বোধনের দিন বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় ‘পাবনা উদ্বোধনী এক্সপ্রেস’ নামে ট্রেনটি পাবনা থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করবে।


সূচি অনুযায়ী, ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ ঢাকা থেকে বিকেল ৩টা ২৫ মিনিটে পাবনার উদ্দেশে এবং ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ পাবনা থেকে সকাল ৮টায় ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে। ঢাকা-পাবনা-ঢাকা রুটে চলাচলকালে ট্রেন দুটি ঈশ্বরদী, চাটমোহর, বড়ালব্রিজ, উল্লাপাড়া, শহীদ এম.এ মনসুর আলী, টাঙ্গাইল, জয়দেবপুর ও ঢাকা বিমানবন্দর স্টেশনে যাত্রাবিরতি দেবে। এর ফলে পাবনাবাসীর দীর্ঘদিনের যাতায়াত ভোগান্তি কমবে এবং রাজধানীর সঙ্গে সরাসরি ও নিরাপদ রেল যোগাযোগ স্থাপিত হবে।

১২টি কোচ নিয়ে চলাচল করবে ট্রেন দুটি। যাত্রাপথে উভয় দিকেই দাশুড়িয়া, ঈশ্বরদী, চাটমোহর, বড়ালব্রিজ, উল্লাপাড়া, শহিদ এম মনসুর আলী, টাঙ্গাইল, জয়দেবপুর ও ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি থাকবে।

পাকশী পশ্চিমাঞ্চল বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক আবু হেনা মোস্তফা আলম জানান, আগামী ১৯ নভেম্বর বিকেলে পাবনা রেলওয়ে স্টেশনে নতুন ট্রেন সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। উদ্বোধনের পর থেকেই এই রুটে নিয়মিত ট্রেন চলাচল শুরু হবে। এ উপলক্ষে প্রয়োজনীয় সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।


সংশ্লিষ্টদের মতে, নতুন এই রেল যোগাযোগ চালু হলে পাবনাবাসীর যাতায়াতের সুবিধা বাড়ার পাশাপাশি জেলার অর্থনীতি, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, চিকিৎসা ও পর্যটন খাতেও ইতিবাচক প্রভাব পড়বে। বিশেষ করে রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিতে যাওয়া রোগী, শিক্ষার্থী, ব্যবসায়ী ও চাকরিজীবীদের দীর্ঘদিনের ভোগান্তি কমবে। সড়কপথের যানজট ও যাত্রার অনিশ্চয়তা এড়িয়ে সাধারণ মানুষ তুলনামূলক স্বস্তিদায়ক রেলযাত্রার সুযোগ পাবেন।

পাবনা প্রেস ক্লাবের সভাপতি আকতারুজ্জামান আখতার বলেন, পাবনার রেল যোগাযোগের ইতিহাস শত বছরেরও বেশি পুরোনো হলেও জেলা সদরের মানুষ এতদিন সরাসরি আন্তনগর ট্রেনের সুবিধা থেকে বঞ্চিত ছিলেন। অবশেষে সেই অপেক্ষার অবসান হতে যাচ্ছে। এটি পাবনাবাসীর জন্য অত্যন্ত আনন্দের এবং প্রত্যাশিত একটি অর্জন।

পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক এবিএম ফজলুর রহমান বলেন, এটি আমাদের জন্য খুবই খুশির খবর। ট্রেন চলাচল নিয়ে অনেক আলোচনা-সমালোচনা হয়েছে। আদৌ চালু হবে কি না, তা নিয়েও নানা প্রশ্ন ছিল। অবশেষে ট্রেন চলাচল শুরু হচ্ছে, এটি এখন বাস্তব। এর মাধ্যমে পাবনার উন্নয়ন অনেক এগিয়ে যাবে। ঢাকায় যাতায়াতে পাবনাবাসী সুফল পাবেন। পাশাপাশি আর্থসামাজিক উন্নয়নেও অগ্রগতি হবে।

পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেন, এই ট্রেন চালুর মধ্য দিয়ে জনগণের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে। এটি পাবনার মানুষের দীর্ঘদিনের দাবি ও প্রত্যাশা ছিল। সেই দাবি বাস্তবায়নে তিনি মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে কাজ করেছেন। অবশেষে ট্রেন চালুর অপেক্ষা শেষ হতে যাচ্ছে। বর্তমান সরকার তাদের প্রতিশ্রুতি বাস্তবায়নে বদ্ধপরিকর। সবার সহযোগিতায় পাবনা আগামীতে আরও উন্নয়নের দিকে এগিয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

উল্লেখ্য, পাবনার সঙ্গে রেল যোগাযোগের ইতিহাস শতবর্ষেরও বেশি পুরোনো। ১৯১৫ সালে হার্ডিঞ্জ ব্রিজ চালুর মধ্য দিয়ে এ অঞ্চলে রেল যোগাযোগের বিস্তার ঘটে। পরে ১৯৯৮ সালে যমুনা সেতু চালুর পর উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ আরও সম্প্রসারিত হয়। তবে দীর্ঘ সময় ধরে পাবনা জেলা সদর রাজধানীর সঙ্গে সরাসরি আন্তনগর রেল যোগাযোগের বাইরে ছিল। ফলে ঢাকায় যাতায়াতের জন্য জেলার মানুষকে বাস কিংবা অন্য রুটের ট্রেনের ওপর নির্ভর করতে হতো।

মন্তব্য (০)





image

জামালপুর উচ্চ বিদ্যালয়ে নিয়োগ ও সনদ জালিয়াতির অভিযোগ, নির...

১

জামালপুর প্রতিনিধি : জামালপুর শহরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্...

image

কটিয়াদীতে ৪০০-এর বেশি লগি-বৈঠা জব্দ করলো পুলিশ

২

‎নিউজ ডেস্ক: কিশোরগঞ্জের কটিয়াদীতে অভিযান চালিয়ে ৪০০-এর বেশি লগি-বৈঠা জব্...

image

শীতে কাঁপছে পঞ্চগড়, তাপমাত্রা ১২.৫ ডিগ্রি

৩

‎নিউজ ডেস্ক: উত্তরের জেলা পঞ্চগড়ে ক্রমেই কমছে তাপমাত্রা। বাড়ছে শীতের দাপট...

image

সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের বাড়িতে পুলিশের অভিযান

৪

‎নিউজ ডেস্ক: আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে সম্ভাব্য না...

image

জুলাই গ্রাফিতি মুছে দেয়ালে ‘জয় বাংলা’, ভিডিও ভাইরাল

৫

‎নিউজ ডেস্ক: চট্টগ্রামের ফটিকছড়িতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সীমানা...

  • company_logo