• আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান কি ফের যুদ্ধে জড়াচ্ছে?

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : ইরানের সঙ্গে উত্তেজনা আবারও বেড়ে যাওয়ায় মধ্যপ্রাচ্যে তৃতীয় বিমানবাহী রণতরি মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। এতে নতুন করে বড় ধরনের সংঘাত শুরুর আশঙ্কা তৈরি হয়েছে।

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের অভিযান শুরুর প্রায় ৯ মাস পরও সংঘাত অবসানের আন্তর্জাতিক প্রচেষ্টা থমকে রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরও হামলার হুমকি দিয়েছেন। তবে একই সঙ্গে তিনি দাবি করছেন, যুদ্ধ কার্যত শেষ হয়ে গেছে।

যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি কতটা বেড়েছে?

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড গত সোমবার জানিয়েছে, ইউএসএস থিওডর রুজভেল্ট মধ্যপ্রাচ্যে পৌঁছেছে। গত সেপ্টেম্বরে সান দিয়েগো ছেড়ে আসা এই রণতরির সঙ্গে হাজার হাজার অতিরিক্ত সেনাসদস্যও এ অঞ্চলে এসেছে।

রুজভেল্ট ও এর সঙ্গে থাকা স্ট্রাইক গ্রুপের সঙ্গে যুক্ত হয়েছে ইউএসএস জর্জ এইচ ডব্লিউ বুশ, যা এপ্রিলে মধ্যপ্রাচ্যে পৌঁছেছিল এবং ইউএসএস জর্জ ওয়াশিংটন, যা আগস্টে মোতায়েন করা হয়। ২০০৩ সালের পর প্রথমবারের মতো গত এপ্রিলে একই সময়ে এ অঞ্চলে তিনটি বিমানবাহী রণতরি স্ট্রাইক গ্রুপ মোতায়েন করেছিল পেন্টাগন।

মার্কিন নৌবাহিনীর তথ্য অনুযায়ী, আরব সাগরে যুক্তরাষ্ট্রের নৌবহরে রয়েছে ১৩টি ডেস্ট্রয়ার, দুটি ক্রুজার এবং একটি লিটোরাল কমব্যাট শিপ। এ ছাড়া লোহিত সাগরে রয়েছে আরও দুটি ডেস্ট্রয়ার। তিনটি জাহাজে প্রায় ২ হাজার মেরিন সেনা বহনকারী একটি উভচর সামরিক দলও রয়েছে, তবে সেটি এখনো পৌঁছায়নি।

প্রাথমিকভাবে জর্জ ওয়াশিংটনের স্থলাভিষিক্ত হওয়ার কথা ছিল রুজভেল্টের। তবে তিনটি রণতরি কত দিন একই সময়ে এ অঞ্চলে অবস্থান করবে, তা এখনো স্পষ্ট নয়।

সর্বশেষ উত্তেজনা বৃদ্ধির কারণ কী?

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে কয়েকটি ড্রোন হামলা চালিয়েছে। ওয়াশিংটনের বৈরী সামরিক অভিযান ও ইরানের আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ তুলে এসব হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে সংস্থাটি।

পাঁচ দিনের মধ্যে তিনবার বাহরাইনে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনায় হামলা হয়েছে। সর্বশেষ মঙ্গলবার শেখ ঈসা বিমানঘাঁটির একটি রাডার স্থাপনাকে লক্ষ্য করে ইরান ড্রোন হামলা চালায়।

এর কয়েক ঘণ্টা পর ওয়াশিংটন পাল্টা পদক্ষেপ নেয়। তারা পারস্য উপসাগরের প্রবেশমুখের কাছে ইরানের কেশম দ্বীপে আইআরজিসির একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকেন্দ্রে হামলা চালায়। যুক্তরাষ্ট্র এই হামলাকে ‘আত্মরক্ষামূলক’ বলে বর্ণনা করেছে।

যুদ্ধবিরতির কী হলো?

২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলা শুরু হয়। এর জবাবে মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন সামরিক ঘাঁটি এবং যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য লক্ষ্যবস্তুতে পাল্টা হামলা চালায় তেহরান। ইরান কার্যত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ করে দেয়। অন্যদিকে ওয়াশিংটন ইরানের বন্দরগুলোতে অবরোধ আরোপ করে।

এপ্রিলে দুই পক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হলেও পরবর্তী আলোচনা স্থায়ী সমঝোতা আনতে ব্যর্থ হয়। জুনে স্বাক্ষরিত একটি সমঝোতা স্মারকের মাধ্যমে সাময়িকভাবে জাহাজ চলাচলের বিধিনিষেধ শিথিল করা হয়। পাশাপাশি আরও আলোচনার জন্য ৬০ দিন সময় দেওয়া হয়। তবে চুক্তি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগে সমঝোতাটি ভেস্তে যায়।

জুলাইয়ে ওয়াশিংটন তাদের নৌ অবরোধ আরও জোরদার করে। এরপর ইরানে স্থলপথে সরবরাহের রুটগুলো ব্যাহত করার পরিকল্পনার কথাও জানায় যুক্তরাষ্ট্র। দুই পক্ষের মধ্যে সীমিত পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে। চলতি মাসের শুরুতে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর বড় ধরনের সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা আরও বেড়েছে।

ইরান কি ‘ডার্টি বোমা’ হামলার পরিকল্পনা করছে?

সোমবার সিএনএনের এক প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে দাবি করা হয়, ইরানের কর্মকর্তারা ওয়াশিংটনে সম্ভাব্য রাসায়নিক বা তেজস্ক্রিয় ‘ডার্টি বোমা’ হামলার বিষয়টি বিবেচনা করেছিলেন। তবে নতুন বা বিশ্বাসযোগ্য কোনো হুমকির বিষয়টি নিশ্চিত করে কোনো কর্মকর্তা প্রকাশ্যে বক্তব্য দেননি।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এই অভিযোগকে ‘আজগুবি’ বলে উড়িয়ে দিয়েছেন। তিনি অভিযোগ করেন, নতুন করে সংঘাত শুরুর যৌক্তিকতা তৈরি করতে ইসরাইলপন্থি গণমাধ্যমগুলো অস্তিত্বহীন গণবিধ্বংসী অস্ত্র নিয়ে ‘ইরাক যুদ্ধের ধাঁচের প্রচারণা’ চালাচ্ছে।

ট্রাম্প বলেন, ওয়াশিংটন ওই প্রতিবেদনকে গুরুত্বের সঙ্গে দেখছে। এ ঘটনায় নজিরবিহীন পরিণতির হুমকিও দিয়েছেন তিনি। পাশাপাশি তিনি সতর্ক করে বলেছেন, মার্কিন বাহিনী ‘প্রস্তুত ও সশস্ত্র’ অবস্থায় রয়েছে। ভূগর্ভস্থ পিকঅ্যাক্স মাউন্টেন স্থাপনাসহ তেহরানের পারমাণবিক কর্মকাণ্ডের কারণে আরও পদক্ষেপ নেওয়ারও হুমকি দিয়েছেন তিনি।

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ কার হাতে?

গুরুত্বপূর্ণ এই নৌপথ এখনো উত্তেজনার বড় কেন্দ্র। ওয়াশিংটন ও তেহরান উভয় পক্ষই এর নিয়ন্ত্রণের দাবি করছে এবং বাণিজ্যিক জাহাজগুলোর প্রতি পরস্পরবিরোধী নির্দেশনা দিচ্ছে।

ওয়াশিংটনের দাবি, তারা জলপথটি থেকে মাইন সরিয়ে ফেলেছে এবং কিছু জাহাজকে নিরাপত্তা দিয়ে চলাচলের সুযোগ দিচ্ছে। তবে ইরানের বন্দর থেকে আসা-যাওয়া করা জাহাজগুলোকে এখনো বাধা দিচ্ছে ও অচল করে দিচ্ছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে তেহরানকে ট্রানজিট ফি দেওয়া শিপিং কোম্পানিগুলোর ওপর কঠোর জরিমানাও আরোপ করছে।

 

মন্তব্য (০)





  • company_logo