ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক: ভারতে অবস্থানরত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃ'ত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কূটনৈতিক ও প্রশাসনিক উদ্যোগের মাধ্যমে দেশে ফিরিয়ে এনে আইনি হেফাজতে নেওয়া এবং পরবর্তী বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করার দাবি জানিয়ে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) জনস্বার্থে এই নোটিশটি পাঠান বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন। মন্ত্রিপরিষদ সচিব, পররাষ্ট্র সচিব, স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এবং নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনারকে পাঠানো এই নোটিশে রাষ্ট্রীয় গোপনীয়তা রক্ষা, জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রতিবেশী দেশের সঙ্গে সম্ভাব্য সামরিক সংঘাতের ঝুঁকি প্রতিরোধের বিষয়টি উল্লেখ করা হয়েছে।
রাষ্ট্রীয় নিরাপত্তা ও ভূরাজনৈতিক ঝুঁকির আশঙ্কা
আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুনের পাঠানো নোটিশে বলা হয়েছে, দীর্ঘ সময় প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের কারণে শেখ হাসিনার কাছে বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থা, গোয়েন্দা নেটওয়ার্ক ও জাতীয় নিরাপত্তাসংক্রান্ত সংবেদনশীল তথ্য রয়েছে। প্রতিবেশী রাষ্ট্রে তার দীর্ঘ অবস্থান এসব রাষ্ট্রীয় গোপনীয় তথ্য ফাঁ'স হওয়ার ঝুঁকি তৈরি করতে পারে। এ প্রসঙ্গে ২০১৫ সালে ইয়েমেনের সাবেক প্রেসিডেন্ট আবদরাব্বুহ মানসুর হাদির সৌদি আরবে আশ্রয় এবং ২০১৪ সালে ইউক্রেনের সাবেক প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচের রাশিয়ায় অবস্থানের ফলে সৃষ্ট আঞ্চলিক ও সশ'স্ত্র সংঘা'তের উদাহরণ টেনে বাংলাদেশ ও ভারতের মধ্যে যেন এমন কোনো বৈরী পরিস্থিতি তৈরি না হয়, সে বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে।
প্রত্যাবর্তনের রূপরেখা, বিশেষ সাব-জেল ও বিচারিক প্রক্রিয়ার প্রস্তাব
নোটিশে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে কয়েকটি সুনির্দিষ্ট আইনি ও প্রশাসনিক প্রক্রিয়ার প্রস্তাব দেওয়া হয়েছে:
কূটনৈতিক পদক্ষেপ ও আত্মসমর্পণ: পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে আনুষ্ঠানিক কূটনৈতিক পত্র বা ‘নোট ভার্বাল’ পাঠিয়ে সহযোগিতা চাওয়া। এরপর ১৯৬১ সালের ভিয়েনা কনভেনশন অনুযায়ী নয়াদিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশন প্রাঙ্গণে তার প্রবেশ ও আত্মসমর্পণের সুযোগ তৈরি করে সেখানেই পুলিশের বিশেষ দলের মাধ্যমে তাকে গ্রেপ্তার ও ট্রাভেল পাস ইস্যু করা।
বিশেষ সাব-জেল ও নিরাপত্তা: বিশেষ চার্টার্ড বা বাণিজ্যিক ফ্লাইটে ঢাকায় আনার পর জনশৃঙ্খলা ও নিরাপত্তার স্বার্থে বিমানবন্দর থেকে হেলিকপ্টারে সরাসরি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অবস্থিত তার পৈতৃক বাসভবনে নিয়ে যাওয়া। কারা আইন ও জেল কোড অনুসরণ করে সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে ওই বাসভবনটিকে বিশেষ সাব-জেল বা উপ-কারাগার হিসেবে ঘোষণার প্রস্তাব দেওয়া হয়েছে।
আপিল ও ভার্চুয়াল বিচার: আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩-এর ২১ ধারা অনুযায়ী বিলম্ব মার্জনার আবেদন সাপেক্ষে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে তার আপিলের সুযোগ নিশ্চিত করা এবং নিরাপত্তার ঝুঁকি এড়াতে অন্যান্য বিচারাধীন মামলায় ভার্চুয়াল হাজিরার ব্যবস্থা করা।
আগামী ১৫ দিনের মধ্যে এসব বিষয়ে কার্যকর পদক্ষেপ নিয়ে লিখিতভাবে না জানালে সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্ট বিভাগে জনস্বার্থে রিট পিটিশন দায়ের করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।
নিউজ ডেস্কঃ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) ...
নিউজ ডেস্কঃ সাভার আশুলিয়া শিল্পাঞ্চল শ্রমিকদের আন্দোলনক...
নিউজ ডেস্কঃ জাতীয় সংসদের চলতি অধিবেশনের শেষ দিনে বিএনপি...
নিউজ ডেস্কঃ শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানা...
নিউজ ডেস্কঃ বাইরে সহিংসতা করে ঢাকায় এসে বিভিন্ন স্থানে...

মন্তব্য (০)