• লিড নিউজ
  • জাতীয়

পানির ন্যায্য হিস্যার দাবিতে মওলানা ভাসানী গোটা জাতিকে জাগিয়ে তুলেছিলেন: রিজভী

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ভারতের কাছ থেকে পানির ন্যায্য হিস্যা আদায়ে বাংলাদেশেকে তীব্র প্রতিবাদ তুলতে হবে। পানির ন্যায্য হিস্যার দাবিতে মাওলানা ভাসানী লংমার্চের মাধ্যমে গোটা জাতিকে জাগিয়ে তুলেছিলেন, ঐক্যবদ্ধ করেছিলেন।
‎
‎আজ রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আন্তর্জাতিক ফারাক্কা কমিটি বাংলাদেশ (আইএফসি) আয়োজিত মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
‎
‎তিনি বলেন, পানির ন্যায্য হিস্যা আদায়ের সংগ্রামে মওলানা ভাসানী বাংলাদেশের মানুষের প্রেরণার উৎস। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াও পানির ন্যায্য হিস্যার দাবিকে জাতিসংঘে তুলে ধরেছিলেন।
‎
‎রিজভী বলেন, দেশের ন্যায্য পাওনা আদায়ের জন্য স্বাধীনতার পর থেকেই বরেণ্য রাজনীতিবিদরা লড়াই করে আসছেন। তাদের কাজ ও সংগ্রাম পরবর্তী প্রজন্মের জন্য প্রেরণার উৎস হয়ে রয়েছে।
‎
‎মওলানা ভাসানীর ফারাক্কা লংমার্চের স্মৃতিচারণ করে  তিনি বলেন, সেই সময় চাঁপাইনবাবগঞ্জের মাদ্রাসা মাঠে সারাদেশ থেকে মানুষের সমাগম এবং তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিজ চোখে দেখিছি। কেউ পাউরুটি, কেউ কলা নিয়ে দীর্ঘ পথ হাঁটছিলেন। সেই দৃশ্য দেখে মনে হয়েছিল, মাওলানা ভাসানী যেন হ্যামিলনের বাঁশিওয়ালার মতো সুর তুলেছেন, আর মানুষ তার পেছনে ছুটছে। লংমার্চ এর দিকে এগিয়ে যাওয়ার মধ্য দিয়ে তিনি গোটা জাতিকে জাগিয়ে তুলেছিলেন এবং ঐক্যবদ্ধ করেছিলেন।
‎
‎তিনি বলেন, মাওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকীতে তাঁকে স্মরণ করার পাশাপাশি দেশের ন্যায্য পাওনার দাবিতে সোচ্চার হতে হবে। ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক থাকবে, কিন্তু ৫৪টি অভিন্ন নদীর পানি একের পর  এক প্রত্যাহার করা হলে বাংলাদেশ চুপ থাকতে পারে না।
‎
‎তিনি বলেন, জাতীয় স্বার্থের প্রশ্নে দেশের মানুষ ঐক্যবদ্ধ। কূটনৈতিক সম্পর্ক বজায় রেখেই বাংলাদেশের পানির ন্যায্য হিস্যা, সীমান্তে হত্যা বন্ধ এবং অর্থনৈতিক ভারসাম্য প্রতিষ্ঠার দাবি জানাতে হবে। নদীর স্বাভাবিক প্রবাহ, পলি প্রবাহ ও অববাহিকার সঙ্গে নদীতীরবর্তী মানুষের জীবন-জীবিকা জড়িত। কলকাতা বন্দর সচল রাখার জন্য একতরফাভাবে পানি সরিয়ে নেওয়া গ্রহণযোগ্য হতে পারে না।
‎
‎নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত করার পরিণতি বোঝাতে রিজভী বলেন, একটি হাত শুকিয়ে যাচ্ছে বলে অন্য হাতের রক্তপ্রবাহ বন্ধ করে সেখানে রক্ত সঞ্চালন করলে পুরো শরীর সুস্থ থাকবে না। তেমনি নদীর স্বাভাবিক পানিপ্রবাহ ও পলি প্রবাহ বাধাগ্রস্ত করলে নদী বিপন্ন হবে এবং এতে উভয় দেশই ক্ষতিগ্রস্ত হতে পারে।
‎
‎রিজভী বলেন, প্রতিবেশী দেশের সঙ্গে বেশি বিরোধে না জড়িয়ে শুধু আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করার কথা বলা হয়। কিন্তু ৫৫-৫৬ বছর ধরে আলোচনা করেও কোনো ফল পাওয়া যায়নি। তাই পানির ন্যায্য হিস্যা আদায়ে বাংলাদেশের প্রতিবাদ আরও তীব্র করতে হবে।
‎
‎রিজভী বলেন, জনসংখ্যার দিক থেকে বাংলাদেশ ছোট দেশ নয়। প্রায় ১৮ কোটি মানুষের এই দেশকে তৃষ্ণার্ত রেখে এবং কৃষি উৎপাদন ব্যাহত করে একতরফাভাবে পানি প্রত্যাহার করা যায় না। প্রতিটি পানি চুক্তির সঙ্গে কোনো না কোনো প্রতারণা জড়িত রয়েছে।
‎
‎তিনি বলেন, ১৯৭৭ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়ে স্বাক্ষরিত চুক্তিতে শুষ্ক মৌসুমে বাংলাদেশের জন্য ন্যূনতম ৮০ শতাংশ পানি নিশ্চিত করার গ্যারান্টি ক্লজ ছিল। কিন্তু ১৯৯৬ সালের চুক্তিতে সেই গ্যারান্টি ক্লজ বাদ দেওয়া হয়। ওই চুক্তিকে বড় অর্জন হিসেবে তুলে ধরে পানির সমস্যার স্থায়ী সমাধান হয়েছে বলা হলেও বাস্তবে কোনো সমাধান হয়নি।
‎
‎বিএম আব্বাসের ‘গঙ্গাস ওয়াটার ডিসপিউট’ বইয়ের উল্লেখ করে রিজভী বলেন, ওই বইয়ে ১৯৭৭ সালের চুক্তিকে তুলনামূলকভাবে ভালো চুক্তি হিসেবে উল্লেখ করা হয়েছে। তখন ভারতের প্রধানমন্ত্রী মোরারজি দেশাইয়ের সরকার চুক্তিটি মোটামুটিভাবে মেনে চলেছিল। কিন্তু ১৯৯৬ সালের পর থেকে পানি বণ্টনসংক্রান্ত চুক্তিগুলো কার্যকর হয়নি। এতে পানির প্রবাহ ক্রমেই কমছে এবং ভয়াবহ পরিস্থিতি তৈরি হচ্ছে।
‎
‎পদ্মা নদীর পরিবর্তিত পরিস্থিতি তুলে ধরে রিজভী বলেন, একসময় পদ্মাকে প্রমত্তা ও কীর্তিনাশা বলা হতো। ছোটবেলায় জুলাই-আগস্টের বন্যার সময় পদ্মার স্রোত ও গর্জন শুনলে বাড়িতে বসেই গা শিউরে উঠত। অথচ এখন বর্ষা মৌসুম পার হওয়ার পরও পদ্মার ওপর দিয়ে ঠেলাগাড়ি ও ভ্যানগাড়ি চলতে দেখা যায়।
‎
‎তিনি বলেন, একসময় পানিবণ্টন নিয়ে কথা বললে, বিশেষ করে ভারতের বিরুদ্ধে কোনো বক্তব্য দিলে সংশ্লিষ্ট ব্যক্তিকে পশ্চাৎপদ ও প্রতিক্রিয়াশীল হিসেবে আখ্যায়িত করা হতো। ভারতের পক্ষে কথা বলাকে আধুনিকতার পরিচয় হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা করেছিলেন এ দেশের একশ্রেণির বুদ্ধিজীবী।
‎
‎রিজভী বলেন, যারা দিল্লির কাছে আত্মসমর্পণ করে ক্ষমতায় ছিল, তাদের সময়েও ভারত পানির ক্ষেত্রে কোনো ছাড় দেয়নি। ভারতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের কথা বলা রাজনৈতিক দলটি ক্ষমতায় থাকাকালে অনেক কিছু দেওয়ার কথা বলেছিল এবং ভারত তা মনে রাখবে বলেও জানিয়েছিল। কিন্তু এত ঘনিষ্ঠ সম্পর্কের পরও পানির বিষয়ে কোনো ছাড় পাওয়া যায়নি।

মন্তব্য (০)





image

কারিগরি প্রশিক্ষণকে টেকসই কর্মসংস্থানে রূপ দেওয়ার আহ্বান ...

১

নিউজ ডেস্ক: কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণকে অর্থবহ কর্মসংস্...

image

‎৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার

২

নিউজ ডেস্কঃ দেশের স্বাস্থ্যসেবায় জনবল সংকট দূর করতে প্রায় চা...

image

ঋণের প্রতিটি টাকার সর্বোচ্চ সুফল নিশ্চিত করাই সরকারের লক...

৩

‎নিউজ ডেস্ক: ‘আমরা কেবল কম ঋণ নেব, নাকি বেশি ঋণ নে...

image

মওলানা ভাসানী ছিলেন মুক্তিসংগ্রামের এক অবিস্মরণীয় ব্যক্তি...

৪

নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মওল...

image

সংসদে এমপি তুলির প্রশ্ন, যেসব সিম বন্ধ হবে বলে জানালেন মন...

৫

নিউজ ডেস্কঃ ভুয়া সিম ব্যবহার করে ভুয়া ওয়েবসাইট পরিচালনা...

  • company_logo