• জাতীয়

চার মাস্টারমাইন্ডসহ চিহ্নিত শীর্ষ ২৩ নেতা, কারা তারা

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ দেশজুড়ে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার মাস্টারমাইন্ডসহ শীর্ষ ও মধ্যম সারির ২৩ নেতাকে চিহ্নিত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তৈরি তালিকায় সাবেক মন্ত্রী, সংসদ সদস্য, মেয়র, দলীয় নেতা এবং সহযোগী সংগঠনের নেতাদের নাম রয়েছে। তাদের গ্রেফতারে চলমান অভিযান আরও জোরদার করার কথা জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

গোয়েন্দা সূত্রের বরাতে জানা গেছে, নাশকতার পরিকল্পনা, অর্থায়ন, বিস্ফোরক সরবরাহ ও মাঠপর্যায়ে কর্মকাণ্ড পরিচালনায় আলাদা কয়েকটি স্তরে কাজ করছে একটি চক্র। দেশের ছয়টি সীমান্ত রুট ব্যবহার করে কয়লার চালানের সঙ্গে অবৈধ বিস্ফোরক ও অস্ত্র দেশে আনা হচ্ছে বলে গোয়েন্দা প্রতিবেদনে দাবি করা হয়েছে। এসব কর্মকাণ্ডে অর্থের জোগান দিচ্ছেন কিছু পোশাক কারখানার মালিক ও প্রভাবশালী ব্যবসায়ী।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী রোববার যুগান্তরকে বলেন, এসব ঘটনার সঙ্গে জড়িত কেউই পার পাবে না। ইতোমধ্যে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারে চলমান অভিযান আরও কঠোর করা হবে।

গোয়েন্দা সূত্রের দাবি, নাশকতামূলক কর্মকাণ্ডের মূল পরিকল্পনাকারী হিসেবে চিহ্নিত চারজন হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমান, গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম এবং আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক।

শীর্ষ পর্যায়ে নেতৃত্ব দেওয়ার অভিযোগে আরও ১১ জনের নাম তালিকায় রয়েছে। তারা হলেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মো. মহিউদ্দিন, সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট রণজিত সরকার, হাবিবুর রহমান হাবিব, নজরুল ইসলাম বাবু, মাইনুল হোসেন খান নিখিল ও মির্জা আজম। এ ছাড়া নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান এবং যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুকের নামও রয়েছে।

মধ্যম পর্যায়ের নেতৃত্বদানকারী হিসেবে গোয়েন্দা তালিকায় আছেন আটজন। তারা হলেন লিটন চৌধুরী, ইকবাল হোসেন অপু, এমইএস কলেজ ছাত্রলীগের সাবেক নেতা গাজী জাফর উল্লাহ, চট্টগ্রাম-১০ আসনের সাবেক সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চু, ফেনীর সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সাবেক সদস্য শেখ নওশাদ সরোয়ার পিন্টু, তিতুমীর কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক জাহিদ এবং মাগুরার শ্রীপুর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জোয়ারদার স্বর্ণালী।

গোয়েন্দা প্রতিবেদনে অঞ্চলভিত্তিক কয়েকজন প্রভাবশালী ব্যক্তির নাম অর্থদাতা ও সমন্বয়কারী হিসেবে উল্লেখ করা হয়েছে। ঢাকা মহানগর এলাকায় সাবেক যুবলীগ নেতা ইসমাইল চৌধুরী সম্রাট, হাজী সেলিম, জাহাঙ্গীর কবির নানক ও জাহাঙ্গীর আলমের নাম রয়েছে। নারায়ণগঞ্জ অঞ্চলে সাবেক সংসদ সদস্য শামীম ওসমান ও রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহসভাপতি মো. ইমন মিয়া এবং চট্টগ্রাম অঞ্চলে সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক কাউন্সিলর শৈবাল দাস সুমন ও ফেনী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমের নাম উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনের দাবি, দেশের বাইরে থেকে কয়লার গাড়িতে করে বিস্ফোরক তৈরির উপাদান আনা হচ্ছে। বুড়িমারী ও নাকুগাঁও স্থলবন্দর ছাড়াও সিলেটের জাফলং, মৌলভীবাজারের শমশেরনগর এবং ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও আখাউড়া সীমান্তবর্তী অঞ্চল ব্যবহার করা হচ্ছে। এসব উপাদান দিয়ে শরীয়তপুরের নড়িয়া, জামালপুরের মাদারগঞ্জ ও বগুড়ার সারিয়াকান্দির চরাঞ্চলসহ দুর্গম এলাকায় ককটেল তৈরি করা হচ্ছে বলে গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে জানানো হয়েছে।

তৈরি করা ককটেল রাজধানীর রূপনগর, কালশী, মোহাম্মদপুর বেড়িবাঁধ, বোটানিক্যাল গার্ডেন ও গুলিস্তান এলাকায় জড়ো করে দেশের বিভিন্ন স্থানে পাঠানো হচ্ছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। এসব স্থান থেকে কয়েকজন পোশাক কারখানার মালিক নাশকতার জন্য অর্থ বিতরণ করছেন বলেও গোয়েন্দা নথিতে উল্লেখ রয়েছে।

গোয়েন্দা বা দাপ্তরিক পরিসংখ্যান অনুযায়ী, গত ১ অক্টোবর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর বিভিন্ন তৎপরতা উল্লেখযোগ্য হারে বেড়েছে। অক্টোবরে মোট ৫৭টি কর্মকাণ্ডের তথ্য পাওয়া গেলেও নভেম্বরের প্রথম ১৪ দিনেই এ সংখ্যা দাঁড়িয়েছে ২৮১টিতে।

অক্টোবরে ২২টি ঝটিকা মিছিলের ঘটনা ঘটলেও নভেম্বরের প্রথম দুই সপ্তাহে তা বেড়ে ৪০টিতে পৌঁছেছে। একই সময়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ৪টি থেকে বেড়ে ১০টিতে দাঁড়িয়েছে। নভেম্বরের প্রথম ১৪ দিনে অগ্নিসংযোগের একটি, কুশপুত্তলিকা দাহের পাঁচটি এবং আতশবাজি ফোটানোর ৪৯টি ঘটনা নথিভুক্ত হয়েছে।

এ ছাড়া অক্টোবরে দুটি মশাল মিছিল ও চারটি বিক্ষোভ মিছিলের তথ্য পাওয়া যায়। নভেম্বরের প্রথম দুই সপ্তাহে মশাল মিছিল হয়েছে ১০টি এবং বিক্ষোভ মিছিল ১৫টি। ঝটিকা ও বিক্ষোভ মিছিল, জন্মদিন উদযাপন কিংবা কেক কাটার ভিডিও অনলাইনে প্রচারের ঘটনাও বেড়েছে। অক্টোবরে এ ধরনের সাতটি ঘটনা থাকলেও নভেম্বরে তা বেড়ে ৩১টিতে দাঁড়িয়েছে।

গোয়েন্দা সূত্রের দাবি, গোপন বৈঠক, পোস্টারিং, দোয়া মাহফিল, কেক কাটা এবং যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের মতো কর্মসূচিও পালন করা হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়াতে এসব কর্মকাণ্ডের বেশির ভাগই রাতের আঁধারে বা ছোট পরিসরে পরিচালিত হচ্ছে।

রাজধানীর মালিবাগ, মিরপুর ও আদালত প্রাঙ্গণসহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার ঘটনায় একটি সংঘবদ্ধ চক্রের সম্পৃক্ততার তথ্য পাওয়ার কথা জানিয়েছে গোয়েন্দা সূত্র। সিসিটিভি ফুটেজ ও আটক ব্যক্তিদের জবানবন্দির বরাতে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে।

গত ৫ থেকে ১১ নভেম্বর আদাবর, শাহবাগ, মিরপুর, মালিবাগ ও যাত্রাবাড়ীসহ বিভিন্ন এলাকায় নাশকতার ঘটনা ঘটে। ৮ নভেম্বর রাতে মালিবাগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের কার্যালয় এবং মিরপুরের রূপনগর থানার সামনে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। মিরপুরের ঘটনায় পুলিশ আশরাফুল ও রিকশাচালক হৃদয় শেখকে আটক করে।

আদালতে হৃদয়ের দেওয়া জবানবন্দি অনুযায়ী, সাবেক যুবলীগ নেতা জাহাঙ্গীরের কাছ থেকে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী শিপন ও ইব্রাহিমের মাধ্যমে ককটেল সংগ্রহ করা হয়েছিল। এ ছাড়া ৯ নভেম্বর ঢাকার সিএমএম আদালত প্রাঙ্গণে বিস্ফোরণের ঘটনায় ফয়সাল ও সুকুমারকে আটক করা হয়। ওই ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগের মাইদুল ও রাসেলের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি।

অনুসন্ধানে কড়াইল ও চলন্তিকাসহ বিভিন্ন বস্তির লোকজনকে মাত্র ৫০০ টাকার বিনিময়ে নাশকতামূলক কাজে ব্যবহার করার তথ্য পাওয়া গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারের উপকমিশনার আকতার হোসেন যুগান্তরকে বলেন, কয়েকটি ঘটনায় হাতেনাতে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক তদন্তে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল ও এর অঙ্গসংগঠনের সদস্যদের জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে এসব ঘটনা ঘটানোর তথ্য উঠে এসেছে। প্রতিটি ঘটনার বিস্তারিত তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য (০)





image

সংসদে এমপি তুলির প্রশ্ন, যেসব সিম বন্ধ হবে বলে জানালেন মন...

১

নিউজ ডেস্কঃ ভুয়া সিম ব্যবহার করে ভুয়া ওয়েবসাইট পরিচালনা...

image

গণতন্ত্র পুনরুদ্ধারে খালেদা জিয়ার অবদান পাঠ্যসূচিতে অন্তর...

২

নিউজ ডেস্কঃ দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন-সংগ্রাম...

image

গোপালগঞ্জের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যা জানালেন ...

৩

নিউজ ডেস্কঃ গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ...

image

নবম শ্রেণি থেকে ভোকেশনাল শিক্ষা বাধ্যতামূলক: প্রধানমন্ত্রী

৪

‎নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমরা স্কু...

image

‎শিক্ষার্থীদের যোগ্য ও মানবিক নাগরিক হওয়ার আহ্বান প্রধানম...

৫

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের পড়াশোনার...

  • company_logo