• লিড নিউজ
  • জাতীয়

অস্ট্রিয়া, গায়ানা ও ফিজিতে বাংলাদেশি দক্ষ জনশক্তি নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিয়োগের জন্যে অস্ট্রিয়া, গায়ানা ও ফিজির প্রতি আহ্বান জানিয়েছেন ।
‎
‎একইসঙ্গে তিনি বাণিজ্য ও বিনিয়োগে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারেরও আহ্বান জানান।
‎
‎আজ সকালে বাংলাদেশে নবনিযুক্ত অস্ট্রিয়ার অনাবাসিক রাষ্ট্রদূত এবং ফিজি ও গায়ানার অনাবাসিক হাইকমিশনারগণ রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশকালে তিনি এ আহ্বান জানিয়েছেন। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম বাসসকে এ তথ্য জানান।

‎রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশে বিপুলসংখ্যক তরুণ, দক্ষ ও আধা-দক্ষ জনশক্তি রয়েছে। যাঁরা বিশ্বের বিভিন্ন দেশে স্বাস্থ্যসেবা, কৃষি, শিক্ষা, অবকাঠামো উন্নয়ন, উৎপাদন ও সেবা খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম।
‎
‎তিনি এ সময় অস্ট্রিয়া ও গায়ানায় চিকিৎসক, নার্স ও মেডিকেল টেকনোলজিস্ট এবং ফিজিতে অবকাঠামো নির্মাণ ও কৃষি খাতে বাংলাদেশ থেকে আরও বেশি দক্ষ জনশক্তি নিয়োগের আহ্বান জানিয়েছেন। এ ক্ষেত্রে স্বচ্ছ ও দক্ষতাভিত্তিক অভিবাসন ব্যবস্থা এবং প্রয়োজনীয় দ্বিপক্ষীয় সমঝোতার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
‎
‎আজ সকালে প্রথমে রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করেন অস্ট্রিয়ার নবনিযুক্ত অনাবাসিক রাষ্ট্রদূত ড. রবার্ট জিস্ক । পরে গায়ানার হাইকমিশনার ধারামকুমার সীরাজ এবং সবশেষে ফিজির হাইকমিশনার জগন্নাথ সামি তাঁর কাছে পরিচয়পত্র পেশ করেন।
‎
‎এর আগে সকালে হাইকমিশনার ও রাষ্ট্রদূতগণ বঙ্গভবনে পৌঁছালে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি সুসজ্জিত দল তাঁদের গার্ড অব অনার প্রদান করে। পরিচয়পত্র পেশের আনুষ্ঠানিকতা শেষে রাষ্ট্রপতি তাঁদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
‎
‎অস্ট্রিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎকালে রাষ্ট্রপতি দেশটির প্রেসিডেন্ট ড. আলেকজান্ডার ভ্যান ডার ব্যালেনের প্রতি তাঁর শুভেচ্ছা ও শুভকামনা জানান।
‎
‎মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের ক্রমবর্ধমান বাজার ও বিনিয়োগ সম্ভাবনা কাজে লাগাতে অস্ট্রিয়ার ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের বাংলাদেশ সফর এবং সরাসরি বাণিজ্যিক যোগাযোগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে নবায়নযোগ্য ও সবুজ জ্বালানি ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোরও আহ্বান জানান তিনি।
‎
‎এ সময় রাষ্ট্রদূত বিনিয়োগের পাশাপাশি বাংলাদেশকে স্বল্প সুদে সহজ শর্তে ঋণ প্রদানে তাঁর দেশের আগ্রহের কথা তুলে ধরেন। রাষ্ট্রপতি বিষয়টি অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার জন্য পররাষ্ট্র সচিবকে নির্দেশনা দেন।
‎
‎গায়ানার হাইকমিশনারের সঙ্গে সাক্ষাৎকালে রাষ্ট্রপতি সাম্প্রতিক নির্বাচনে গায়ানার প্রেসিডেন্ট ড. মোহাম্মেদ ইরফান আলী পুনর্নির্বাচিত হওয়ায় তাঁকে অভিনন্দন ও বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।
‎
‎তিনি গায়ানার বিনিয়োগকারীদের এদেশে বিনিয়োগের আহ্বান জানান। একই সঙ্গে গায়ানায় বাংলাদেশের ওষুধ রপ্তানি সম্প্রসারণে প্রয়োজনীয় নিবন্ধন প্রক্রিয়া সহজ করার অনুরোধ করেন।
‎
‎ফিজির হাইকমিশনারের সঙ্গে সাক্ষাৎকালে রাষ্ট্রপতি দুই দেশের মধ্যে কৃষি, বাণিজ্য, পর্যটন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, সুনীল অর্থনীতি ও জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
‎
‎একই সঙ্গে রাষ্ট্রপতি সামুদ্রিক সম্পদ ব্যবস্থাপনা এবং সমুদ্র ও নৌবিষয়ক প্রতিষ্ঠানগুলোর দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিতে যৌথ উদ্যোগ গ্রহণের আহ্বান জানান ।
‎
‎সাক্ষাৎকালে হাইকমিশনার ও রাষ্ট্রদূতগণ বাংলাদেশের সঙ্গে নিজ নিজ দেশের সম্পর্ক উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত এবং দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন।
‎
‎রাষ্ট্রপতি নবনিযুক্ত রাষ্ট্রদূত ও হাইকমিশনারদের নতুন দায়িত্ব পালনে সাফল্য কামনা করেন এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
‎
‎তিনি আশা প্রকাশ করেন, তাঁদের দায়িত্ব পালনকালে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ ও পারস্পরিক সহযোগিতা আরও সম্প্রসারিত হবে।
‎
‎এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব, প্রেস সচিব ও পররাষ্ট্র সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

সংসদে এমপি তুলির প্রশ্ন, যেসব সিম বন্ধ হবে বলে জানালেন মন...

১

নিউজ ডেস্কঃ ভুয়া সিম ব্যবহার করে ভুয়া ওয়েবসাইট পরিচালনা...

image

চার মাস্টারমাইন্ডসহ চিহ্নিত শীর্ষ ২৩ নেতা, কারা তারা

২

নিউজ ডেস্কঃ দেশজুড়ে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভ...

image

গণতন্ত্র পুনরুদ্ধারে খালেদা জিয়ার অবদান পাঠ্যসূচিতে অন্তর...

৩

নিউজ ডেস্কঃ দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন-সংগ্রাম...

image

গোপালগঞ্জের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যা জানালেন ...

৪

নিউজ ডেস্কঃ গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ...

image

নবম শ্রেণি থেকে ভোকেশনাল শিক্ষা বাধ্যতামূলক: প্রধানমন্ত্রী

৫

‎নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমরা স্কু...

  • company_logo