ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ বিশ্ব রাজনীতির তিনটি শীর্ষ পরাশক্তি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এক ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠকে বসছেন। সোমবার (১৬ নভেম্বর) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই শীর্ষ বৈঠকের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আগামী ১৯ নভেম্বর চীনের দক্ষিণাঞ্চলীয় শহর শেনজেনে এই বৈঠক অনুষ্ঠিত হবে।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়েছে, চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংক্ষিপ্ত বিবৃতিতে বলেছে, আগামী ১৯ নভেম্বর চীনা প্রেসিডেন্ট শি জিনপিং চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপ্রধানদের নিয়ে একটি শীর্ষ বৈঠক আয়োজন করবেন। এতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উপস্থিত থাকবেন।
গত সপ্তাহ থেকেই বিশ্বের প্রধান তিন শক্তিধর রাষ্ট্রপ্রধানের এই সম্ভাব্য বৈঠকের বিষয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচনা চলছিল, যা আজ বেইজিংয়ের ঘোষণার মধ্য দিয়ে চূড়ান্ত রূপ পেল। এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যেই পুতিন ও শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করার পরিকল্পনার কথা জানিয়েছিলেন। সপ্তাহের শুরুতে সাংবাদিকদের তিনি বলেছিলেন, আমরা পারমাণবিক নিরস্ত্রীকরণসহ আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব।
গত ১৩ নভেম্বর মার্কিন সংবাদমাধ্যম ‘নিউইয়র্ক টাইমস’-এর এক প্রতিবেদনে বলা হয়, শেনজেনের এই বৈঠকে একটি ‘উচ্চাকাঙ্ক্ষী’ পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব পাবে। পাশাপাশি উত্তর কোরিয়া ও ইরান পরিস্থিতি নিয়েও তিন নেতার মধ্যে বিশদ আলোচনা হওয়ার কথা রয়েছে।
কূটনৈতিক সূত্রগুলোর ধারণা, বিশ্বের বৃহত্তম পারমাণবিক শক্তিধর দেশগুলোর এই শীর্ষ বৈঠকে ইরান প্রসঙ্গ উঠলেও ইউক্রেন যুদ্ধ নিয়ে কোনো আলোচনার সম্ভাবনা নেই। অবশ্য বৈঠকের এজেন্ডা নিয়ে মস্কো ও বেইজিংয়ের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি।
এদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক একজন ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তা মার্কিন বার্তা সংস্থা এপি এবং ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, ১৯ নভেম্বরের এই ত্রিপক্ষীয় আলোচনার পর তাৎক্ষণিকভাবে কোনো চুক্তি স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা নেই। তবে বিশ্বশান্তি ও পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণের ক্ষেত্রে তিন নেতার এই সরাসরি বৈঠককে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।
নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্রের ম...
আন্তর্জাতিক ডেস্ক : মধ্যপ্রাচ্যের যুদ্ধ স্থায়ীভাবে শেষ না হওয়া এবং যুক্...
আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শখের তালিকায় গলফ অন...
ভারতের ইতিহাসে বৃহত্তম ভোটার তালিকা সংশোধন কার্যক্রমে দেশজুড়ে প্রায় ১৩ কোটি মানুষের নাম বাদ ...
আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনে ইরানপন্থি হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইয়ে ব...

মন্তব্য (০)