• আন্তর্জাতিক

পাকিস্তানের নগ্ন ছবির ফাঁদে যুদ্ধপরিকল্পনা ফাঁস করলেন ভারতীয় কর্মকর্তা

  • আন্তর্জাতিক

প্রতীকী ছবি

আন্তর্জাতিক ডেস্ক : নগ্ন ছবি পাঠিয়ে ভারতীয় বিমানবাহিনীর এক কর্মকর্তার কাছ থেকে গোপন সামরিক তথ্য হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে পাকিস্তানি গোয়েন্দা সংস্থার সঙ্গে সংশ্লিষ্ট এক ব্যক্তির বিরুদ্ধে। ওই ব্যক্তির পাঠানো নগ্ন ছবির বিনিময়ে ভারতের গোপন যুদ্ধপরিকল্পনার পৃষ্ঠা সরবরাহ করেছিলেন বিমানবাহিনীর এক উইং কমান্ডার। এমনকি, প্রতিটি নগ্ন ছবির বিপরীতে যুদ্ধপরিকল্পনার একটি করে পৃষ্ঠা দেওয়ার প্রস্তাবও দিয়েছিলেন তিনি। দিল্লি পুলিশের অভিযোগপত্রে এসব তথ্য উঠে এসেছে।

পুলিশের দাবি, ওই কর্মকর্তা শুধু যুদ্ধপরিকল্পনাই নয়, ভারতীয় বিমানবাহিনীর ড্রোন ইউনিটের সক্ষমতা, যুদ্ধবিমান মোতায়েন, সামরিক মহড়া ও গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনার অবস্থানসংক্রান্ত সংবেদনশীল তথ্যও পাকিস্তানি ওই ব্যক্তির কাছে পাঠিয়েছেন। এসব তথ্য ফাঁস ভারতের সামরিক প্রস্তুতি ও জাতীয় নিরাপত্তার জন্য গুরুতর হুমকি তৈরি করতে পারে বলে অভিযোগপত্রে উল্লেখ করেছে পুলিশ।

অফিশিয়াল সিক্রেটস অ্যাক্ট বা সরকারি গোপনীয়তা আইনে দায়ের করা মামলায় ওই কর্মকর্তা পাঁচ মাস ধরে কারাগারে রয়েছেন। পুলিশের ভাষ্য অনুযায়ী, ২০২৬ সালের ১২ জানুয়ারি থেকে ১ এপ্রিল পর্যন্ত হোয়াটসঅ্যাপে পাকিস্তানি ওই ব্যক্তির সঙ্গে যোগাযোগ ছিল তার। এ সময়ই তিনি গোপন সামরিক তথ্য সরবরাহ করেন।

গত ১ এপ্রিল নিজের কার্যালয়ে স্মার্টফোন নিয়ে প্রবেশের সময় তাকে আটক ও তল্লাশি করা হয়।

যেসব সামরিক তথ্য ফাঁসের অভিযোগ

দিল্লি পুলিশের অভিযোগপত্রে বলা হয়েছে, ওই কর্মকর্তা ভারতীয় বিমানবাহিনীর একটি গোপন ড্রোন ইউনিট সম্পর্কে বিস্তারিত তথ্য দিয়েছেন। এর মধ্যে ছিল ইউনিটটির সদস্যসংখ্যা, সাংগঠনিক কাঠামো ও পরিচালনাপদ্ধতি। ড্রোনের পরীক্ষামূলক উড্ডয়ন, কার্যক্ষমতা, একটানা কতক্ষণ আকাশে থাকতে পারে এবং অস্ত্র লক্ষ্যবস্তুতে নিক্ষেপের প্রযুক্তি সম্পর্কেও তথ্য সরবরাহ করেছিলেন তিনি।

যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে ওই ড্রোন ইউনিট কোথায় মোতায়েন করা হতে পারে, সে সম্পর্কেও তথ্য দিয়েছেন বলে অভিযোগ পুলিশের। এসব তথ্য শত্রুপক্ষের হাতে গেলে ভারতের সেনাবাহিনী ও বিমানবাহিনীর প্রস্তুতি এবং যুদ্ধকৌশল সম্পর্কে ধারণা পাওয়া সম্ভব বলে মনে করছে পুলিশ।

এছাড়া লেহতে যুদ্ধবিমান মোতায়েনের তথ্যও পাকিস্তানি ওই ব্যক্তিকে দিয়েছিলেন অভিযুক্ত কর্মকর্তা। রাজস্থানের সুরতগড়ের মহাজন ফিল্ড ফায়ারিং রেঞ্জে অনুষ্ঠিত একটি সামরিক মহড়ার তথ্যও ফাঁস করা হয়েছে বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।

যুদ্ধের সময় সেনা মোতায়েনের পরিকল্পনা ও স্পর্শকাতর সামরিক স্থাপনাগুলোর অবস্থানও তিনি প্রকাশ করেছিলেন বলে দাবি পুলিশের। এসব তথ্য ফাঁস হলে সামরিক স্থাপনা ও অভিযান নিরাপত্তাঝুঁকিতে পড়তে পারে।

অধীনস্থ পাঁচ কর্মকর্তার ফোনেও স্পাইওয়্যার বসানোর অভিযোগ

পুলিশের অভিযোগপত্রে আরও গুরুতর একটি তথ্য উঠে এসেছে। পাকিস্তানি ওই ব্যক্তি অভিযুক্ত কর্মকর্তাকে বিভিন্ন অ্যাপ ও লিংক পাঠিয়েছিলেন, যেগুলোর মধ্যে ম্যালওয়্যার বা স্পাইওয়্যার ছিল বলে দাবি পুলিশের। এসবের মাধ্যমে মোবাইল ফোন ও অন্যান্য ইলেকট্রনিক যন্ত্রে সংরক্ষিত গোপন তথ্য হাতিয়ে নেওয়া সম্ভব ছিল।

পুলিশের অভিযোগ, অভিযুক্ত কর্মকর্তা তার অধীনস্থ পাঁচ সেনা কর্মকর্তার ইলেকট্রনিক যন্ত্রেও নির্দিষ্ট কিছু ম্যালওয়্যার ও স্পাইওয়্যার ইনস্টল করতে সহায়তা করেছিলেন। এসব কর্মকর্তার ডিভাইসে থাকা সংবেদনশীল তথ্য ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে তাদের যোগাযোগে আড়ি পাতার উদ্দেশ্যেই এমনটি করা হয়েছিল বলে সন্দেহ করছে পুলিশ।

অর্থাৎ, পুলিশের অভিযোগ অনুযায়ী, ওই কর্মকর্তা নিজে তথ্য ফাঁস করার পাশাপাশি অধীনস্থ কর্মকর্তাদের ডিভাইস ব্যবহার করেও সামরিক তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন।

হোয়াটসঅ্যাপে হাজারো বার্তা আদান-প্রদান

দিল্লি পুলিশ অভিযোগপত্রের সঙ্গে অভিযুক্ত কর্মকর্তা ও পাকিস্তানি ওই ব্যক্তির মধ্যে যোগাযোগের ডিজিটাল তথ্যপ্রমাণও জমা দিয়েছে। পুলিশের ভাষ্য অনুযায়ী, অভিযুক্তের হোয়াটসঅ্যাপের তথ্য পরীক্ষা করে তাদের মধ্যে ৩ হাজার ৮টি টেক্সট বার্তা, ৬৫টি ছবি, ৬৫টি রিঅ্যাকশন, ৪২টি ভয়েস কল, চারটি ভিডিও কল ও ছয়টি ইউআরএল আদান-প্রদানের প্রমাণ পাওয়া গেছে।

এসব ডিজিটাল তথ্যপ্রমাণের ভিত্তিতে অভিযুক্ত কর্মকর্তা ঠিক কতটা সংবেদনশীল সামরিক তথ্য সরবরাহ করেছেন, তা খতিয়ে দেখছে পুলিশ। এই কর্মকাণ্ডের পেছনে অন্য কেউ জড়িত ছিল কি না, সেটিও তদন্ত করা হচ্ছে।

তবে অভিযোগপত্রে উত্থাপিত এসব অভিযোগ এখনো আদালতে প্রমাণিত হয়নি। পুলিশি তদন্ত ও অভিযোগের ভিত্তিতেই বিষয়গুলো সামনে এসেছে।

মন্তব্য (০)





image

ফিলিস্তিনিদের ‘পক্ষ নিয়ে’ নেতানিয়াহুর একহাত নিলেন আইজেনকট

১

আন্তর্জাতিক ডেস্ক : ইস'রায়েলের বিদায়ী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেত...

image

আগুনে পুড়ল রকটের বুস্টার, ‘ডাবল ক্যাচ’ পরীক্ষায় ধাক্কা স্...

২

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের সবচেয়ে শক্তিশালী রকেট স্টারশিপের দুটি অংশই যান্ত্...

image

পারমাণবিক উত্তেজনা, বৈঠকে বসছেন ট্রাম্প-পুতিন-শি

৩

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের তিন পরাশক্তির শীর্ষ নেতাকে নিয়ে নজিরবিহীন ত্রিপক্...

image

সামরিক বিমানে হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে যা বলল ভারত

৪

নিউজ ডেস্ক : মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিন...

image

ভিসা বাতিল হওয়ায় কংগ্রেসের সম্মেলনে যোগ দিতে পারেননি ১১৫ ...

৫

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের বিরোধী দল কংগ্রেসের আয়োজিত গণতন্ত্রবিষয়ক আন্তর্জাত...

  • company_logo