• অপরাধ ও দুর্নীতি

ফরিদপুরে কাশবনে তরুণীকে দলবদ্ধ ধর্ষণ: ৮ জনের আমৃত্যু কারাদণ্ড

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সদর উপজেলায় কাশবনে আটকে রেখে এক তরুণীকে দলবদ্ধ ধর্ষণ এবং সেই দৃশ্য মোবাইল ফোনে ভিডিও ধারণের চাঞ্চল্যকর মামলায় ৮ আসামিকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। 

সোমবার (৯ নভেম্বর) দুপুরে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও জজ) শামীমা পারভীন এই ঐতিহাসিক রায় ঘোষণা করেন।

আদালত সূত্রে জানা যায়, দোষী সাব্যস্ত প্রত্যেক আসামিকে আমৃত্যু কারাদণ্ডের পাশাপাশি ২ লাখ টাকা করে অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। রায় শেষে কঠোর পুলিশ পাহারায় তাদেরকে জেলা কারাগারে পাঠানো হয়।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—মো. শাহীন শেখ (২৭), জয় শেখ (৩০), রহিম মোল্লা (২৯), মনির শেখ (৩১), হৃদয় খা (২৬), ইলিয়াস শিকদার (৩৩), মোস্তাক শেখ (৩২) এবং রিয়াজ শিকদার। তারা সবাই ফরিদপুর কোতোয়ালি থানা এলাকার বাসিন্দা।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১৯ সালের ২৫ ডিসেম্বর দুপুরে ফরিদপুর সদর উপজেলার ধলার মোড় সংলগ্ন পালডাঙ্গী চরের একটি কাশবনে এক তরুণীকে জোরপূর্বক আটকে রাখেন আসামিরা। সেখানে তাকে দলবদ্ধভাবে ধর্ষণের পর ঘটনার ২৩ সেকেন্ডের একটি ভিডিও মোবাইল ফোনে ধারণ করা হয়। ঘটনার পরপরই আসামিরা এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান।

পরবর্তীতে ঘটনার একটি ভিডিও ক্লিপ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের হাতে পৌঁছালে তৎপরতা শুরু হয়। ২০২০ সালের ৬ আগস্ট বিশেষ অভিযান চালিয়ে মূল আসামি শাহীন শেখকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় ডিবির উপপরিদর্শক (এসআই) ফরহাদ হোসেন বাদী হয়ে ফরিদপুর কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন। পরবর্তীতে শাহীনের দেওয়া স্বীকারোক্তি ও তথ্যের ভিত্তিতে বাকি আসামিদের শনাক্ত করে পুলিশ চার্জশিট দাখিল করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও সাক্ষ্যপ্রমাণ পর্যালোচনা শেষে আদালত আজ এই রায় প্রদান করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট গোলাম রব্বানী ভুঁইয়া রতন রায়ের সত্যতা নিশ্চিত করে জানান, এই রায়ের মাধ্যমে ভুক্তভোগী পরিবার ন্যায়বিচার পেয়েছে। সমাজে এ ধরনের অপরাধ দমনে এই রায় একটি শক্তিশালী দৃষ্টান্ত হয়ে থাকবে।

 

মন্তব্য (০)





  • company_logo