• লিড নিউজ
  • অর্থনীতি

‎অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে দক্ষিণ কোরিয়ায় অর্থমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দল

  • Lead News
  • অর্থনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার ও অর্থনৈতিক অংশীদারত্ব সম্প্রসারণের লক্ষ্যে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে বাংলাদেশি প্রতিনিধি দল বর্তমানে দক্ষিণ কোরিয়া সফরে রয়েছে।
‎
‎সফরে অর্থনৈতিক উন্নয়ন, দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ এবং বিনিয়োগের নতুন সুযোগ সৃষ্টির বিষয়গুলো গুরুত্ব পাবে। বিশেষ করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি), কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ইলেকট্রনিকস, সেমিকন্ডাক্টর, আধুনিক উৎপাদন শিল্প, জাহাজ নির্মাণ ও হালকা প্রকৌশল খাতে সহযোগিতার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
‎
‎এ ছাড়া বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে সহযোগিতা আরও গভীর করতে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হওয়ার কথা রয়েছে।
‎
‎প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন- প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও পুঁজিবাজার বিষয়ক বিশেষ সহকারী তানভীর শাহরিয়ার গনি এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী।
‎
‎সফরকালে প্রতিনিধি দলটি দক্ষিণ কোরিয়া সরকারের জ্যেষ্ঠ মন্ত্রী ও কর্মকর্তাদের সঙ্গে ধারাবাহিক দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবে। এসব বৈঠকে অর্থনৈতিক সহযোগিতা, বাণিজ্য, বিনিয়োগ এবং প্রযুক্তিগত অংশীদারত্বের নতুন ক্ষেত্র অনুসন্ধান করা হবে।
‎
‎ইআরডি কর্মকর্তারা জানান, সফরে স্যামসাং, হানওয়া ওশান, নাভার, ইয়ংওয়ান, ফিউরিওসাএআই এবং এলজি এআই রিসার্চের প্রতিনিধিদের সঙ্গে বেশ কয়েকটি বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া এসকে গ্যাস ও নাভারের সঙ্গে পৃথক দ্বিপক্ষীয় বৈঠকের পরিকল্পনা রয়েছে। কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি এবং কোরিয়া এক্সিম ব্যাংকের সঙ্গেও আলোচনা হওয়ার কথা রয়েছে।
‎
‎বিনিয়োগের সুযোগ ও প্রযুক্তিগত সহযোগিতা নিয়ে আলোচনায় ইন্টিগ্রেটেড গ্রোথ নেটওয়ার্ক ডেভেলপমেন্ট (আইজিএনডি) উদ্যোগ বিশেষ গুরুত্ব পাবে।
‎
‎এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সহায়তায় ইআরডি পরিচালিত আইজিএনডি উদ্যোগের লক্ষ্য হলো পরিবহন, জ্বালানি, নগর সেবা, দক্ষতা উন্নয়ন এবং ডিজিটাল অবকাঠামোতে সমন্বিত বিনিয়োগের মাধ্যমে উৎপাদন কেন্দ্র, শিল্পাঞ্চল, শহর ও বাণিজ্যিক প্রবেশদ্বারগুলোর মধ্যে সংযোগ স্থাপন করা।
‎
‎সরকারের পাঁচ বছর মেয়াদি কৌশলগত সংস্কার ও উন্নয়ন কাঠামোয় দেশের উত্তর-পশ্চিমাঞ্চল, ঢাকা ও দক্ষিণ-পূর্বাঞ্চলের মধ্যে সংযোগ স্থাপনের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি রাজধানীর বাইরেও অর্থনৈতিক সুযোগ সম্প্রসারণে নতুন প্রবৃদ্ধি কেন্দ্র গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
‎
‎এ উদ্যোগ বাস্তবায়নে ২০৪৫-৪৬ অর্থবছর পর্যন্ত কয়েকটি ধাপে সরকারি অর্থায়ন, বেসরকারি বিনিয়োগ, সরকারি-বেসরকারি অংশীদারিত্ব (পিপিপি) এবং উন্নয়ন সহযোগীদের সহায়তায় আনুমানিক ৮০ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের চাহিদা নির্ধারন করা হয়েছে।
‎
‎এদিকে, দ্বিপক্ষীয় পিপিপি প্ল্যাটফর্মের আওতায় বাংলাদেশের অবকাঠামো খাতের বেশ কিছু প্রকল্প চিহ্নিত করা হয়েছে, যা কোরিয়ার বেসরকারি বিনিয়োগ আকর্ষণের প্রচেষ্টায় সহায়ক হতে পারে।
‎
‎২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) কোরিয়ার অর্থায়নের সম্ভাবনা রয়েছে এমন বরাদ্দবিহীন ১৭টি অননুমোদিত সরকারি প্রকল্পও অন্তর্ভুক্ত রয়েছে। এর মধ্যে কয়েকটি প্রকল্পে এডিবির সহ-অর্থায়নের বিষয়ও রয়েছে।
‎
‎প্রকল্পগুলো পরিবহন, পয়ঃনিষ্কাশন, গবেষণা, স্বাস্থ্য ও দক্ষতা উন্নয়ন খাতসংশ্লিষ্ট।
‎
‎এসব সহায়তার মাধ্যমে প্রকল্প পরিকল্পনা, প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরি এবং অর্থায়নের প্রস্তুতিমূলক কার্যক্রমে সহযোগিতা পাওয়া যাবে। এসব উদ্যোগের বাস্তবায়নকারী সংস্থা হিসেবে দায়িত্ব পালন করবে ইআরডি।

মন্তব্য (০)





  • company_logo