• আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে রেকর্ড ভাঙা তাপমাত্রা, বিজ্ঞানীদের সতর্কতা

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ইতিহাসে ২০২৬ সালের জুলাই শুধু সবচেয়ে উষ্ণ জুলাই নয়, বরং এখন পর্যন্ত রেকর্ডে থাকা সবচেয়ে উষ্ণ মাস হিসেবেও জায়গা করে নিয়েছে।

‎যুক্তরাষ্ট্রের জাতীয় মহাসাগর ও বায়ুমণ্ডল প্রশাসনের তথ্য অনুযায়ী, আলাস্কা ও হাওয়াই বাদ দিয়ে দেশটির মূল ৪৮টি অঙ্গরাজ্যে গত জুলাইয়ের গড় তাপমাত্রা ছিল ৭৬ দশমিক ৮৯ ডিগ্রি ফারেনহাইট।

‎১৮৯৫ সাল থেকে রাখা তাপমাত্রার রেকর্ডে এটিই সবচেয়ে উষ্ণ মাস। এর আগে সবচেয়ে বেশি তাপমাত্রার রেকর্ড ছিল ১৯৩৬ সালের জুলাইয়ে, ভয়াবহ খরা ও তাপপ্রবাহের সময়। এবার সেই রেকর্ডও ভেঙে গেছে।

‎জুলাইয়ে যুক্তরাষ্ট্রের গড় তাপমাত্রা ছিল বিংশ শতাব্দীর গড়ের তুলনায় ৩ দশমিক ৩ ডিগ্রি ফারেনহাইট বা ১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস বেশি। মাসজুড়ে দেশটির বিভিন্ন অঞ্চলে একের পর এক তীব্র তাপপ্রবাহ দেখা যায়।

‎বিশেষ করে যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চল, রকি পর্বতমালা, উত্তর-মধ্যাঞ্চল, মেক্সিকো উপসাগরীয় উপকূল এবং দক্ষিণ-পূর্বাঞ্চলে প্রচণ্ড গরম অনুভূত হয়। ওয়াইওমিং অঙ্গরাজ্যেও রেকর্ড গরমের জুলাই পার হয়েছে।

‎একই সময়ে যুক্তরাষ্ট্র ও কানাডার বিভিন্ন এলাকায় ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ে। দাবানলের ধোঁয়ায় ঢেকে যায় বিস্তীর্ণ অঞ্চল। বিজ্ঞানীরা বলছেন, জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে সৃষ্ট জলবায়ু পরিবর্তন তীব্র গরম ও দাবানলের পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলছে।

‎প্রচণ্ড গরমের প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনেও। অনেকের বিদ্যুৎ বিল বেড়েছে, ভ্রমণ পরিকল্পনা বদলাতে হয়েছে এবং বাইরের কাজকর্ম ও শরীরচর্চায় বাধা সৃষ্টি হয়েছে।

‎বিজ্ঞানীদের আশঙ্কা, বায়ুমণ্ডলে তাপ আটকে রাখা গ্যাসের নিঃসরণ কমানো না গেলে ভবিষ্যতেও বিশ্বের বিভিন্ন দেশে তাপমাত্রার নতুন নতুন রেকর্ড তৈরি হতে পারে।

মন্তব্য (০)





  • company_logo