ছবিঃ সংগৃহীত
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ও ভারতের ক্রিকেট বোর্ডের সম্পর্ক গত দুই বছর ধরেই কিছুটা নড়বড়ে। বিশেষ করে গত বছর আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার পর দুই দেশের ক্রিকেটীয় সম্পর্কের টানাপোড়েন আরও বেড়েছে। এর প্রভাব পড়েছে আইসিসির ভবিষ্যৎ সফরসূচি (এফটিপি) অনুযায়ী নির্ধারিত দ্বিপাক্ষিক সিরিজেও।
এফটিপি অনুযায়ী, গত বছরের আগস্টে বাংলাদেশ সফরে আসার কথা ছিল ভারতের। তবে নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে সেই সফর এক বছর পিছিয়ে চলতি বছরের আগস্টে নেওয়া হয়। কিন্তু সংশোধিত সময়সূচি নিয়েও এখনো অনিশ্চয়তা কাটেনি। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) পক্ষ থেকেও সফরটি নিয়ে এখন পর্যন্ত চূড়ান্ত কোনো ঘোষণা আসেনি।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, বাংলাদেশ সফরের বিষয়ে এবার শুধু বিসিসিআই সিদ্ধান্ত নিতে পারবে না। সফরের জন্য ভারত সরকারের অনুমোদন প্রয়োজন হবে। এ কারণে শিগগিরই সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে অনুমতি চাইবে বিসিসিআই।
বিসিসিআইয়ের একটি সূত্র ইন্ডিয়া টুডেকে জানিয়েছে, বিষয়টি নিয়ে কাজ চলছে এবং সফরের অনুমোদনের জন্য সরকারের কাছে আবেদন করা হবে। তবে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বোর্ড এককভাবে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অবস্থায় নেই।
সূত্রটি আরও জানিয়েছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে ইতোমধ্যে বিসিসিআইকে চিঠি দেওয়া হয়েছে। প্রস্তাবিত সিরিজ নিয়ে দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে নিয়মিত যোগাযোগও চলছে। ফলে খুব শিগগিরই এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বিসিবির প্রস্তাবিত সূচি অনুযায়ী, ২৯ আগস্ট থেকে ১৫ সেপ্টেম্বরের মধ্যে দুই দেশের সিরিজটি আয়োজনের পরিকল্পনা রয়েছে। সফরে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা।
সূচি অনুযায়ী, ২৮ আগস্ট বাংলাদেশে পৌঁছানোর কথা ভারতীয় দলের। এরপর ১, ৩ ও ৬ সেপ্টেম্বর তিনটি ওয়ানডে এবং ৯, ১২ ও ১৩ সেপ্টেম্বর তিনটি টি-টোয়েন্টি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
তবে নির্ধারিত সূচি অনুযায়ী সিরিজটি মাঠে গড়াবে কি না, তা এখনো নিশ্চিত নয়। শেষ পর্যন্ত ভারত সরকারের অনুমোদন এবং নির্দেশনার ওপরই নির্ভর করছে বাংলাদেশ সফরে ভারতীয় দলের আসা।
স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হ...
নিউজ ডেস্কঃ এশিয়ান গেমসে বৈরী আবহাওয়ার কারণে পরিত্যক্ত ...
স্পোর্টস ডেস্ক : সিঙ্গাপুরের বিপক্ষে ১-০ গোলে পরাজয়ের পর বাংলাদেশ দলের প...
স্পোর্টস ডেস্ক : ‘কিং/কুইন স্লেয়ার’ এই নামটা আনু...
স্পোর্টস ডেস্ক : ফিফা আসিয়ান কাপের গ্রুপ পর্বে নিজেদের দ্বিত...

মন্তব্য (০)