ছবিঃ সংগৃহীত
কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় ৭ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার (২২ জুলাই) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মো, মিজানুর রহমান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে সাজা পরোয়ানামূলে তাকে কারাগারে পাঠানো হয়।
দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) মোকাররম হোসাইন গণমাধ্যমকে জানান, সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত জাফর আহমদকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৮ কোটি ৫৯ লাখ ৭৩ হাজার ৩৪৮ টাকা অর্থদণ্ড দিয়েছেন।
মামলার নথি সূত্রে জানা যায়, দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে ৩ কোটি ৭৮ লাখ ৭৮ হাজার ৮১৭ টাকার সম্পদের তথ্য গোপন করার অভিযোগ প্রমাণিত হয়। এছাড়া ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ৪ কোটি ৮০ লাখ ৯৪ হাজার ৫৩১ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও ভোগদখলে রাখার অভিযোগও প্রমাণিত হওয়ায় আদালত তাকে দোষী সাব্যস্ত করেন। দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ও ২৭(১) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় মামলাটির বিচার অনুষ্ঠিত হয়। এর আগে গত ৫ মে ২০২৬ বিভাগীয় বিশেষ জজ আদালত জাফর আহমদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।
জাফর আহমদ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের টেকনাফ উপজেলা শাখার সাবেক সহ-সভাপতি ছিলেন । ২০১৪ থেকে ২০১৯ সালের মে মাস পর্যন্ত উপজেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন । এক সময় টেকনাফ পৌর বিএনপি"র সভাপতি হিসেবে দায়িত্ব পালন করলেও বিগত আওয়ামী সরকারের আমলে ক্ষমতাসীন আওয়ামী লীগে যুক্ত হয়। কক্সবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির ঘনিষ্ঠজন বা অনুসারী হিসেবে পরিচিত ছিলেন জাফর আহমদ।
বগুড়া প্রতিনিধি : বগুড়া সদর উপজেলার একটি গ্রামে মানসিক ভারসা...
নড়াইল প্রতিনিধি : নড়াইলের সদর উপজেলায় ৫ বছরের শিশু জান্নাতু...
নিউজ ডেস্কঃ সেনাবাহিনী থেকে বরখাস্ত মেজর জেনারেল জিয়াউল আহসা...
নিউজ ডেস্কঃ ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএ...
নিউজ ডেস্কঃ রিজেন্ট গ্রুপের মালিক সাহেদ করিমকে গ্রেপ্তার করে...

মন্তব্য (০)