• খেলাধুলা

বিশ্বকাপ থেকে কোন দল পাচ্ছে কত টাকা

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জিতেছে স্পেন। শিরোপা জয়ের পুরস্কার হিসেবে দলটি পাবে ৫ কোটি ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬১৫ কোটি টাকা।

‎যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা; তিন দেশ মিলিয়ে আয়োজিত ইতিহাসের সবচেয়ে বড় ফুটবল বিশ্বকাপের পর্দা নেমেছে। মাঠের লড়াইয়ের পাশাপাশি এবার অর্থ পুরস্কারেও ছিল বড় চমক। চ্যাম্পিয়ন থেকে শুরু করে অংশ নেয়া প্রতিটি দলই পেয়েছে উল্লেখযোগ্য অঙ্কের প্রাইজমানি।

‎বিশ্বকাপ শুরুর প্রায় দুই মাস আগে প্রাইজমানি ১৫ শতাংশ বাড়ানোর ঘোষণা দেয় ফিফা। ৪৮ দলের এই আসরে কোনো দল যেন আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত না হয়, সে লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেয় সংস্থাটি। সব মিলিয়ে মোট প্রাইজমানি নির্ধারণ করা হয় ৮৭ কোটি ১০ লাখ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২৩.১২ টাকা ধরে) প্রায় ১০ হাজার ৭২৪ কোটি টাকা।

‎১৬ বছর পর আবারও ফুটবল বিশ্বে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করল স্পেন। নিউ জার্সিতে অনুষ্ঠিত ২০২৬ বিশ্বকাপের ফাইনালে অতিরিক্ত সময়ের ১০৬তম মিনিটে ফেরান তোরেসের একমাত্র গোলে আর্জেন্টিনাকে ১-০ ব্যবধানে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ শিরোপা জিতেছে লা রোহা। শিরোপা জয়ের পুরস্কার হিসেবে দলটি পাবে ৫ কোটি ডলার।

‎রানার্সআপ লিওনেল মেসির আর্জেন্টিনা পাবে ৩ কোটি ৩০ লাখ ডলার, অর্থাৎ প্রায় ৪০৬ কোটি টাকা। তৃতীয় হওয়া ইংল্যান্ডের প্রাইজমানি ২ কোটি ৯০ লাখ ডলার (প্রায় ৩৫৭ কোটি টাকা)। চতুর্থ স্থানে থাকা ফ্রান্স পাবে ২ কোটি ৭০ লাখ ডলার বা প্রায় ৩৩২ কোটি টাকা।

‎কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয়া চারটি দল প্রত্যেকে পাবে ১ কোটি ৯০ লাখ ডলার (প্রায় ২৩৩ কোটি টাকা)। শেষ ষোলো থেকে বিদায় নেয়া আটটি দল পাবে ১ কোটি ৫০ লাখ ডলার (প্রায় ১৮৪ কোটি টাকা)। আর শেষ ৩২ থেকে বিদায় নেয়া ১৬টি দলের প্রত্যেকের প্রাইজমানি ১ কোটি ১০ লাখ ডলার, যা প্রায় ১৩৫ কোটি টাকা।

‎গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়া দলগুলোর জন্যও রয়েছে সান্ত্বনা পুরস্কার। এ পর্যায়ের প্রতিটি দল পাবে ৯০ লাখ ডলার, অর্থাৎ প্রায় ১১০ কোটি টাকা। এর বাইরে বিশ্বকাপ শুরুর আগেই প্রস্তুতি, থাকা-খাওয়া ও অন্যান্য খরচের জন্য অংশ নেয়া প্রতিটি দলকে অতিরিক্ত ১ কোটি ৫০ লাখ ডলার করে দিয়েছে ফিফা।

মন্তব্য (০)





  • company_logo