নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তাকে হত্যার চেষ্টা করলে ইরানের বিরুদ্ধে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালাবে যুক্তরাষ্ট্র। তিনি দাবি করেন, এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় আগেই সামরিক বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
শনিবার (১১ জুলাই) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ‘ইসলামি প্রজাতন্ত্র ইরান যদি যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট, অর্থাৎ আমাকে, হত্যা বা হত্যার চেষ্টা করে, তাহলে এক হাজার ক্ষেপণাস্ত্র ইতোমধ্যেই লক্ষ্যবস্তু তাক করে প্রস্তুত রাখা হয়েছে। এরপর আরও হাজার হাজার ক্ষেপণাস্ত্র হামলা চালানো হবে।’
তিনি আরও দাবি করেন, এ বিষয়ে আগেই নির্দেশ দেওয়া হয়েছে এবং প্রয়োজন হলে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এক বছর বা প্রয়োজন অনুযায়ী আরও দীর্ঘ সময় ধরে ইরানের বিভিন্ন স্থাপনা সম্পূর্ণ ধ্বংস করার সক্ষমতা ও প্রস্তুতি রাখে।
এর আগে ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধবিরতি কার্যত শেষ বলে মন্তব্য করলেও পরে ওয়াশিংটন জানায়, তেহরানের অনুরোধে দুই দেশের মধ্যে আলোচনা চালিয়ে যেতে উভয় পক্ষ সম্মত হয়েছে।
এদিকে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইল যুক্তরাষ্ট্রকে এমন গোয়েন্দা তথ্য দিয়েছে, যাতে দাবি করা হয়েছে ট্রাম্পকে হত্যার নতুন পরিকল্পনা করেছে ইরান।
গত জুনে পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরান একটি সমঝোতা স্মারকে সই করে। এতে ফেব্রুয়ারির শেষ দিকে শুরু হওয়া যুদ্ধের অবসান এবং দীর্ঘমেয়াদি শান্তিচুক্তির লক্ষ্যে উভয় পক্ষ সম্মত হয়। ওই সমঝোতায় সব ধরনের সংঘর্ষ বন্ধ, ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করার বিষয়ও অন্তর্ভুক্ত ছিল।
তবে চলতি সপ্তাহে হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে আবারও উত্তেজনা দেখা দেয়। যুক্তরাষ্ট্র ইরানের কয়েকটি লক্ষ্যবস্তুতে হামলা চালানোর পর ইরানও মধ্যপ্রাচ্যে মার্কিন স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন স্থাপনায় পাল্টা হামলা চালায়।
যুদ্ধবিরতি বাস্তবায়নে লেবাননে যাচ্ছে মার্কিন সামরিক প্রতিনিধিদল
ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে সংঘাত নিরসনের লক্ষ্যে স্বাক্ষরিত কাঠামোগত চুক্তি বাস্তবায়নে সহায়তা করতে যুক্তরাষ্ট্রের একটি সামরিক প্রতিনিধিদল শিগগিরই লেবানন সফরে যাচ্ছে।
ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে লেবাননের দুই জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) প্রতিনিধিদল আগামী সপ্তাহে ইতালির রোমে অনুষ্ঠিতব্য লেবানন-ইসরাইল কারিগরি বৈঠকের আগে বৈরুতে পৌঁছাবে।
আগামী ২৬ জুন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া কাঠামোগত চুক্তি অনুযায়ী ধাপে ধাপে লেবাননের ভূখণ্ড থেকে ইসরাইলি সেনা প্রত্যাহারের বিষয়টি বাস্তবায়ন নিয়েই ওই বৈঠকে আলোচনা হবে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র জানিয়েছেন, সেন্টকম উভয় দেশের সঙ্গে কারিগরি ও লজিস্টিক পর্যায়ে ঘনিষ্ঠভাবে সমন্বয় করছে। তিনি বলেন, কাঠামোগত চুক্তির বাস্তবায়ন পর্যায় শুরু হয়েছে এবং কয়েক দিনের মধ্যেই প্রথম পরীক্ষামূলক অঞ্চল কার্যকর হবে।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২ মার্চ থেকে শুরু হওয়া ইসরাইলি হামলায় দেশটিতে এখন পর্যন্ত ৪ হাজার ৩২১ জন নিহত এবং ১২ হাজার ২০৪ জন আহত হয়েছেন।
ইরান ইস্যুতে ট্রাম্পের সঙ্গে সৌদি যুবরাজের আলোচনা
শুক্রবার সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে টেলিফোনে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) তথ্য অনুযায়ী, দুই নেতা সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন।
আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান সংলাপ এবং মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতিও গুরুত্ব পায়। এছাড়া সমুদ্রপথ ও আন্তর্জাতিক নৌ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করা এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার প্রয়োজনীয়তার ওপরও উভয় পক্ষ গুরুত্বারোপ করেন।
মন্তব্য (০)